“নো হাংকি পাংকি” রাজনৈতিক ভাষা হতে পারে না: এ্যানি
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, “‘নো হাংকি পাংকি’—এটা কোনো রাজনৈতিক ভাষা হতে পারে না। জনগণ এই বক্তব্য পছন্দ করেননি।”
তিনি বলেন, “রাজনৈতিক ভাষা এমন হওয়া উচিত নয়, যা সাধারণ মানুষ উপহাস বা অবজ্ঞা করে। রাজনীতি হলো জনগণের হৃদয়ের ভাষায় কথা বলা।”
শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা শ্রমিক দলের নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের গোডাউন রোড এলাকার বশির ভিলা হলরুমে এ সভার আয়োজন করা হয়।
এ্যানি আরও বলেন, “আমরা সাধারণ মানুষের পালস বুঝি, গ্রামে গ্রামে যাচ্ছি। বিএনপি সাধারণ মানুষের দল, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের দল। আমরা আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রাজনীতি শিখেছি এবং শিখিয়েছি। কিন্তু গতকাল জামায়াতে ইসলামীর নেতার ভয়েসটি আমাদের ভালো লাগেনি, পছন্দ হয়নি।”
সভায় জেলা শ্রমিক দলের সভাপতি সাইফুল ইসলাম শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হাসান সোহেলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বাফুফের সহসভাপতি ও বিএনপি নেতা ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, বিএনপি নেতা হাফিজুর রহমান, নিজাম উদ্দিন ভূঁইয়া, জেলা যুবদলের সভাপতি আব্দুল আলীম হুমায়ুন, সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন এবং জেলা কৃষক দলের সভাপতি মাহবুব আলম মামুন প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপি জনগণের দল—যে দলের রাজনীতি জনগণের ভাষায়, জনগণের স্বার্থে। তাই রাজনীতিতে ভাষা ও আচরণে সংযম ও শ্রদ্ধাবোধ বজায় রাখা জরুরি।







