আপিলে কিশোরগঞ্জ-২ এর ইসলামী আন্দোলনের প্রার্থী আবুল বাশারের মনোনয়ন বৈধ
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) সংসদীয় আসনে চরমোনাই পীর মনোনীত ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি)-এর হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা মুফতি আবুল বাশার রেজওয়ান আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের সপ্তম দিনে আপিল শুনানি শেষে মাওলানা মুফতি আবুল বাশার রেজওয়ানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
এর আগে আয়কর সংক্রান্ত লিখিত বিবরণী যথাযথভাবে দাখিল না করায় মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় কিশোরগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা তার প্রার্থিতা বাতিল করেন।
প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করে আবুল বাশার রেজওয়ান বলেন, “নির্বাচন কমিশনে আপিল শুনানি শেষে আমি প্রার্থিতা ফিরে পেয়েছি। আলহামদুলিল্লাহ। দলের সিদ্ধান্ত অনুযায়ী এই আসনে শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করবো।”
শুনানিকালে প্রার্থীর পক্ষে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বরকত উল্লাহ লতিফ এবং দপ্তর সম্পাদক শওকত আলী হাওলাদার।
উল্লেখ্য, একই দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোট চারজন প্রার্থী আপিলের মাধ্যমে তাদের প্রার্থিতা ফিরে পান।







