আগামী সোমবার বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান, ব্যবস্থা নিতে ইসির চিঠি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের ভাষণ আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সম্প্রচারের ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন (ইসি) নির্দেশ দিয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এ বিষয়ে বিটিভির মহাপরিচালকের কাছে চিঠি পাঠিয়েছেন ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক।
চিঠিতে বলা হয়, ‘সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে অনুকূল নির্বাচনী পরিবেশ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ টেলিভিশনে প্রচারণার ক্ষেত্রে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা হলে তা নির্বাচনী পরিবেশ সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা রাখবে।’
চিঠিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ টেলিভিশনে রাজনৈতিক দলের প্রধানদের নির্বাচনী প্রচারের জন্য স্লট বরাদ্দসংক্রান্ত বিষয়ে কমিশন নির্দেশনা দিয়েছে। এক্ষেত্রে জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৬ (জনসভা, পথসভা ও সমাবেশ অনুষ্ঠান)-এর উপবিধি (গ) অনুসরণ করে লিখিত আবেদন প্রাপ্তির সময়ের ক্রমানুসারে স্লট নির্ধারণ করতে হবে।
নির্দেশনায় বলা হয়েছে, বিটিভিকে প্রতি রাজনৈতিক দলের প্রধানের জন্য পৃথক স্লট ও স্লটের মেয়াদ নির্ধারণ করতে হবে। পাশাপাশি প্রচারণা রেকর্ডিংয়ের তারিখ ও সময় সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে বিটিভিকে চূড়ান্ত করতে হবে।
এছাড়াও, যেসব রাজনৈতিক দল বিটিভিতে প্রচারণার সুযোগ চাইবে, তাদের আবেদন প্রাপ্তির সময়ের ক্রমানুসারে বক্তব্য প্রদানের সুযোগ দিতে হবে। তবে বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে এ ধরনের আবেদন পাওয়া না যাওয়ায় বিএনপির দলীয় প্রধানকে তাদের চাহিত তারিখ অনুযায়ী (৯ ফেব্রুয়ারি) শেষ স্লটে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এবারের নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল প্রার্থী দিয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের প্রচার কার্যক্রম ভোটের দিন সকাল সাড়ে ৭টা পর্যন্ত চালানো যাবে।










