বেগম জিয়া গণতান্ত্রিক ট্রানজিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি আশা প্রকাশ করেছেন, খালেদা জিয়া সুস্থ হয়ে দ্রুতই বাসায় ফিরবেন এবং বাংলাদেশের গণতান্ত্রিক ট্রানজিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ প্রার্থনা জানান ফারুকী।
পোস্টে তিনি লেখেন, তাঁর নিউজফিডজুড়ে খালেদা জিয়ার জন্য মানুষের দোয়া–প্রার্থনার ঢল নেমেছে, এবং এ পোস্টগুলো কোনো নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর নয়। এটি একজন মানুষের জীবনের বড় প্রাপ্তি বলেও মন্তব্য করেন তিনি।
ফারুকী আরও লিখেন, কোনো সাংস্কৃতিক সফট পাওয়ার বা বুদ্ধিজীবী গোষ্ঠীর সমর্থন ছাড়াই খালেদা জিয়া যেভাবে মানুষের কাছে দেশের সবচেয়ে বড় ‘ইউনিফাইং ক্যারেক্টার’ হয়ে উঠেছেন, সেটা এক ধরনের আশীর্বাদ।




