ইশরাকের অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন আইনমন্ত্রী
‘কেউ আইনের ঊর্ধ্বে নন। প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনার পরিপন্থী কোনো কাজ কেউ করলে তিনি সঠিক সিদ্ধান্ত নেবেন। ইতোমধ্যে তিনি তা প্রমাণ করেছেন।’
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
সোমবার (১৯ অক্টোবর) সকালে ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
এ সময় স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও অন্যান্য চাকরিজীবীদের অংশগ্রহণের বিষয়ে আইনমন্ত্রী বলেন, তাঁদের নির্বাচনে অংশ নিতে এখনো আইনগত কোনো বাধা নেই। এ বিষয়ে বিকল্প কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি। আইনি প্রক্রিয়ায় সমাধান না আসা পর্যন্ত তাঁরা নির্বাচনে অংশ নিতে পারবেন। এ ক্ষেত্রে আইন আগের মতোই রয়েছে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, এ নির্বাচনে ইতিবাচক পরিবর্তনের আশা করা যায়। সরকারের কাজের মাধ্যমেই এর প্রমাণ পাওয়া যাবে।
বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, বিরোধী দলকে রাজনীতি করতে হলে কোনো না কোনো বিষয় সামনে আনতে হয়। বিরোধিতার জন্যই তারা বিভিন্ন বিষয়ে বিরোধিতা করছে। তবে এগুলো তাদের বক্তব্য, যা সরকার বিশ্বাস করে না।
সম্প্রতি অনিয়মের মাধ্যমে সার ডিলার নিয়োগের অভিযোগে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বক্তব্য প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, সার ডিলার নিয়োগের ক্ষেত্রে সব ধরনের আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।
এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ, জেলা প্রশাসক নোমান হোসেন ও পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছানসহ অন্যরা উপস্থিত ছিলেন।










Disqus comments are not configured yet.