জাল টিকার সনদ বিতর্ক পেরিয়ে দলে ফেরার পথে দুই সুইস তারকা
কোভিড-১৯ টিকার জাল সনদ নেওয়ার ঘটনায় শাস্তি পাওয়ার পর এবার সুইজারল্যান্ডের জাতীয় ফুটবল দলে ফেরার সুযোগ তৈরি হয়েছে গ্রানিত জাকা ও ব্রিল এমবোলোর। আগামী নভেম্বরে উয়েফা নেশন্স লিগের ম্যাচ সামনে রেখে তাঁদের দলে বিবেচনা করতে পারবেন কোচ মুরাত ইয়াকিন।
মঙ্গলবার সুইস ফুটবল অ্যাসোসিয়েশন (এসএফভি) জানিয়েছে, আগামী মাসে স্লোভেনিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য বিবেচিত হওয়ার সুযোগ রয়েছে এই দুই ফুটবলারের।
২০২২ সালে ভ্রমণ ও খেলায় অংশ নেওয়ার সুবিধা পেতে জাল কোভিড টিকার সনদ সংগ্রহের কথা স্বীকার করেছিলেন সুইজারল্যান্ডের অধিনায়ক জাকা। এ ঘটনায় শাস্তি হিসেবে অক্টোবরে নেশন্স লিগের তিনটি ম্যাচে খেলতে পারেননি তিনি। স্কটল্যান্ড, নর্থ মেসিডোনিয়া ও স্লোভেনিয়ার বিপক্ষে ওই ম্যাচগুলোতে দলের বাইরে ছিলেন এই মিডফিল্ডার। একই ঘটনার জেরে সেপ্টেম্বরে জাতীয় দল থেকে বাদ পড়েন ২৯ বছর বয়সী স্ট্রাইকার এমবোলেও।
এ ঘটনায় দুজনকেই দেড় লাখ সুইস ফ্রাঁ করে জরিমানা করা হয়েছিল, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২ কোটি ১০ লাখ টাকা। পাশাপাশি তাঁদের দুই বছরের স্থগিত নিষেধাজ্ঞা দেওয়া হয়। এই সময়ের মধ্যে নতুন কোনো অপরাধে জড়ালে ওই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার শর্ত রয়েছে।
সুইজারল্যান্ড জাতীয় দলের পরিচালক পিয়েরলুইজি তামি বলেন, ‘আমরা বিষয়টি বিভিন্ন দিক থেকে বিবেচনা করেছি। দুই ঘটনার পরিস্থিতি, আইনি প্রক্রিয়ার সমাপ্তি এবং ইতিমধ্যে পাওয়া ক্রীড়াসংক্রান্ত শাস্তিও সিদ্ধান্তে ভূমিকা রেখেছে। নভেম্বরে তাঁদের জাতীয় দলে ফেরানো দায়িত্বশীল ও সঠিক সিদ্ধান্ত বলে আমরা মনে করি।’
বিতর্কিত ঘটনার পরও জাকার কাছ থেকে অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়নি। তবে অধিনায়কত্বের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কোচ ইয়াকিন। আগামী ৫ নভেম্বর দল ঘোষণা করার কথা রয়েছে তাঁর।
নেশন্স লিগের গ্রুপ ‘ই’-তে শীর্ষে রয়েছে সুইজারল্যান্ড। আগামী ১৩ ও ১৬ নভেম্বর স্লোভেনিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে দলটি। ওই দুই ম্যাচে জাকা ও এমবোলোর দলে ফেরার সম্ভাবনা থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত আসবে দল ঘোষণার পর।







Disqus comments are not configured yet.