সোমবার, ২ মার্চ ২০২৬, ১৯ ১৪৩২
সোমবার, ২ মার্চ ২০২৬, ১৯ ১৪৩২

বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ দেবে: তারেক রহমান

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৮:৩৯ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ দেবে: তারেক রহমান

বিএনপি ক্ষমতায় যেতে পারলে শিক্ষা ক্ষেত্রে সর্বোচ্চ বরাদ্দ দেবে- এমন প্রতিশ্রুতি দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার বিকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান।

এদিন উপজেলার ৮৪টি স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে বিএনপি ঘোষিত ৩১ দফার ওপর মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন।

এ সময় তিনি পরীক্ষায় অংশ নেওয়া বেশ কয়েকজন শিক্ষার্থীর প্রশ্নের জবাব দেন এবং সরাসরি কথা বলেন।তিনি বলেন, লেখাপড়ার উন্নতির জন্য, ভালো ফলাফলের জন্য কঠোর অধ্যবসায়ের বিকল্প নেই।

তারেক রহমান আরও বলেন, বিএনপি ক্ষমতায় যেতে পারলে কৃষি ক্ষেত্রে উন্নয়নের জন্য খাল খনন কর্মসূচিকে অগ্রাধিকার দেবে। বক্তব্যের একপর্যায়ে তারেক রহমান বিএনপির ঘোষিত ৩১ দফাসহ সমসাময়িক বিষয় নিয়ে খুব দ্রুত মুখোমুখি কথা বলার প্রত্যাশা ব্যক্ত করেন।

বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত এ মেধা বৃত্তি পুরস্কার অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম রকিব, কিশোরগঞ্জ জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন, স্থানীয় বিএনপি নেতা ভিপি কামাল প্রমুখ।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন খন্দকার আল আশরাফ মামুন।

অনুষ্ঠানে উপজেলার ৮৪টি স্কুল-মাদ্রাসার ২০ সহস্রাধিক শিক্ষার্থী, শিক্ষক এবং জেলা ও উপজেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী, অভিভাবকরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৬ আগস্ট উপজেলার ১০টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয় এই পরীক্ষা। এতে ৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১০ হাজার ২১১ জন শিক্ষার্থী অংশ নেয়।

জানা যায়, খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন এ আয়োজন করে। এতে ৩১ নম্বরের এমসিকিউ ভিত্তিক প্রশ্নের উত্তর দিতে শিক্ষার্থীরা সময় পায় ৩৫ মিনিট।

আয়োজকরা জানান, পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ৩৫০ জন শিক্ষক, ৩০০ স্বেচ্ছাসেবক, পুলিশ ও গ্রাম পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন। গত ২০ সেপ্টেম্বর প্রকাশ করা হয় ফলাফল। বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে কাজ করছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার আল আশরাফ মামুন, যিনি যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক কর্মসংস্থান বিষয়ক সম্পাদক।

খন্দকার আল আশরাফ মামুন বলেন, ৩১ দফা কী, কেন এবং কীভাবে বাস্তবায়ন সম্ভব- তা শিক্ষার্থীদের জানাতেই এই আয়োজন। আশার চেয়ে অনেক বেশি সাড়া পেয়েছি। এত শিক্ষার্থী অংশ নেবে- তা অকল্পনীয় ছিল। এখান থেকে ৩১ দফা ধারণ করা নতুন প্রজন্ম তৈরি হবে। বিশেষ করে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের উৎসাহিত করায় তিনি আনন্দিত ও কৃতজ্ঞ।

এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে পাকুন্দিয়া উপজেলা সদরে দিনব্যাপী উৎসবের আমেজ বিরাজ করছিল। এ ধরনের অনুষ্ঠানে খুশি হয়েছেন শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবক ও এলাকাবাসী। অনুষ্ঠানে মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ভালো ফলাফলের জন্য ৬০ শিক্ষার্থীর হাতে নগদ অর্থ পুরস্কার ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

কাদিরজঙ্গলের দক্ষিণ চানপুরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৫ অপরাহ্ণ
কাদিরজঙ্গলের দক্ষিণ চানপুরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের দক্ষিণ চানপুর এলাকায় পুরাতন জামে মসজিদসংলগ্ন ময়দানে শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক ভিপি সাইফুল ইসলাম সুমন। ইফতারের পূর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইসলাম উদ্দিন।

অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভিপি সুমন ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মো. বাছির উদ্দিন (বাছির মেম্বার), সাবেক ইউপি সদস্য কামরুজ্জামান চঞ্চল, মৎস্যজীবী দলের সভাপতি সেকান্দার, স্থানীয় বিএনপি নেতা জালালউদ্দীনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং উপস্থিত মুসল্লিদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

কিশোরগঞ্জে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৬ অপরাহ্ণ
কিশোরগঞ্জে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় শহরের আখড়াবাজার ব্রিজসংলগ্ন মঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়।

কিশোরগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রবিউল হক মিলকি শ্যামলের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে মৎস্যজীবীদের অধিকার আদায়ে বিভিন্ন ভূমিকার কথা তুলে ধরেন। তারা বলেন, দেশের অর্থনীতিতে মৎস্য খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাতের উন্নয়ন ও জেলেদের জীবনমান উন্নয়নে সংগঠনটি সবসময় কাজ করে যাচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে মাজহারুল ইসলাম মৎস্যজীবীদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, মৎস্যসম্পদ রক্ষা ও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে আরও বড় ভূমিকা রাখা সম্ভব।

অনুষ্ঠান শেষে সংগঠনের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। নেতাকর্মীদের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

শক্ত অবস্থানে নবনির্বাচিত সংসদ সদস্য: দখলমুক্ত হবে নরসুন্দা নদী

নূর আহাম্মদ পলাশ প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২১ অপরাহ্ণ
শক্ত অবস্থানে নবনির্বাচিত সংসদ সদস্য: দখলমুক্ত হবে নরসুন্দা নদী

নরসুন্দা নদী ব্রহ্মপুত্রের একটি শাখা নদী হিসেবে পরিচিত। কিশোরগঞ্জ জেলায় মূল নরসুন্দা নদীর দৈর্ঘ্য প্রায় ৩০ মাইল (প্রায় ৫৮ কিলোমিটার)। একসময় কিশোরগঞ্জ শহরের প্রধান আকর্ষণ ছিল এই নদী; অদ্যাবধি এটি শহরকে দুই ভাগে বিভক্ত করে রেখেছে।

দীর্ঘদিন ধরে দখল ও অবৈধ স্থাপনায় সংকুচিত হয়ে পড়া নরসুন্দা নদী পরিদর্শন করেছেন কিশোরগঞ্জ–১ (সদর–হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। পরিদর্শনকালে তিনি নদী দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ২টায় জেলা শহরের নদীর দখলকৃত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এ সময় জেলা বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে এমপি মাজহারুল ইসলাম বলেন, নদী দখল করে স্থাপনা নির্মাণ করা গুরুতর অপরাধ। কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে নদীর জমি ভরাট কিংবা স্থাপনা নির্মাণের সুযোগ দেওয়া হবে না। দ্রুত সময়ের মধ্যে দখলকারীদের চিহ্নিত করে তাদের অপসারণ করা হবে।

তিনি আরও বলেন, নদী পুনরুদ্ধারে সমন্বিত ও টেকসই পরিকল্পনা নেওয়া হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে তিনি নদীর সীমানা নির্ধারণ, দখলদারদের তালিকা প্রস্তুত এবং পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান পরিচালনার নির্দেশ দেন। পাশাপাশি নদী দূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রভাবশালী মহল নদীর তীর ভরাট করে দোকানপাট ও স্থাপনা নির্মাণ করেছে। এতে বর্ষা মৌসুমে পানিপ্রবাহ ব্যাহত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

উল্লেখ্য, কিশোরগঞ্জ শহরের মধ্য দিয়ে প্রবাহিত নরসুন্দা নদী একসময় ছিল নাব্য ও প্রশস্ত। দীর্ঘদিনের দখল ও অব্যবস্থাপনার ফলে বর্তমানে নদীর প্রস্থ ও গভীরতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। নদী পুনরুদ্ধারে প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।