বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
[gtranslate]
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সাফে বাংলাদেশের মুখোমুখি শ্রীলঙ্কা, আলোচনায় কোচ মুতাইরি

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ২:১০ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
সাফে বাংলাদেশের মুখোমুখি শ্রীলঙ্কা, আলোচনায় কোচ মুতাইরি

সাফ চ্যাম্পিয়নশিপে আজ বাংলাদেশের মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা। ম্যাচের আগে আলোচনায় এসেছেন শ্রীলঙ্কার কোচ আবদুল্লাহ আল মুতাইরি। ২০২৩ সালের সেপ্টেম্বরে আফগানিস্তানের কোচ থাকাকালে বাংলাদেশের বিপক্ষে ডাগআউটে লাল কার্ড দেখেছিলেন কুয়েতি এই কোচ।

সেদিন বসুন্ধরা কিংস অ্যারেনায় দ্বিতীয় ফিফা প্রীতি ম্যাচের ১৭ মিনিটের দিকে একটি ফাউলকে কেন্দ্র করে দুই দলের ডাগআউটে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রতিবাদ জানাতে গিয়ে মুতাইরি বাংলাদেশের ডাগআউটের দিকে তেড়ে যান। এ সময় সহকারী কোচ হাসান আল মামুনের সঙ্গে তাঁর উত্তপ্ত বাক্য বিনিময় হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নেপালের রেফারি দুজনকেই লাল কার্ড দেখান। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। দুই ম্যাচের সিরিজও ড্রয়ে শেষ হয়।

এবারের সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচ ২-২ গোলে ড্র করার পর রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুতাইরি। তাঁর অভিযোগ, ভুটানের দ্বিতীয় গোলটি অফসাইড ছিল এবং শ্রীলঙ্কা একটি পেনাল্টি পাওয়ার যোগ্য ছিল। গ্রুপ পর্ব থেকেই ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) চালুর দাবিও জানান তিনি।

আয়োজকদের নিয়েও মন্তব্য করে বিতর্ক তৈরি করেন এই কোচ। বাণিজ্যিক স্বার্থে বাংলাদেশ ও ভারতকে ফাইনালে দেখতে চাইলে অন্য দলগুলোকে খেলানোর প্রয়োজন নেই—এমন মন্তব্য করেন তিনি।

মুতাইরির এসব মন্তব্য সাফের ডিসিপ্লিনারি কমিটির কাছে পাঠানো হয়েছে। সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল জানিয়েছেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে স্বাধীন ডিসিপ্লিনারি কমিটি।

১১ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচটি শ্রীলঙ্কার জন্য গুরুত্বপূর্ণ। হারলে টুর্নামেন্ট থেকে বিদায়ের শঙ্কায় পড়বে দলটি। অন্যদিকে, বাংলাদেশও চাইবে এ ম্যাচে জয় পেয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করতে।

শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন কমিটিকে বরণ ও অভিভাবক সমাবেশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৭:১৭ অপরাহ্ণ
শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন কমিটিকে বরণ ও অভিভাবক সমাবেশ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৭১ নম্বর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবগঠিত পরিচালনা কমিটির সদস্যদের বরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে নবগঠিত পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ এনামুল হকসহ কমিটির অন্যান্য সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

পরে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ এনামুল হক শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা এবং সন্তানদের পড়াশোনার বিষয়ে অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষাসামগ্রী উপহার তুলে দেন তিনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রাহাত আলমের উপস্থিতিতে অনুষ্ঠানে পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেন।

অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে নবগঠিত পরিচালনা কমিটির সদস্যরা বৃক্ষরোপণ করেন।

বকেয়া আদায়ে ব্যান্ডউইথ কমানোসহ কঠোর পদক্ষেপ নিচ্ছে বিটিআরসি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২:২৫ অপরাহ্ণ
বকেয়া আদায়ে ব্যান্ডউইথ কমানোসহ কঠোর পদক্ষেপ নিচ্ছে বিটিআরসি

টেলিযোগাযোগ খাতের বিভিন্ন পর্যায়ের অপারেটরদের কাছ থেকে প্রায় ৪৮ কোটি ৬০ লাখ টাকা বকেয়া আদায়ে তৎপরতা জোরদার করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বকেয়া আদায়ে আর্থিক পদক্ষেপের পাশাপাশি জরিমানা, ব্যান্ডউইথ সীমিতকরণ এবং লাইসেন্স বাতিলের মতো কঠোর ব্যবস্থা নিচ্ছে কমিশন।

সম্প্রতি কমিশনের এক বৈঠকে নেওয়া সিদ্ধান্তে বকেয়া আদায়ের বিষয়টি উঠে আসে। এর আওতায় রয়েছে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) অপারেটরদের বকেয়া ব্যান্ডউইথ চার্জ, মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) সেবাদাতা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক সংক্রান্ত বকেয়া এবং ইন্টারনেট প্রোটোকল টেলিফোনি সার্ভিস প্রোভাইডারদের (আইপিটিএসপি) বকেয়া লাইসেন্স ও বার্ষিক ফি।

নথিপত্র অনুযায়ী, মোট বকেয়ার মধ্যে আইপিটিএসপি অপারেটরদের কাছে পাওনা ৩৪ কোটি ৬২ লাখ টাকা, আইআইজি অপারেটরদের কাছে ৮ কোটি ৯৬ লাখ টাকা এবং দেশের একমাত্র এমএনপি সেবাদাতা প্রতিষ্ঠান ইনফোজিলিয়ন টেলিটেক বিডি লিমিটেডের কাছে ৫ কোটি ১ লাখ টাকা।

আইআইজি খাতে নিরীক্ষায় বিল না করা ব্যান্ডউইথ ব্যবহারের জন্য ২৬টি অপারেটরের বিরুদ্ধে ৯ কোটি ৪৭ লাখ ৯৭ হাজার ৩৪৪ টাকা দাবি চিহ্নিত করা হয়। এর মধ্যে কমিশন ৫১ লাখ ১৪ হাজার টাকা আদায় করেছে। এখনো বকেয়া রয়েছে ৮ কোটি ৯৬ লাখ টাকা।

কিছু অপারেটরকে কিস্তিতে বকেয়া পরিশোধের সুযোগ দিয়েছে কমিশন। সাইবারগেট লিমিটেডের বিরুদ্ধে ৩৮ লাখ ১৯ হাজার টাকা দাবির বিপরীতে প্রতিষ্ঠানটি ৫ লাখ টাকা পরিশোধ করেছে। বাকি ৩৩ লাখ ১৯ হাজার টাকা বার্ষিক ১৫ শতাংশ বিলম্ব ফিসহ ১২টি সমান মাসিক কিস্তিতে পরিশোধের অনুমতি দেওয়া হয়েছে।

আর্থ টেলিকমিউনিকেশন লিমিটেড তাদের ৯৬ লাখ ২৬ হাজার টাকা দাবির বিপরীতে ২৫ লাখ টাকা পরিশোধ করেছে। অবশিষ্ট ৭১ লাখ ২৬ হাজার টাকা ১২টি সমান কিস্তিতে পরিশোধের সুযোগ পেয়েছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া ২১ লাখ ১৩ হাজার টাকা বকেয়া থাকা পিরেস্ক নেটওয়ার্কস লিমিটেডকে এক মাস সময় বাড়িয়ে দেওয়া হয়েছে।

অন্যান্য খেলাপি আইআইজি অপারেটরদের কাছ থেকে কমিশনের লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের মাধ্যমে বকেয়া আদায়ের সিদ্ধান্ত হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ম্যাঙ্গো টেলিসার্ভিসেস লিমিটেড, আমরা টেকনোলজিস লিমিটেড, ম্যাক্সনেট অনলাইন, ম্যাক্সহাব লিমিটেড, ইন্ট্রাগ্লোব কমিউনিকেশন লিমিটেড, ওয়ান এশিয়া অ্যালায়েন্স কমিউনিকেশন লিমিটেড, বিডি লিংক কমিউনিকেশন লিমিটেড, ইকুইটেল কমিউনিকেশন লিমিটেড, রেডিয়েন্ট কমিউনিকেশন লিমিটেড, রেগো কমিউনিকেশন লিমিটেড এবং প্ল্যানেট ইন্টারনেট গেটওয়ে লিমিটেড।

বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) পাওনা বিল না করা ব্যান্ডউইথ চার্জ বাবদ ২ কোটি ৬৪ লাখ টাকা আদায়েও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। তবে নিরীক্ষিত আইআইজি দাবির বাইরে এই অর্থ আলাদা কি না, তা নিশ্চিত না হওয়া পর্যন্ত মোট বকেয়ার হিসাবের সঙ্গে এটি যুক্ত করা হয়নি।

আইপিটিএসপি খাতে বকেয়া লাইসেন্স ও বার্ষিক ফির পরিমাণ ৩৪ কোটি ৬২ লাখ ৭ হাজার ৬৩৬ টাকা। কমিশন এরই মধ্যে ১৮টি লাইসেন্স বাতিল করেছে। এ ছাড়া ৮ কোটি ৭৯ লাখ টাকার জন্য ডিজিটাল কানেক্টিভিটি লিমিটেড এবং ২১ কোটি ২১ লাখ টাকার জন্য আইডিয়া নেটওয়ার্কস অ্যান্ড কমিউনিকেশনস লিমিটেডের বিরুদ্ধে সার্টিফিকেট মামলা করেছে। মামলা দুটির অর্থ এই খাতের উল্লিখিত মোট বকেয়ার অন্তর্ভুক্ত, অতিরিক্ত দায় নয়।

এ ছাড়া আইসিসি কমিউনিকেশন, আইডিয়া টেক লিমিটেড, আমরা নেটওয়ার্কস লিমিটেড ও সরকার কমিউনিকেশনসহ বকেয়া থাকা সচল আইপিটিএসপি প্রতিষ্ঠানগুলোর ব্যান্ডউইথ তাৎক্ষণিকভাবে ৫০ শতাংশ কমিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।

এমএনপি সেবাদাতা প্রতিষ্ঠান ইনফোজিলিয়ন টেলিটেক বিডি লিমিটেডের কাছে বকেয়ার পরিমাণ ৫ কোটি ১ লাখ ৬৭ হাজার ৮১৮ টাকা। এর মধ্যে রয়েছে ২ কোটি ৩১ লাখ ৮৮ হাজার ৩০৯ টাকার অসমন্বিত রাজস্ব অংশ (রেভিনিউ শেয়ার), ২ কোটি ২৫ লাখ ৩৪ হাজার ৯৮৯ টাকার রাজস্ব অংশের বিলম্ব ফি, ৩৩ লাখ ১৬ হাজার ৮৯৯ টাকার ভ্যাট, ১০ লাখ ৯০ হাজার ১৮৬ টাকার সার্ভিস অবলিগেশন ফান্ডের বকেয়া এবং সংশ্লিষ্ট বিলম্ব ফি বাবদ ১০ লাখ ৩৭ হাজার ৪৩৫ টাকা।

কমিশনের ৩০০তম বৈঠকের পর প্রতিষ্ঠানটিকে ১২টি মাসিক কিস্তিতে বকেয়া পরিশোধের সুযোগ দেওয়া হয়েছিল। তবে ২০২৬ সালের মার্চ থেকে জুন পর্যন্ত কিস্তির অর্থ পরিশোধে ব্যর্থ হয় প্রতিষ্ঠানটি। ফলে কমিশন তাকে ১ লাখ টাকা জরিমানা করেছে, যা ৩০ দিনের মধ্যে পরিশোধ করতে হবে। পাশাপাশি মূল বকেয়া আদায়ের বিষয়টি লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগে পাঠানো হয়েছে।

আর্থিক বকেয়া আদায়ের পাশাপাশি স্বয়ংক্রিয় ডেটা ইনফরমেশন সিস্টেমের (ডিআইএস) মাধ্যমে বাধ্যতামূলক তথ্য জমা না দেওয়ায় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের (আইএসপি) বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নিয়েছে কমিশন।

২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চ সময়ের ব্যান্ডউইথ ব্যবহার, গ্রাহক সংখ্যা ও নেটওয়ার্কের মানসংক্রান্ত তথ্য জমা দিতে ব্যর্থ হওয়ায় ১১৬টি অকার্যকর বা নিয়ম না মানা আইএসপি লাইসেন্সধারী প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

অপারেটরদের জবাব এবং পরবর্তী সময়ে নিয়ম মেনে চলার (কমপ্লায়েন্স) ভিত্তিতে বিভিন্ন হারে জরিমানা আরোপ করেছে কমিশন। নিবন্ধিত অপারেটরদের ক্ষেত্রে জরিমানার পরিমাণ ২ হাজার ৫০০ টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত। অন্যদিকে নিবন্ধিত গোষ্ঠীর বাইরের অপারেটরদের জরিমানা করা হয়েছে ৬ হাজার ৭৫০ টাকা থেকে ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত।

সব খেলাপি অপারেটরকে ৩০ দিনের মধ্যে নিবন্ধন সম্পন্ন করে প্রয়োজনীয় তথ্য আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তা করতে ব্যর্থ হলে তাদের লাইসেন্স বাতিলের প্রক্রিয়া তাৎক্ষণিকভাবে শুরু হবে।

এ ছাড়া বেনাপোলে অননুমোদিত টিসিএলএস পয়েন্ট অব প্রেজেন্স পরিচালনা এবং বিটিআরসির অনুমোদন ছাড়া অবকাঠামো ভাগাভাগি করার দায়ে আর্থ টেলিকমিউনিকেশন লিমিটেডকেও জরিমানা করেছে কমিশন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১-এর ৬৫(৫) ধারায় প্রতিষ্ঠানটিকে ১০ কার্যদিবসের মধ্যে জরিমানা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। তবে বৈঠকের কার্যবিবরণীতে জরিমানার অঙ্ক সংখ্যায় ও কথায় লেখার মধ্যে গরমিল থাকায় প্রকৃত পরিমাণ যাচাই করা প্রয়োজন।

অন্যদিকে, বিটিআরসির পূর্বানুমোদন ছাড়া ‘সাইক্লোন প্রকল্পের’ অধীনে রোমান্স ও সানসহ তৃতীয় পক্ষের সঙ্গে প্ল্যাটফর্ম ও সেবা চুক্তি করায় এনটিটিএন অপারেটর ফাইবার অ্যাট হোম লিমিটেডকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ১০ কার্যদিবসের মধ্যে এ জরিমানা পরিশোধ করতে হবে।

কমিশনের এসব সিদ্ধান্ত টেলিযোগাযোগ খাতে আর্থিক ও লাইসেন্সিং বাধ্যবাধকতা কার্যকর করার পাশাপাশি সরকারি ও নিয়ন্ত্রক সংস্থার বকেয়া রাজস্ব আদায়ে কঠোর অবস্থানের ইঙ্গিত দিচ্ছে।

ফাইনালের লড়াইয়ে পাকিস্তানকে ১৩৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২:১৭ অপরাহ্ণ
ফাইনালের লড়াইয়ে পাকিস্তানকে ১৩৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

মুদ্রার উল্টো পিঠ দেখলেন আহসান আল মুমিন। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে মালয়েশিয়ার বিপক্ষে সর্বশেষ ম্যাচে ১৫২ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি। তবে পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন এই ব্যাটার। ৬ বলে মাত্র ১ রান করে ফিরেছেন সাজঘরে। তাঁর ব্যর্থতার দিনে অল্প রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ দল।

ওমানের আল আমেরাতে পাকিস্তানের বিপক্ষে সব উইকেট হারিয়ে ১৩৮ রান সংগ্রহ করেছে ফরিদ হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ।

শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই করেছেন ওপেনার আবদুল্লাহ আল মুহি। তাঁর ব্যাট থেকে এসেছে ৫০ রান। ইনিংসে ছিল চারটি চার ও দুটি ছক্কা।

মুহি ছাড়া বাংলাদেশের আর মাত্র তিন ব্যাটার দুই অঙ্কের রান করতে পেরেছেন। অধিনায়ক ফরিদ হাসান করেছেন ১৭, আল রাফি ২০ এবং রাকিবুল হাসান ২৬ রান।

বাংলাদেশকে দেড় শ রানের আগেই আটকে দিতে পাকিস্তানের বোলিংয়ে নেতৃত্ব দিয়েছেন রিজওয়ানুল্লাহ। গতির ঝড় তুলে ৩০ রান খরচায় পাঁচ উইকেট নিয়েছেন এই পাকিস্তানি পেসার।

এর আগে মালয়েশিয়ার বিপক্ষে ১৫২ রানের ইনিংস খেলেছিলেন আহসান আল মুমিন। তাঁর ১০টি চার ও ছয়টি ছক্কার ইনিংসে ভর করে বাংলাদেশ ৩০৩ রানের বড় সংগ্রহ গড়েছিল।

ফাইনালে উঠতে হলে এবার বোলারদেরই দায়িত্ব নিতে হবে বাংলাদেশকে। আগের ম্যাচে মালয়েশিয়াকে মাত্র ৯৮ রানে অলআউট করার পথে একাই সাত উইকেট নিয়েছিলেন পেসার তাফিউল আলম তামিম। পাকিস্তানের বিপক্ষেও তাঁর কাছ থেকে ভালো বোলিংয়ের প্রত্যাশা থাকবে।