বুধবার, ৪ মার্চ ২০২৬, ২১ ১৪৩২
বুধবার, ৪ মার্চ ২০২৬, ২১ ১৪৩২

‘নব্য বিএনপি নয়, আন্দোলনকারীরাই প্রার্থী হোক’- কিশোরগঞ্জে মনোনয়ন প্রত্যাশী মবিন

নূর আহাম্মদ পলাশ প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৩:৫৩ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
‘নব্য বিএনপি নয়, আন্দোলনকারীরাই প্রার্থী হোক’- কিশোরগঞ্জে মনোনয়ন প্রত্যাশী মবিন

কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম মবিন এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর ১২টায় হোসেনপুরে নিজ কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে জহিরুল ইসলাম মবিন বলেন, “১৯৮৬ সাল থেকে আমি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আছি এবং এখনও দলের সঙ্গে আছি। স্বৈরাচার আমলে জেলা বিএনপির নিজস্ব অফিস না থাকায় আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকেই রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতাম। পুলিশের রিমান্ডে আমার দুটি কিডনি নষ্ট হয়ে গেছে, তবুও আমি রাজনীতি ছাড়িনি।”

তিনি আরও বলেন, “নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সব রাজনৈতিক কর্মসূচি সফল করার চেষ্টা করেছি। কিন্তু সম্প্রতি কিছু ‘নব্য বিএনপি’ তৈরি হয়েছে যারা শুধু এমপি হতে চায়। আমি দলের হাইকম্যান্ডের কাছে অনুরোধ করব— যারা অতীতে আন্দোলনে সক্রিয় ছিলেন, চাঁদাবাজি বা সন্ত্রাসের সঙ্গে জড়িত নন, তাদের মধ্য থেকেই যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়া হোক।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “দল যদি আমাকে মনোনীত করে, আমি আশাবাদী যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ব্যবধানে বিজয় অর্জন করব।”

শেষে তিনি তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “বিএনপি জনগণের দল; জনগণের বিশ্বাসের ওপর ভর করেই আমরা আগামী নির্বাচনে জয়ী হব।”

শরীফুল আলমসহ ৮ প্রতিমন্ত্রীর দায়িত্ব কমল, বাড়ল দুই উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৩:২৭ অপরাহ্ণ
শরীফুল আলমসহ ৮ প্রতিমন্ত্রীর দায়িত্ব কমল, বাড়ল দুই উপদেষ্টার

নতুন সরকারের আটজন প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর দুই রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব ও দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। এর ফলে প্রতিমন্ত্রীদের অধীন থাকা মন্ত্রণালয়ের সংখ্যা কমানো হয়েছে। পুনর্বণ্টনের অংশ হিসেবে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এখন থেকে শুধু বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রুলস অব বিজনেস অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান দপ্তর ও দায়িত্ব পুনর্বণ্টন করেন।

অন্যদের মধ্যে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সুলতান সালাউদ্দিন টুকুকে শুধু মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। একই মন্ত্রণালয়ের আরেক প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানকে নৌপরিবহন ও সেতু বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি (জোনায়েদ সাকি) শুধু পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীনকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুরকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

পৃথক প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার মধ্যে দুজনের দায়িত্ব বাড়ানো হয়েছে। নজরুল ইসলাম খান রাজনৈতিক উপদেষ্টার পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। রুহুল কবীর রিজভী আহমেদ রাজনৈতিক উপদেষ্টার পাশাপাশি শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী–প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ১০ জনকে উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়। এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে এবং ২৫ জন পূর্ণ মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নেন।

শিল্প ও বাণিজ্য খাতে দায়িত্ব থেকে শরীফুল আলমের সরে আসার বিষয়টি কিশোরগঞ্জবাসীর জন্য হতাশার বলে মনে করছেন অনেকে। শিল্প ও বাণিজ্যে পিছিয়ে থাকা কিশোরগঞ্জ জেলার মানুষ তার হাত ধরে অর্থনৈতিক সমৃদ্ধি ও নতুন দিনের স্বপ্ন দেখেছিলেন বলে স্থানীয় মহলের অভিমত।

হোসেনপুরে চাঁদা দাবি, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সঞ্জিত চন্দ্র শীল প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৩:১১ অপরাহ্ণ
হোসেনপুরে চাঁদা দাবি, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জের হোসেনপুরে চাঁদা দাবি, বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মিথ্যা মামলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক প্রবাসীর পরিবার।

বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুর গ্রামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন স্বপ্না আক্তার। তিনি জানান, তার স্বামী আসাদুজ্জামান কিরণ (পোল্যান্ড প্রবাসী) গত ২৬ ফেব্রুয়ারি সকালে বাড়িতে অবস্থানকালে একই এলাকার খাইরুল ইসলাম তার সহযোগীদের নিয়ে তাদের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ওই দিন ইফতারের আগ মুহূর্তে খাইরুল ইসলাম ও তার সহযোগীরা তাদের বাড়িতে হামলা চালায়।

তিনি অভিযোগ করেন, হামলাকারীরা তাদের বসতঘরে ভাঙচুর ও লুটপাট চালায় এবং বাধা দিতে গেলে পরিবারের একাধিক সদস্যকে মারধর করে আহত করে। আহতদের হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে বলে দাবি করেন তিনি।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, পরবর্তীতে প্রতিপক্ষ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে এবং ২৭ ফেব্রুয়ারি ঘটনাকে কেন্দ্র করে মানববন্ধনও অনুষ্ঠিত করে। এতে তার স্বামীসহ পরিবারের লোকজনের বিরুদ্ধে ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগ আনা হয়েছে বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে স্বপ্না আক্তার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি পরিবারের সদস্যদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারেরও দাবি করেন তিনি। এ সময় পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

চৌদ্দশত ইউনিয়নে বিএনপির নেতৃবৃন্দের অংশগ্রহণে ইফতার আয়োজন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৭:২৪ অপরাহ্ণ
চৌদ্দশত ইউনিয়নে বিএনপির নেতৃবৃন্দের অংশগ্রহণে ইফতার আয়োজন

কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মতলবপুর গ্রামে সোমবার (২ মার্চ) ব্যবসায়ী খোকনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল।

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোশতাক আহমেদ শাহীন, চৌদ্দশত ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাজী নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদির এবং ৮ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মো. জুয়েল মিয়া। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়। পরে উপস্থিত মুসল্লিদের মাঝে ইফতার বিতরণ করা হয়।