করিমগঞ্জে জাহাঙ্গীর মোল্লার নেতৃত্বে বিপ্লব ও সংহতি দিবসে বিশাল র্যালি অনুষ্ঠিত
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিএনপি থেকে কিশোরগঞ্জ–০৩ (তাড়াইল–করিমগঞ্জ) আসনের মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লার নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক বিশাল র্যালি ও গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে করিমগঞ্জের আনন্দবাজার এলাকা থেকে র্যালিটি শুরু হয়। র্যালিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের হাজারো নেতা-কর্মী ও সাধারণ জনগণের ঢল নামে।
র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় কার্যালয় প্রাঙ্গণে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সেখানে জাহাঙ্গীর মোল্লার পক্ষে স্থানীয় ও জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা তাকে “মজলুম জননেতা” হিসেবে অভিহিত করে দলের মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান।
বক্তারা বলেন, “করিমগঞ্জ–তাড়াইলের মাঠে অ্যাডভোকেট জাহাঙ্গীর মোল্লাই জনগণের আস্থার প্রতীক। তিনি দীর্ঘদিন মাঠে থেকে সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। তাই দলীয় মনোনয়ন প্রক্রিয়ায় তার ত্যাগ ও অবদানকে প্রাধান্য দেওয়া উচিত।”
প্রসঙ্গত, কিশোরগঞ্জ–০৩ আসনে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী হিসেবে সাবেক বিশ্বব্যাংক কর্মকর্তা, অধ্যাপক ও সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুককে মনোনয়ন দেওয়া হয়েছে। তবে স্থানীয়ভাবে জাহাঙ্গীর আলম মোল্লার সমর্থকরা দাবি করছেন, বিগত সময়ে ড. ফারুক দীর্ঘদিন বাইরে অবস্থান করায় জনসম্পৃক্ততার অভাব তৈরি হয়েছে।
“ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপির চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা, বর্তমান ভাইস চেয়ারম্যান ড. ফারুকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মিথ্যা অভিযোগ আনা হয়েছিল, যার পর তিনি দীর্ঘ সময় বাধ্য হয়ে দেশের বাইরে ছিলেন।”




