এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি গঠনের কার্যক্রম তিন মাস স্থগিত
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি গঠনের কার্যক্রম আগামী তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। অন্তর্বর্তীকালীন ব্যবস্থার আওতায় অ্যাডহক কমিটির মেয়াদ উত্তীর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উপজেলা নির্বাহী অফিসার এবং প্রশাসক বা তার প্রতিনিধি সভাপতির দায়িত্ব পালন করবেন।
রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত এক চিঠিতে এ নির্দেশনা প্রদান করা হয়েছে। চিঠিটি সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, হাইকোর্ট ডিভিশনের রিট পিটিশনের প্রেক্ষিতে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ৮ সেপ্টেম্বরের জারি করা পরিপত্র অনুযায়ী—ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডসহ অন্যান্য বোর্ডের নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করা হলো।
বিদ্যমান পরিস্থিতিতে, অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে যে সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে, সেই সব প্রতিষ্ঠানে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডসহ অন্যান্য শিক্ষা বোর্ডের প্রবিধানমালা, ২০২৪ অনুযায়ী—
-
উপজেলা পর্যায়ে: উপজেলা নির্বাহী অফিসার
-
জেলা পর্যায়ে: জেলা প্রশাসক বা তার প্রতিনিধি
কর্তৃক সভাপতির দায়িত্ব পালন নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।







