করিমগঞ্জে ড. ওসমান ফারুকের নির্বাচনী মতবিনিময় সভা
করিমগঞ্জে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুকের সাথে করিমগঞ্জ উপজেলার নেতৃবৃন্দের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) বিকাল সাড়ে তিনটায় তাঁর গ্রামের বাড়িতে করিমগঞ্জ পৌরসভা ও উপজেলার ১১টি ইউনিয়নের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মতবিনিময় করেন। সভায় তিনি সাংগঠনিক ঐক্য সুদৃঢ় ও অটুট রাখার জন্য সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে ড. ওসমান ফারুক নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, অতীত ফ্যাসিস্ট সরকারের আমলে করিমগঞ্জ-তাড়াইলের মানুষ সবচেয়ে বেশি উপেক্ষিত ছিল। তিনি আশা প্রকাশ করে বলেন, আল্লাহর রহমতে এবং নেতাকর্মী ও জনগণের সহযোগিতা পেলে নির্বাচিত হয়ে করিমগঞ্জ-তাড়াইলের উন্নয়নে নিজেকে সম্পূর্ণভাবে নিবেদন করবেন।
সভায় করিমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজিজুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান দুলাল সিকদার, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন। বক্তারা করিমগঞ্জ-তাড়াইলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।




