পৌছে গেছেন শোয়েব আখতার, ঢাকা ক্যাপিটালসের নতুন মেন্টর
ঢাকা ক্যাপিটালসে নতুন মৌসুমের জন্য মেন্টর হিসেবে যোগ দিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার শোয়েব আখতার। রবিবার ঢাকায় পৌঁছানো শোয়েবকে উষ্ণ অভ্যর্থনা জানান ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা প্রতিষ্ঠান রিমার্ক এইচবি।
আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ অভিজ্ঞতা, আগ্রাসী মানসিকতা ও জয়ের তীব্র আকাঙ্ক্ষার জন্য পরিচিত ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ শোয়েব আখতার দলের তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের অনুপ্রেরণা যোগাবেন বলে আশা করা হচ্ছে। মাঠের ভেতরে ও বাইরে তার দিকনির্দেশনা দলের প্রস্তুতি ও শৃঙ্খলাকে আরও প্রতিযোগিতামূলক করবে।
ফ্র্যাঞ্চাইজিটির টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, আসন্ন মৌসুমে শক্তিশালী দল গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। বিপিএলের ১২তম আসর শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর। ঢাকা ক্যাপিটালস তাদের প্রথম ম্যাচ খেলবে ২৭ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে।







