শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন ডা. জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৯:০৮ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন ডা. জুবাইদা রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে জানান, ডা. জুবাইদা রহমান লন্ডনে ফিরে গেছেন। তিনি বলেন, ইনশাআল্লাহ, আগামী বৃহস্পতিবার তারেক রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে তিনি দেশে ফিরবেন। নির্ধারিত সময়েই ফ্লাইটটি ঢাকা ছাড়ে এবং সিলেট হয়ে সরাসরি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছাবে।

এদিকে, হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের তুলনায় আরও স্থিতিশীল বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। শুক্রবার একটি ছোট প্রসিডিউর সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি বর্তমানে আইসিইউ সুবিধাসংবলিত কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।

ডা. জাহিদ আরও জানান, তারেক রহমান ও তার পরিবার এবং দলের পক্ষ থেকে খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।

হোসেনপুরে পুলিশের অভিযানে ২৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সঞ্জিত চন্দ্র শীল প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৬:৩৭ অপরাহ্ণ
হোসেনপুরে পুলিশের অভিযানে ২৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২৪ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৯ হাজার ৬০০ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) পরিচালিত এ অভিযানে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. রাসেল সিরাজী (৩৯), পিতা: মো. মোতাহার উদ্দিন, মাতা: হাফসানা বেগম, সাং: প্যারাভাঙ্গা, থানা: কিশোরগঞ্জ সদর এবং মো. সোহেল রানা (৩৭), পিতা: মো. দেলোয়ার হোসেন, মাতা: মৃত বেদেনা বেগম, সাং: বাসুরচর, থানা: হোসেনপুর, জেলা: কিশোরগঞ্জ।

হোসেনপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৪ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৯ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।

হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, মাদকমুক্ত সমাজ গঠনে হোসেনপুর থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে।

বাজিতপুরে দুর্গা মন্দিরে প্রতিমা ভাঙচুরের অভিযোগে উত্তেজনা, পাল্টাপাল্টি বক্তব্য

সাব্বির আহমদ মানিক প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৬:৩৩ অপরাহ্ণ
বাজিতপুরে দুর্গা মন্দিরে প্রতিমা ভাঙচুরের অভিযোগে উত্তেজনা, পাল্টাপাল্টি বক্তব্য

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় একটি দুর্গা মন্দিরে প্রতিমা ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য পাওয়া গেছে।

উপজেলার পিরিজপুর ইউনিয়নের পিরিজপুর বাজারসংলগ্ন মোদক বাড়ির আকরাবাড়ি দুর্গা মন্দিরকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সুবোধ মোদক ও রনজিত মোদক—দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল।

অভিযোগ রয়েছে, এই বিরোধের জেরে রনজিত মোদকের পক্ষের লোকজন সুবোধ মোদক, তার স্ত্রী ও ছেলেকে মারধর করে। পরে বিষয়টি মীমাংসার লক্ষ্যে সুবোধ মোদক পার্শ্ববর্তী গ্রামের লোকজনকে নিয়ে সন্ধ্যায় একটি সালিশের আয়োজন করেন। তবে ওই সালিশে রনজিত মোদক উপস্থিত ছিলেন না।

মন্দিরের সাধারণ সম্পাদক সুকুমার মোদক অভিযোগ করেন, সালিশে আসা কিছু লোকজন মন্দিরের টিনের বেড়া ভাঙচুর করে এবং প্রতিমা ক্ষতিগ্রস্ত করে।

অন্যদিকে দেবু মোদক দাবি করেন, সীমানা বিরোধের জেরে রনজিত মোদকের ছেলে সৌরভ মোদক (২৮) সুধীর মোদকের ছেলে সূজন মোদক (১৪) ও মানিকা মোদককে মারধর করে। এতে সূজন মাথায় আঘাত পেয়ে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ চিকিৎসাধীন রয়েছে।

তিনি আরও জানান, ঘটনাস্থলে প্রতিমাটি উল্টো অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে এবং মন্দিরের টিনের বেড়াও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-এর বাজিতপুর উপজেলা আহ্বায়ক সুজন বণিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সীমানা বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজন জড়ো হয়। রাত সাড়ে ৯টার দিকে সালিশ বসার কথা থাকলেও এক পক্ষ অনুপস্থিত ছিল। পরে মন্দিরে ভাঙচুরের অভিযোগ ওঠে।

পিরিজপুর বাজারের সভাপতি মো. কবির হোসেন বলেন, “এটি কোনো সাম্প্রদায়িক ঘটনা নয়; বরং দুই পরিবারের ব্যক্তিগত বিরোধ। প্রতিমা ভাঙচুরের বিষয়টি নিয়ে ভিন্নমত রয়েছে। প্রতিমাটি পরিকল্পিতভাবে উল্টে ফেলা হয়েছে বলেও ধারণা করা হচ্ছে।”

বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শহিদুল্লাহ জানান, খবর পেয়ে তিনি, অতিরিক্ত পুলিশ সুপার ও সংশ্লিষ্ট সার্কেল কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে এটি পারিবারিক সীমানা বিরোধ থেকে সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, “প্রতিমাটি উল্টো অবস্থায় পাওয়া গেলেও ভাঙচুরের সুস্পষ্ট প্রমাণ মেলেনি। তবে মন্দিরের টিনের বেড়া আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে মন্দির কমিটিকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে।”

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জালাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, “ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক রয়েছে। কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাটি ঘিরে এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

কিশোরগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান অলিম্পিয়াড শুরু

নূর আহাম্মদ পলাশ প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৪:০২ অপরাহ্ণ
কিশোরগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান অলিম্পিয়াড শুরু

“উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড।

১৮ থেকে ২০ এপ্রিল ২০২৬ পর্যন্ত তিনদিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হচ্ছে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে। কিশোরগঞ্জ জেলা প্রশাসন এর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচি তত্ত্বাবধান করছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং পৃষ্ঠপোষকতা দিচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসলাম মোল্লা। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, প্রযুক্তিনির্ভর মডেল ও বিজ্ঞানভিত্তিক উপকরণ প্রদর্শন করেন, যা দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

আয়োজকরা জানান, তিনদিনব্যাপী এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চার আগ্রহ বৃদ্ধি, গবেষণামুখী মনোভাব তৈরি এবং নতুন উদ্ভাবনী চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারা আরও আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের উদ্যোগ দেশের ভবিষ্যৎ বিজ্ঞানী ও উদ্ভাবকদের গড়ে তুলতে সহায়ক হবে।