কিশোরগঞ্জ–হবিগঞ্জ সীমান্তে দুই গ্রামের সংঘর্ষে একজন নিহত, আহত ১০
কিশোরগঞ্জ ও হবিগঞ্জের সীমান্তবর্তী দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বালিগাঁও এবং হবিগঞ্জের লাখাই উপজেলার বালি ফরিদপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম ইরাজ মিয়া (৫০)। তিনি হবিগঞ্জের লাখাই উপজেলার বালি ফরিদপুর গ্রামের বাসিন্দা এবং হজরত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে অষ্টগ্রামের বালিগাঁও গ্রামের আলাল মেম্বার এবং লাখাই উপজেলার বালি ফরিদপুর গ্রামের নোয়াব আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে ইরাজ মিয়া ঘটনাস্থলেই নিহত হন এবং উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুই গ্রামের মধ্যে সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলটি অষ্টগ্রাম ও লাখাই উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”







