বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

৩৮ বছরেও কার্যকর শিল্পাঞ্চল হয়ে উঠেনি কিশোরগঞ্জ বিসিক শিল্পনগরী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
৩৮ বছরেও কার্যকর শিল্পাঞ্চল হয়ে উঠেনি কিশোরগঞ্জ বিসিক শিল্পনগরী

শিল্প ও কর্মসংস্থানের আশায় দীর্ঘ ৩৮ বছর অপেক্ষার পরও কার্যকর শিল্পাঞ্চলে রূপ পায়নি কিশোরগঞ্জ বিসিক শিল্পনগরী। কাগজে-কলমে একে প্রায় পূর্ণাঙ্গ শিল্পনগরী বলা হলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। এখানে নেই শিল্পের গতি ও বিনিয়োগবান্ধব পরিবেশ। অব্যবস্থাপনা, সেবার ঘাটতি এবং প্রশাসনিক জটিলতায় শিল্পনগরীটি ধীরে ধীরে পরিণত হয়েছে প্রায় পরিত্যক্ত এলাকায়।

জানা গেছে, ১৯৮৭ সালে ২১ একর জমির ওপর গড়ে ওঠা এ শিল্পনগরীতে ১৫০টি প্লটের প্রায় সবকটি বরাদ্দ দেওয়া হয়েছে। তবে অধিকাংশ প্লটে নেই কোনো শিল্প কার্যক্রম। কোথাও রয়েছে পরিত্যক্ত ভবন, কোথাও ঝুলছে কেবল নামসর্বস্ব সাইনবোর্ড। নিয়মিত উৎপাদনে রয়েছে হাতে গোনা কয়েকটি কারখানা, আর সেগুলোর অনেকটাই মাঝেমধ্যে বন্ধ হয়ে যায়।

স্থানীয় সূত্র জানায়, বর্তমানে কার্যকরভাবে চালু কারখানার সংখ্যা ১৫ থেকে ২০টির বেশি নয়। ফলে যেখানে ৮ থেকে ১০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ থাকার কথা, সেখানে কর্মরত শ্রমিকের সংখ্যা মাত্র ১ হাজার ৩৫৫ জন। এর মধ্যে বড় একটি অংশ আবার একটি মাত্র কারখানার ওপর নির্ভরশীল।

উদ্যোক্তারা অভিযোগ করে বলেন, প্লটের জন্য নিয়মিত সার্ভিস চার্জ আদায় করা হলেও সরকার নির্ধারিত মৌলিক সেবা পাওয়া যায় না। ভাঙাচোরা সড়ক, অচল পানি সরবরাহ ব্যবস্থা, অপর্যাপ্ত ড্রেনেজ এবং বর্জ্য ব্যবস্থাপনা শিল্প পরিচালনাকে ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। পাশাপাশি নিরাপত্তাহীনতার কারণে দিনদুপুরেও চুরি ও ডাকাতির ঘটনা ঘটছে বলে অভিযোগ রয়েছে। এসব সমস্যা সমাধানে কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না।

বিসিক শিল্পনগরী মালিক সমিতির সভাপতি আজমল খান বলেন,
‘কিশোরগঞ্জে উদ্যোক্তার অভাব নেই, অভাব রয়েছে অনুকূল পরিবেশের। গ্যাস সংযোগ না থাকায় উৎপাদন খরচ বেড়ে যায়, আর ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনার অভাবে টিকে থাকাই কঠিন হয়ে পড়ছে।’

কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মুজিবুর রহমান বেলাল বলেন,
‘বিসিক সহযোগিতা না করলে শিল্প গড়ে উঠবে কীভাবে? এখানকার বাস্তবতা উদ্যোক্তাদের নিরুৎসাহিত করছে। দৃশ্যমান সংস্কার এবং কঠোর ব্যবস্থাপনা ছাড়া এই শিল্পনগরীর ঘুম ভাঙা কঠিন।’

তবে বিসিক শিল্পনগরী কিশোরগঞ্জের সহকারী মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) মো. আছাদুজ্জামান আল ফারুক বলেন, কিছু শিল্প প্রতিষ্ঠান বর্তমানে বন্ধ রয়েছে এবং সেগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। গ্যাস, পানি ও ড্রেনেজ সমস্যার বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

চলন্ত সিএনজিতে আগুন, ইঞ্জিনে মিলল ১৯ কেজি গাঁজা

জয়নাল আবেদীন রিটন প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
চলন্ত সিএনজিতে আগুন, ইঞ্জিনে মিলল ১৯ কেজি গাঁজা

কিশোরগঞ্জের ভৈরবে চলন্ত একটি সিএনজি চালিত অটোরিকশায় হঠাৎ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আগুন নেভানোর সময় গাড়িটির ইঞ্জিনের ভেতর থেকে ১০ পোটলায় প্রায় ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) সকাল প্রায় ১১টার দিকে পৌর শহরের চণ্ডিবের উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি সিএনজি চালিত অটোরিকশা চলন্ত অবস্থায় হঠাৎ আগুন ধরে যায়। এ সময় স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। আগুন নেভানোর একপর্যায়ে সিএনজির ইঞ্জিনের ভেতরে কালো পলিথিনে মোড়ানো ৯টি অক্ষত বান্ডেল এবং একটি ছেঁড়া বান্ডেলসহ মোট ১০টি পোটলা পাওয়া যায়। পরে সেগুলোতে গাঁজা রয়েছে বলে নিশ্চিত হওয়া যায়।

গাঁজা উদ্ধারের ঘটনা টের পেয়ে সিএনজির চালক কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।

খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিএনজিটি জব্দ করে এবং উদ্ধারকৃত গাঁজা থানায় নিয়ে যায়। এ বিষয়ে ভৈরব থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, উদ্ধারকৃত গাঁজার পরিমাণ আনুমানিক ১৯ কেজি। সিএনজিটি কোন এলাকা থেকে কোথায় যাচ্ছিল এবং এর সঙ্গে কারা জড়িত—তা তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডিএমপির ডিসি মিজানুর রহমান কিশোরগঞ্জের নতুন এসপি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১:৫৩ অপরাহ্ণ
ডিএমপির ডিসি মিজানুর রহমান কিশোরগঞ্জের নতুন এসপি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মিজানুর রহমানকে কিশোরগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে বদলি করা হয়েছে। তিনি ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন কর্মকর্তা।

মিজানুর রহমান কুমিল্লার দেবিদ্বার উপজেলার গঙ্গামণ্ডল রাজ ইনস্টিটিউশন থেকে এসএসসি এবং সুজাত আলী সরকারি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন—উভয় পরীক্ষায়ই প্রথম বিভাগে উত্তীর্ণ হন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে প্রথম শ্রেণি অর্জন করেন।

২৫তম বিসিএসে উত্তীর্ণ হয়ে পুলিশ ক্যাডারে যোগদানের পর তিনি দেশের বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করেন। পাশাপাশি র‍্যাব, এপিবিএন (APBn) এবং পিবিআইতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

ডিএমপির গুলশান ট্রাফিক বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনয়ন, যানজট নিরসন এবং আইন প্রয়োগে দক্ষতার স্বাক্ষর রাখেন। গুলশান, বনানী ও বারিধারা এলাকার বিভিন্ন আবাসিক সোসাইটির সঙ্গে সমন্বয় করে কার্যকর ট্রাফিক পরিকল্পনা বাস্তবায়ন করেন। জনদুর্ভোগ কমাতে তার এসব উদ্যোগ ব্যাপক প্রশংসিত হয়। কাজের স্বীকৃতিস্বরূপ তিনি একাধিকবার ‘শ্রেষ্ঠ ডিসি’ পুরস্কার অর্জন করেন।

ব্যক্তিগতভাবে তিনি লেখালেখির সঙ্গেও যুক্ত। ‘রহমান শেলী’ ছদ্মনামে সহজ ও সাবলীল ভাষায় লিখে থাকেন। যদিও তার সরকারি নাম মোহাম্মদ মিজানুর রহমান। কবিতা, উপন্যাস, ক্রাইম ফিকশন, গোয়েন্দা কাহিনী, সমসাময়িক বিষয়সহ বিভিন্ন ধারায় তার লেখালেখি বিস্তৃত। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৩৪টি, যা ‘রহমান শেলী’ নামেই প্রকাশিত। সাহিত্যকর্মে অবদানের জন্য তিনি ১৯৯৯ সালে প্রথম আলো বন্ধুসভার ‘শ্রেষ্ঠ লেখক’ পুরস্কার লাভ করেন। এছাড়া ২০০৭ সালে বাংলাদেশ পুলিশ একাডেমিতে পুলিশ সংগীত রচনার জন্য পুরস্কৃত হন। কাব্য মালাঞ্জলি সাহিত্য পুরস্কার এবং কৃষ্টি ও কালচার সাহিত্য পুরস্কারও অর্জন করেছেন তিনি।

কিশোরগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।

কিশোরগঞ্জে ৩৯ পিস ইয়াবাসহ শীর্ষ মাদককারবারি আটক

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ
কিশোরগঞ্জে ৩৯ পিস ইয়াবাসহ শীর্ষ মাদককারবারি আটক

কিশোরগঞ্জে পুলিশের এক বিশেষ অভিযানে ৩৯ পিস ইয়াবাসহ আ. মান্নান (৩৫) নামে এক শীর্ষ মাদককারবারিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কামাল ভূঞা বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সোমবার (২০ এপ্রিল) রাতে সদর উপজেলার জালুয়াপাড়া এলাকায় ফাল্গুনী সিনেমা হলের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত আ. মান্নান কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, তিনি এলাকায় তালিকাভুক্ত একজন শীর্ষ মাদককারবারি।

গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ সদর মডেল থানার এসআই মামুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার রাতে ওই এলাকায় অভিযান চালায়। দীর্ঘ নজরদারির পর অত্যন্ত সতর্কতার সঙ্গে অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে আ. মান্নান পালানোর চেষ্টা করলে চারদিক থেকে ঘেরাও করে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৩৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনাকারী এসআই মামুনুর রশিদ জানান, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন এবং তরুণ সমাজকে বিপথগামী করছিলেন। মাদকমুক্ত পরিবেশ গড়ে তুলতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ওসি মোহাম্মদ আবুল কামাল ভূঞা বলেন, “মাদক ও কিশোর গ্যাং নির্মূলে নিয়মিত অভিযানের অংশ হিসেবে জালুয়াপাড়া এলাকা থেকে চিহ্নিত মাদককারবারি মান্নানকে ইয়াবাসহ আটক করা হয়েছে।”

তিনি আরও জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।