সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

তাড়াইলে জাতীয় পার্টিতে বড় ভাঙন: উপজেলা-ইউনিয়ন ৮ চেয়ারম্যানের বিএনপিতে যোগদান

ওয়াসিম সোহাগ প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৭:৩৬ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
তাড়াইলে জাতীয় পার্টিতে বড় ভাঙন: উপজেলা-ইউনিয়ন ৮ চেয়ারম্যানের বিএনপিতে যোগদান

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় জাতীয় পার্টির রাজনীতিতে বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে। জাতীয় পার্টির জনপ্রিয় নেতা ও দুইবারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূইয়া শাহীন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেছেন।

বুধবার (২৮ জানুয়ারি) কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুকের বাসভবনে ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে এই যোগদান সম্পন্ন হয়।

এ সময় তার সঙ্গে বিএনপিতে যোগ দেন তাড়াইল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাসেম খানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ছয়জন বর্তমান ও সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান। তারা হলেন— ৫ নং দামিহা ইউনিয়নের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান হুমায়ুন কবির ভূঁইয়া, ৪ নং জাওয়ার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এমদাদুল হক রতন, ৩ নং ধলা ইউনিয়নের দুইবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান মবিন, ৭ নং তাড়াইল–সাচাইল সদর ইউনিয়নের চেয়ারম্যান সাইমদাদ খান নওশাদ, ৬ নং দিগদাইড় ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ এবং ১ নং তালজাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশিকুর রহমান আশিক।

এ ছাড়া যোগদান অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অসংখ্য নেতাকর্মী বিএনপিতে যোগ দেন।

যোগদানকালে নেতারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার পুনরুদ্ধারে জাতীয়তাবাদী আদর্শের বিকল্প নেই। তারা জানান, আজ থেকে তাড়াইল উপজেলায় বিএনপির আদর্শে রাজনীতি করবেন এবং দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করতে সক্রিয় ভূমিকা রাখবেন।

স্থানীয় রাজনৈতিক মহল এই একযোগে যোগদানকে তাড়াইলের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছেন। তাদের মতে, এতে করে উপজেলায় বিএনপির সাংগঠনিক অবস্থান আরও সুদৃঢ় হবে এবং রাজনৈতিক সমীকরণে দৃশ্যমান পরিবর্তন আসবে।

আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে কটিয়াদীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

মাইনুল হক মেনু প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ১০:১৮ অপরাহ্ণ
আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে কটিয়াদীতে  ছাত্রদলের বিক্ষোভ মিছিল

কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা ছাত্রদলের উদ্যোগে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের কথিত অপতৎপরতা, দেশবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সোমবার বিকেলে কটিয়াদী উপজেলা সড়কসংলগ্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় অতিক্রম করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং কথিত দেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান জানান।

মিছিলে নেতৃত্ব দেন কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মুশফিকুর রহমান ওবায়দুর, কটিয়াদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তসরিফুল হাছিব, সদস্যসচিব আশিকুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক দিদারুল ইসলাম এবং সদস্যসচিব মো. নাসিম মিয়া। এছাড়া উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন।

পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের লক্ষ্যে কোনো ধরনের নাশকতা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা বরদাশত করা হবে না। তাঁদের অভিযোগ, একটি চক্র দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা ব্যাহত করতে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থেকে সোচ্চার ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় ছাত্রদল অতীতের মতো ভবিষ্যতেও রাজপথে সক্রিয় থাকবে। জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে—এমন যেকোনো অপতৎপরতা কঠোরভাবে প্রতিহত করার কথাও তারা উল্লেখ করেন।

এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে প্রশাসনের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, গণতন্ত্র, ভোটাধিকার এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও দেশের স্বার্থবিরোধী যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় রাজপথে সক্রিয় থাকবে।

কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক সোহানা নাসরিন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৯:০৯ অপরাহ্ণ
কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক সোহানা নাসরিন

“রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (২২ জুন ২০২৬) কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন।

কারা প্রাঙ্গণে পৌঁছালে জেলা প্রশাসককে কারা কর্তৃপক্ষ আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করে। পরে তিনি কারাগারের সার্বিক পরিবেশ, বন্দিদের আবাসন ব্যবস্থা, খাদ্যের মান, চিকিৎসাসেবা এবং অন্যান্য কল্যাণমূলক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক কারাবন্দিদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের বিভিন্ন অভিযোগ, সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন। প্রতিকারযোগ্য বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি।

এ সময় তিনি বন্দিদের জন্য সরবরাহকৃত খাদ্যের গুণগত মান বজায় রাখা এবং কারা ক্যান্টিনে বিক্রিত পণ্যের মূল্য ও মান নিয়মিত তদারকির নির্দেশ দেন। পাশাপাশি অসুস্থ বন্দিদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করা, প্রয়োজনীয় ওষুধের পর্যাপ্ত সরবরাহ বজায় রাখা এবং নির্ধারিত বিধি অনুযায়ী পুষ্টিকর খাদ্য সরবরাহের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

জেলা প্রশাসক কারা কর্তৃপক্ষকে বন্দিদের মানবিক মর্যাদা রক্ষা, পুনর্বাসনমূলক কার্যক্রম জোরদার এবং একটি সংশোধনমুখী পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, কারাগার শুধু শাস্তি কার্যকরের স্থান নয়; বরং একজন মানুষকে সৎ, দায়িত্বশীল ও সমাজোপযোগী নাগরিক হিসেবে গড়ে তোলার একটি কার্যকর শোধনাগার হওয়া উচিত।

তিনি আশা প্রকাশ করেন, এ লক্ষ্য বাস্তবায়নে কারা কর্তৃপক্ষ ভবিষ্যতেও আন্তরিকতা, দায়িত্বশীলতা ও মানবিক দৃষ্টিভঙ্গির সঙ্গে দায়িত্ব পালন করবে।

কিশোরগঞ্জের মিঠামইনে লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৬:৫৮ অপরাহ্ণ
কিশোরগঞ্জের মিঠামইনে লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

কিশোরগঞ্জের মিঠামইনে মৎস্য অধিদপ্তরের অভিযানে তিন লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি (রিং) জাল জব্দ করে, আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

আজ সোমবার (২২ জুন) দুপুরে অভিযান শেষে বিকেল ৩টার দিকে মিঠামইন থানার ঘাট এলাকায় জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, মৎস্য প্রজনন মৌসুমে হাওরে মাছের উৎপাদন বাড়ানো ও নিষিদ্ধ জালের ব্যবহার রোধে মিঠামইন উপজেলার ছোটদিঘা বিল, দেওদাইর, রাফায়েল বিল এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে তিন হাজার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে, উপজেলার সদরে থানার ঘাটে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

এসময় কোন জেলেকে পাওয়া যায়নি। অভিযানকালে, মিঠামইন নৌ-পুলিশ ফাঁড়ির সহযোগিতায়, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নজরুল ইসলামের নেতৃত্বে অভিযানে অংশ নেন উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা।

এই বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, উন্মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্য সম্পদ সংরক্ষণে জন্য চায়না দুয়ারি ও কারেন্ট জালসহ নিষিদ্ধ সকল জাল জব্দ, বন্ধকরণ, অবৈধ বাঁধ ও অন্যান্য স্থায়ী স্থাপনা অপসারণে অভিযান পরিচালনা করা হয়। জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।