কিশোরগঞ্জ-৫ স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নেওয়ায় দুই ধাপে বিএনপির ৩০ নেতা বহিষ্কার
কিশোরগঞ্জ-৫ (নিকলী–বাজিতপুর) সংসদীয় আসনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি ও এর অঙ্গসংগঠনের ৩০ জন নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী সৈয়দ এহসানুল হুদার ধানের শীষ প্রতীকের বিপক্ষে এবং বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত শেখ মজিবুর রহমান ইকবালের হাঁস প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে এসব নেতাকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে।
গত রোববার (১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিকলী ও বাজিতপুর উপজেলার ১৩ জন নেতার বহিষ্কারাদেশ প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।
এর আগে, গত ২৬ জানুয়ারি একই দুই উপজেলার আরও ১৭ জন নেতাকে বহিষ্কার করা হয়েছিল।
আসন্ন সংসদ নির্বাচনের ঠিক পূর্বমুহূর্তে দুই ধাপে মোট ৩০ জন নেতাকে বহিষ্কার করায় নিকলী ও বাজিতপুর উপজেলায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়া শতাধিক দলীয় নেতার মধ্যে বহিষ্কারের আশঙ্কা দেখা দিলেও তারা এখনো শেখ মজিবুর রহমান ইকবালের হাঁস প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
নির্বাচনের আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কারের তালিকা আরও দীর্ঘ হতে পারে বলে স্থানীয় বিএনপি নেতারা ধারণা করছেন।










