হোসেনপুরে আসামি নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনা: কনস্টেবলের মৃত্যু
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় পলাতক এক আসামিকে গ্রেপ্তার করে থানায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হোসেনপুর থানার কনস্টেবল নজরুল ইসলাম (৫০) মারা গেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রবিবার রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পদোরগাতি এলাকায় পুলিশের বহনকারী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কনস্টেবল নজরুল ইসলাম গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর তাঁকে দ্রুত উদ্ধার করে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে সকাল ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
কনস্টেবল নজরুল ইসলামের মৃত্যুতে সহকর্মী ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল ইসলাম।







