জমজমাট লড়াইয়ের পর সৌহার্দ্যের দৃষ্টান্ত করিমগঞ্জ–তাড়াইলে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জে সবচেয়ে জমজমাট লড়াই হয়েছে করিমগঞ্জ–তাড়াইল নিয়ে গঠিত কিশোরগঞ্জ-৩ আসনে। এ আসনে জামায়াতের প্রার্থীকে পরাজিত করে বিজয়ী হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক।
বেসরকারি ফলাফল অনুযায়ী, ড. এম ওসমান ফারুক পেয়েছেন ১ লাখ ১২ হাজার ৪৭৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও দেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. কর্নেল (অব.) জেহাদ খান পেয়েছেন ১ লাখ ২ হাজার ৪৬৬ ভোট।
ফলাফল ঘোষণার পর রাজনৈতিক সৌহার্দ্যের এক প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেন পরাজিত প্রার্থী কর্নেল জেহাদ খান। তিনি ফুল ও মিষ্টি নিয়ে বিজয়ী প্রার্থী ড. ওসমান ফারুকের বাসায় গিয়ে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন করিমগঞ্জ জামায়াতের সাবেক উপজেলা আমির ও কিশোরগঞ্জ পৌর মহিলা কলেজের ইংরেজি বিভাগের প্রধান আজিজুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কিশোরগঞ্জ জেলা সভাপতি শেখ খায়রুল কবীর।
এই মুহূর্তটিকে নির্বাচনের পর পারস্পরিক সম্মান ও রাজনৈতিক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। ড. ওসমান ফারুকের ফেসবুক পেজে ছবি প্রকাশের পর কর্নেল জেহাদ খানকে প্রশংসায় ভাসান নেটিজেনরা।







