সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ১৪৩২
সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ১৪৩২

কিশোরগঞ্জ আইনজীবী সহকারী সমিতির সভাপতির ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪১ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
কিশোরগঞ্জ আইনজীবী সহকারী সমিতির সভাপতির ইন্তেকাল

কিশোরগঞ্জ সদরের চরশোলাকিয়া নীলগঞ্জ রোডের বাসিন্দা এবং কিশোরগঞ্জ জেলা আইনজীবী সহকারী সমিতির সাতবারের সফল সভাপতি শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ২০ মিনিটে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।

তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীতে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে কিশোরগঞ্জ জেলা আইনজীবীপাড়ায় গভীর শোকের ছায়া নেমে আসে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বাদ যোহর শহীদী মসজিদ প্রাঙ্গণে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় আইনজীবী, আইনজীবী সহকারী সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের মানুষ অংশ নেন। পরে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সহকারী সমিতির নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।

রাজনৈতিক সৌহার্দ্যের বার্তা দিতে চরমোনাই পীরের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪০ অপরাহ্ণ
রাজনৈতিক সৌহার্দ্যের বার্তা দিতে চরমোনাই পীরের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ

নির্বাচন-পরবর্তী রাজনৈতিক সৌহার্দ্য ও ইতিবাচক রাজনীতির বার্তা দিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের বাসায় সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার(১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে তারেক রহমান ঢাকার রমনায় মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের বাসায় পৌঁছান। এ সময় মুফতি রেজাউল করীম তাঁকে স্বাগত জানান। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব (সেক্রেটারি জেনারেল) অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ।

তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।

সাক্ষাৎকালে ইসলামী আন্দোলনের আমিরের বাসার সামনে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা এবং সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, পারস্পরিক সহাবস্থান এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা করতেই এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এর আগে, শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতার কারণে একে অপরের মধ্যে কোথাও কোথাও ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে থাকতে পারে। তবে এসব বিরোধ যেন প্রতিশোধ বা প্রতিহিংসায় রূপ না নেয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

একই সঙ্গে তিনি একটি নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার পথে ভিন্ন দল ও ভিন্নমতের সবার সহযোগিতা কামনা করেন।

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ২১২টি আসনে জয়ী হয়ে সরকার গঠনের পথে রয়েছে বিএনপি। এ নির্বাচনে জামায়াত পেয়েছে ৬৮টি আসন। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের সংগঠকদের দল এনসিপি ছয়টি আসনে জয়ী হয়েছে, বাংলাদেশ খেলাফত মজলিশ ২ আসনে, খেলাফত মজলিশ ১ আসনে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসনে বিজয়ী হয়েছে।

কিশোরগঞ্জে নিয়োগ পরীক্ষা: ২০ ফেব্রুয়ারি কম্পিউটার ও ফটোকপি দোকান বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০৫ অপরাহ্ণ
কিশোরগঞ্জে নিয়োগ পরীক্ষা: ২০ ফেব্রুয়ারি কম্পিউটার ও ফটোকপি দোকান বন্ধের নির্দেশ

কিশোরগঞ্জ জেলা প্রশাসনের রাজস্ব প্রশাসনের অধীনে বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় কম্পিউটার ও ফটোকপি মেশিনের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, ২০তম গ্রেডের মোট ৫৯টি শূন্যপদের জন্য লিখিত পরীক্ষা আগামী ২০ ফেব্রুয়ারি ২০২৬ (শুক্রবার) অনুষ্ঠিত হবে। এর মধ্যে অফিস সহায়ক পদে ৫৫টি, নিরাপত্তা প্রহরী পদে ৩টি এবং পরিচ্ছন্নতা কর্মী পদে ১টি রয়েছে।

পরীক্ষাটি সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কিশোরগঞ্জ সদরসহ করিমগঞ্জ, কটিয়াদী, পাকুন্দিয়া ও হোসেনপুর উপজেলার বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট উপজেলাগুলোর সকল কম্পিউটার ও ফটোকপি মেশিনের দোকান পরীক্ষার দিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশ অমান্য করলে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ছাগল যাওয়াকে কেন্দ্র করে বাজিতপুরে সংঘর্ষ, অন্তঃসত্ত্বা গৃহবধূ ও প্রতিবন্ধী ছাত্রীসহ আহত ৪

সাব্বির আহমদ মানিক প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৫৪ অপরাহ্ণ
ছাগল যাওয়াকে কেন্দ্র করে বাজিতপুরে সংঘর্ষ, অন্তঃসত্ত্বা গৃহবধূ ও প্রতিবন্ধী ছাত্রীসহ আহত ৪

প্রতীকী ছবি

বাজিতপুর উপজেলায় প্রতিবেশীর উঠানে ছাগল যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে এক পরিবারের অন্তঃসত্ত্বা গৃহবধূ ও এক প্রতিবন্ধী ছাত্রীসহ চার নারী আহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার পিরিজপুর ইউনিয়নের বিলপাড় গজারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—অন্তঃসত্ত্বা রিমা আক্তার (২২), বাজিতপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের প্রতিবন্ধী ছাত্রী জহুরা খাতুন (২০), তাঁর মা ফুলবানু (৬৫) এবং বোন সাফিয়া খাতুন (২৬)।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অন্তঃসত্ত্বা রিমা আক্তারের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন রিমা আক্তার জানান, সোমবার সকালে তাঁদের একটি ছাগল প্রতিবেশী আরমানের উঠানে গেলে এ নিয়ে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আরমান ও তাঁর মা রাজিয়া তাঁদের মারধর করেন। এতে তিনি পেটে ও পিঠে আঘাত পান।

রিমা আক্তারের অভিযোগ, এর আগেও তাঁদের পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে। পরিবারের একাধিক সদস্য প্রতিবন্ধী হওয়ায় তারা নিয়মিত হয়রানির শিকার হচ্ছেন।

এ বিষয়ে বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শহিদুল্লাহ বলেন, এখনো এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।