রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ১৪৩২
রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ১৪৩২

হোসেনপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সঞ্জিত চন্দ্র শীল প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১:২৯ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
হোসেনপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কিশোরগঞ্জের হোসেনপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ পালন করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে উপজেলা পরিষদ মাঠে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহসীন মাসনাদ, হোসেনপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার তোফাজ্জল হোসেন, থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসিম সবুজ, সাবেক পৌর মেয়র ও বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান, পৌর বিএনপির সভাপতি এ কে এম শফিকুল হক শফিক ও সাধারণ সম্পাদক মো. মানছুরুল হক রবিন।

এছাড়াও উপস্থিত ছিলেন হোসেনপুর মডেল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শওকত হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু নাঈমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এ সময় উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে ভাষা আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে ২১ ফেব্রুয়ারি ভোরে খালি পায়ে র‍্যালি বের করে স্থানীয় শহীদ মিনারগুলোতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও র‍্যালি ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শিক্ষার্থী শাওন হত্যার বিচারের দাবিতে কটিয়াদীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মাইনুল হক মেনু প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০২ অপরাহ্ণ
শিক্ষার্থী শাওন হত্যার বিচারের দাবিতে কটিয়াদীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

কিশোরগঞ্জের কটিয়াদীতে শিক্ষার্থী নুরুল্লাহ শাওন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় ছাত্রসমাজের উদ্যোগে কলামহল দরগা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কটিয়াদী সরকারি কলেজের সামনে গিয়ে মানববন্ধনে মিলিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় জনগণ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর, নিহত শাওনের চাচা সাজেদুল ইসলাম সেলিম, কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল আলম নাইম, জাতীয় নাগরিক পার্টির নেতা আবদুল্লাহ আল রোমান, ডেন্টিস্ট আফজাল হোসেন এবং ছাত্রনেতা রায়হানুল ইসলাম রানা, জুয়েল আহমেদ, এইচ এম বাশার, আবুল কাশেম রোকন ও শাকিল খান প্রমুখ।

বক্তারা বলেন, শাওনের মতো একজন মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থীর নির্মম হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্য অপূরণীয় ক্ষতি। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত সকল আসামিকে গ্রেপ্তার এবং স্বচ্ছ বিচার প্রক্রিয়ার মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

উল্লেখ্য, নিহত নুরুল্লাহ শাওন ময়মনসিংহ আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের চর ঝাকালিয়া কোনাপাড়া গ্রামের মো. শাহজাহান মিয়ার ছেলে।

গত বুধবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে জয়নুল আবেদীন পার্ক এলাকায় ঘুরতে গিয়ে শাওন ছিনতাইকারীদের হামলার শিকার হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। দুই দিন পর শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ব্রহ্মপুত্র নদের চরে তার মরদেহ উদ্ধার করা হয়।

মানববন্ধন শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়। তবে দ্রুত বিচার কার্যক্রম দৃশ্যমান না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন আয়োজকরা।

ভৈরবে স্বামীকে অপহরণ করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি, চারজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫৭ অপরাহ্ণ
ভৈরবে স্বামীকে অপহরণ করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি, চারজন গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরবে এক ব্যক্তিকে অপহরণ করে তার স্ত্রীর কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে ভৈরব থানা পুলিশ। এ সময় অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে পৌর শহরের জগন্নাথপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ব্যক্তির নাম নাঈম মিয়া।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—জগন্নাথপুর দক্ষিণপাড়া এলাকার মাহমুদ হোসেনের ছেলে খোকন মাহমুদ (৪৬), একই এলাকার মধ্যপাড়ার মৃত ধন মিয়ার ছেলে আবুল কাসেম (৪৫), লিটন মিয়ার ছেলে রাজিব মিয়া (৩৫) এবং নুর ইসলামের ছেলে শাহ আলম (৪৫)।

অপহৃত নাঈম মিয়া ভৈরবের কমলপুর নিউটাউন এলাকার হাছেন আলী মিয়ার বাড়ির ভাড়াটিয়া। অভিযোগকারী নারী তার স্ত্রী সাজিয়া খানম নিশি।

থানা পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে সাজিয়া খানম নিশি আবুল কাসেমকে তালাক দিয়ে নাঈম মিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তালাকের ঘটনায় ক্ষিপ্ত হয়ে ২১ ফেব্রুয়ারি দুপুরে ভৈরব বাজার থেকে নাঈম মিয়াকে অপহরণ করে আবুল কাসেম ও তার সহযোগীরা। পরে তারা সাজিয়া খানম নিশির কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

উদ্ধার হওয়া নাঈম মিয়া বলেন, “আমি বাজারে রিপ্রেজেন্টেটিভের কাজ করি। ২১ ফেব্রুয়ারি দুপুরে কাসেম ও খোকনসহ কয়েকজন আমাকে বাজার থেকে অপহরণ করে জগন্নাথপুরে নিয়ে যায়। সেখানে হাত-পা শিকল দিয়ে বেঁধে মারধর করা হয়। তারা ৫০ লাখ টাকা দাবি করে এবং টাকা না দিলে আমাকে হত্যা করার হুমকি দেয়। রাতে পুলিশ এসে আমাকে উদ্ধার করে।”

ভৈরব থানার ওসি আতাউর রহমান আকন্দ বলেন, “অপহরণের খবর পাওয়ার পর আমি নিজে পুলিশের একটি দল নিয়ে জগন্নাথপুর এলাকায় অভিযান পরিচালনা করি। খোকন মাহমুদের অফিসের ভেতর থেকে শাটার কেটে হাত-পা শিকলবদ্ধ অবস্থায় নাঈম মিয়াকে উদ্ধার করা হয়। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তারা ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।”

পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

রমজানে মূল্য নিয়ন্ত্রণে হোসেনপুরে প্রশাসনের বাজার তদারকি

সঞ্জিত চন্দ্র শীল প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৪৫ অপরাহ্ণ
রমজানে মূল্য নিয়ন্ত্রণে হোসেনপুরে প্রশাসনের বাজার তদারকি

কিশোরগঞ্জের হোসেনপুরে পবিত্র রমজান মাস মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে বাজার তদারকি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে তিনি হোসেনপুর বাজারের সবজি মহল এলাকায় এ মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন। এ সময় ফল, চাল, মাংস ও মসলা দোকানে অভিযান চালিয়ে মূল্যতালিকা যাচাই এবং বিক্রয় কার্যক্রম পরিদর্শন করা হয়।

অভিযানকালে ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ক্রেতাদেরও সচেতন থাকার আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

ইউএনও কাজী নাহিদ ইভা বলেন, রমজানে বাজারদর নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত মনিটরিং ও ভেজালবিরোধী অভিযান জোরদার করা হবে। কেউ অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন, উপজেলা খাদ্য কর্মকর্তা জেসমিন আক্তার এবং হোসেনপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।