কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় একটি পাদুকা ও প্লাস্টিক পণ্য উৎপাদনকারী কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অর্ধকোটি থেকে দেড় কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের শম্ভুপুর এলাকার সালাম পাদুকা মার্কেটসংলগ্ন রেনু ট্রেডার্স অ্যান্ড প্লাস্টিক কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা যায়, সকালবেলা কারখানা থেকে ধোঁয়া বের হতে দেখে এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ভৈরব বাজার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরে নদী, কুলিয়ারচর ও নন্দিয়া ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিট যৌথভাবে কাজ করে।
প্রায় দেড় থেকে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এর আগেই কারখানার কাঁচামাল, উৎপাদিত পণ্য ও যন্ত্রপাতি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
কারখানার মালিক শরিফুল ইসলাম রনি বলেন, ঈদ সামনে রেখে বিপুল পরিমাণ মালামাল মজুত ছিল। আগুনে প্রায় অর্ধকোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। তিনি বলেন, “ঋণ পরিশোধ করব কীভাবে, শ্রমিকদের বেতনই বা দেব কীভাবে—এ চিন্তায় আমি দিশেহারা।”
ফায়ার সার্ভিস সূত্র জানায়, অগ্নিকাণ্ডের সময় কারখানাটিতে প্রায় ৭০ জন শ্রমিক কর্মরত ছিলেন। তবে তারা নিরাপদে বের হয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ভৈরব বাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মো. আল আমিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। তবে তদন্ত শেষে আগুনের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা যাবে।