মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের উপদেষ্টাদের দপ্তর বণ্টন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪৪ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের উপদেষ্টাদের দপ্তর বণ্টন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারের উপদেষ্টাদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়েছে। গত সপ্তাহে সরকার গঠনের পর মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জারি করা গেজেট অনুযায়ী, মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান এবং রুহুল কবির রিজভী আহমেদ। মো. ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া রাশেদ আল মাহমুদ তিতুমীরকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। হুমায়ুন কবির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

অন্যদিকে, প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলামকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মাহদী আমিন একসঙ্গে চারটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। মন্ত্রণালয়গুলো হলো—শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

এদিকে রেহান আসিফ আসাদকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।


নামফলক অপসারণকে ‘অপকর্ম’ বললেন ভিপি সোহেল, বিচার নিশ্চিতের আশ্বাস

নূর আহাম্মদ পলাশ প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১:৩৩ অপরাহ্ণ
নামফলক অপসারণকে ‘অপকর্ম’ বললেন ভিপি সোহেল, বিচার নিশ্চিতের আশ্বাস

কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল বলেছেন, অপকর্মের সঙ্গে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না; প্রত্যেককে আইনের আওতায় এনে বিচার করা হবে।

সোমবার (১৩ এপ্রিল) কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে আয়োজিত শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামের উদ্বোধন করেছিলেন। একই দিনে কিশোরগঞ্জ নার্সিং ইনস্টিটিউটেরও উদ্বোধন করা হয়।

খালেদ সাইফুল্লাহ সোহেল অভিযোগ করেন, সময়ের ব্যবধানে স্টেডিয়ামের উদ্বোধনী নামফলক অপসারণ করা হয়েছে। এ ঘটনাকে ‘অপকর্ম’ আখ্যায়িত করে তিনি বলেন, এ কাজে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা প্রয়োজন। দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন

সুমন ঘোষ প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১:১৫ অপরাহ্ণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘কৃষক কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বাংলা নববর্ষের প্রথম দিন মঙ্গলবার (১৪ এপ্রিল) টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ কর্মসূচির যাত্রা শুরু হয়।

উদ্বোধনী দিনে টাঙ্গাইল জেলার ২২ হাজার ৬৫ জন কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দেওয়া হয়। একই সঙ্গে সুবিধাভোগীদের অ্যাকাউন্টে প্রাথমিকভাবে ২ হাজার ৫০০ টাকা করে প্রণোদনা প্রদান করা হয়েছে।

সমাবেশস্থলে ডিজিটাল পদ্ধতিতে বাটন চাপ দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে প্রতীকীভাবে ১৫ জন কৃষকের হাতে কৃষক কার্ড ও গাছের চারা তুলে দেন তিনি।

এর আগে গত ১২ এপ্রিল আয়োজিত এক সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানান, কৃষক কার্ডের মাধ্যমে চাষিরা বছরে আড়াই হাজার টাকা প্রণোদনা পাবেন। প্রাথমিক পর্যায়ে দেশের ১০টি জেলার ২২ হাজার ৬৫ জন কৃষক, মৎস্যজীবী, খামারি ও লবণচাষিকে এ সুবিধার আওতায় আনা হয়েছে।

কৃষক কার্ডের মাধ্যমে মোট ১০ ধরনের সুবিধা প্রদান করা হবে। এসব সুবিধার মধ্যে রয়েছে—ন্যায্য মূল্যে কৃষি উপকরণ প্রাপ্তি, সেচ সুবিধা, সহজ শর্তে ঋণ, কম দামে কৃষিযন্ত্রপাতি, সরকারি প্রণোদনা, আবহাওয়া সংক্রান্ত তথ্য, কৃষি প্রশিক্ষণ, রোগবালাই দমনের পরামর্শ, বীমা সুবিধা এবং ন্যায্য মূল্যে পণ্য বিপণনের সুযোগ।

সংশ্লিষ্টরা আশা করছেন, এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমবে এবং আধুনিক কৃষি ব্যবস্থাপনায় তারা আরও বেশি উৎসাহিত হবেন।

হোসেনপুরে নির্মাণকাজে বাধার অভিযোগে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১২:৫১ অপরাহ্ণ
হোসেনপুরে নির্মাণকাজে বাধার অভিযোগে সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় নিজস্ব জমিতে ভবন নির্মাণকাজে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মুহাম্মদ রুহুল আমিন।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার ঢেকিয়া এলাকার নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে রুহুল আমিন জানান, হোসেনপুর থানাধীন ঢেকিয়া এলাকার হনুমানতলা খাজা স্টুডিওর সামনে পশ্চিম পাশে তার নিজস্ব ক্রয়কৃত জমিতে তিনতলা ফাউন্ডেশনের একটি ভবন নির্মাণ করছেন। নির্মাণকাজ চলাকালে পাশের একটি টিনের ছাউনায় সামান্য বালু পড়াকে কেন্দ্র করে প্রতিবেশীর সঙ্গে বিরোধের সৃষ্টি হয়।

তিনি জানান, পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সিদ্ধান্ত হয়, কোনো ক্ষয়ক্ষতি হলে তা নতুন টিন দিয়ে মেরামত করে দেওয়া হবে। উভয় পক্ষ এ সিদ্ধান্তে সম্মত হলেও পরবর্তীতে প্রতিবেশী আশরাফুল আলম ও তার ছেলে অনিক মিয়া নির্মাণকাজে বাধা দিতে থাকেন বলে অভিযোগ করেন তিনি।

রুহুল আমিনের দাবি, ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে বিবাদীপক্ষ ধারাবাহিকভাবে ভবনের প্লাস্টারের কাজে বাধা প্রদান করে আসছে। ফলে দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় প্রায় ১ লাখ ২০ হাজার টাকার নির্মাণসামগ্রী নষ্ট হয়েছে।

তিনি আরও বলেন, ভবনটি প্লাস্টারবিহীন অবস্থায় থাকায় বৃষ্টির পানি দেয়াল বেয়ে বৈদ্যুতিক লাইনে প্রবেশ করছে, যা থেকে শর্ট সার্কিট ও অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, গত ২৫ মার্চ ২০২৬ কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ জানালে তাকে গালিগালাজ করা হয় এবং কাজ করলে দাঙ্গা-হাঙ্গামার হুমকি দেওয়া হয়।

তিনি বলেন, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা একাধিকবার বিরোধ মীমাংসার চেষ্টা করলেও তা সফল হয়নি।

সংবাদ সম্মেলনের শেষে রুহুল আমিন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, “নিজস্ব জমিতে বৈধভাবে ভবন নির্মাণে যেন কোনো বাধা না থাকে এবং নিরাপদে কাজ সম্পন্ন করতে পারি—সেজন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”