করিমগঞ্জের গুজাদিয়া বাজারে আগুন, কয়েকটি দোকান পুড়ে ছাই
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের গুজাদিয়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে এ আগুন লাগে। এতে একটি হার্ডওয়্যার ও ইলেকট্রিক সামগ্রীর দোকানসহ পাশের একটি বইয়ের দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেসার্স সৈয়দ নুরুল ইসলাম ট্রেডার্স নামের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের ধারণা, বিড়ি বা সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
জানা যায়, সৈয়দ নুরুল ইসলাম ট্রেডার্সে ইলেকট্রিক ও হার্ডওয়্যার পণ্যের ব্যবসার পাশাপাশি একটি রাইস মিলও রয়েছে। আগুনে দোকানের বিভিন্ন মালামাল পুড়ে যায়। এছাড়া পাশের স্বপ্না লাইব্রেরি নামের একটি বইয়ের দোকানও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
দোকানটির মালিকপক্ষের সদস্য সৈয়দ খাইরুল ইসলাম মানিক জানান, আগুনে তাদের প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে। রাইস মিলের যন্ত্রাংশ এবং পাশের দোকানে থাকা ফ্রিজ, রেফ্রিজারেটর, দরজা, পাইপ ও হার্ডওয়্যার সামগ্রীসহ বিভিন্ন পণ্য পুড়ে যায়।
করিমগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সুশান্ত কুমার দে মণ্ডল অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পৌনে ১২টার দিকে মুঠোফোনে আগুনের খবর পেয়ে ১০–১২ মিনিটের মধ্যে দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে ২৩ জন দমকলকর্মী ও স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় ৩৫–৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতির কথা বললেও বিষয়টি তদন্তসাপেক্ষ বলে জানিয়েছে।
ঘটনার পরপরই করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার এবং গুজাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাসুদ ঘটনাস্থল পরিদর্শন করেন।




