স্পিকারের আসন ফাঁকা রেখে শুরু অধিবেশন, অতঃপর সভাপতিত্বে প্রবীণ সংসদ সদস্য
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার সকাল ১১টা ৫ মিনিটে স্পিকারের চেয়ার খালি রেখে শুরু হয়েছে।
অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর বেলা সোয়া ১১টার দিকে বক্তব্য দেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যের শুরুতেই তিনি ১৯৭১ সাল থেকে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে শহীদদের স্মরণ করেন।
সংসদ নেতা তারেক রহমান অধিবেশনে সভাপতিত্ব করার জন্য প্রবীণ রাজনীতিবিদ ও সরকারি দলের সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন-এর নাম প্রস্তাব করেন। সরকারি দলের আরেক সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ প্রস্তাব সমর্থন করেন।
এ ছাড়া অধিবেশনে সভাপতিত্ব করার জন্য খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাবকে বিরোধী দলীয় উপনেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের ও সমর্থন জানান।
সাধারণত বিদায়ী সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারের সভাপতিত্বে নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। তার সভাপতিত্বেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়। তবে এবার এর ব্যতিক্রম ঘটেছে।
দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ২০২৪ সালের সেপ্টেম্বরে পদত্যাগ করার পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি। অন্যদিকে বিদায়ী ডেপুটি স্পিকার শামসুল হক টুকু হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। এমন পরিস্থিতিতে সংসদ কক্ষে স্পিকারের আসন ফাঁকা রেখেই অধিবেশন শুরু হয়।










