বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
[gtranslate]
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

ভৈরবে শিক্ষার্থী অপহরণের চেষ্টা: ‘ভুয়া সাংবাদিক’ পরিচয়ে দুজন আটক

জয়নাল আবেদীন রিটন প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৭:০৫ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
ভৈরবে শিক্ষার্থী অপহরণের চেষ্টা: ‘ভুয়া সাংবাদিক’ পরিচয়ে দুজন আটক

কিশোরগঞ্জের ভৈরবে মাদ্রাসাগামী এক শিক্ষার্থীকে অপহরণের চেষ্টার অভিযোগে নিজেকে সাংবাদিক পরিচয়দানকারী জসিম মিয়াসহ দুইজনকে আটক করেছে পুলিশ। স্থানীয়দের তাৎক্ষণিক হস্তক্ষেপে ওই শিক্ষার্থী ও তার বাবা মো. হারুনুর রশীদ (৪৮) উদ্ধার হন।

শনিবার (২৮ মার্চ) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার নিউটাউন এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া হারুনুর রশীদ ও তার মেয়ে মরিয়ম (১৬) শহরের নিউটাউন এলাকার বাসিন্দা। হারুনুর রশীদ স্থানীয় আল-মদিনা হোমিওপ্যাথিক ওষুধের দোকানের মালিক।

আটককৃতরা হলেন—কমলপুর গাছতলাঘাট এলাকার মৃত শফিক মিস্ত্রির ছেলে জসিম মিয়া এবং কমলপুর (লোকাল বাসস্ট্যান্ড) এলাকার মৃত উসমান গনির ছেলে রনি মিয়া (৩২)।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী পরিবারের সঙ্গে অভিযুক্তদের পূর্ব থেকেই বিরোধ ছিল। অভিযোগ রয়েছে, জসিম মিয়া বিভিন্ন সময় নিজেকে সাংবাদিক ও রাজনৈতিক কর্মী পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করতেন এবং দীর্ঘদিন ধরে শিক্ষার্থী মরিয়মকে উত্ত্যক্ত করে আসছিলেন।

অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন কৌশলে ডেকে ভুক্তভোগী ও তার বাবাকে বাসা থেকে নিচে নামানো হয়। পরে ভবনের সামনে এনে জসিম ও রনি মিলে তাদের মারধর করে জোরপূর্বক অটোরিকশায় তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় শিক্ষার্থীর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে এবং অভিযুক্তদের আটক করে রাখে।

খবর পেয়ে ভৈরব থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক দুইজনকে থানায় নিয়ে যায়।

ভুক্তভোগী হারুনুর রশীদ জানান, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শরীফা বেগম নামে এক নারী তার বিরুদ্ধে একটি চেক মামলা করেন, যার সূত্র ধরে জসিম মিয়া নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে তার কাছে দুই লাখ টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় তিনি ও তার মেয়েকে নিয়মিত হুমকি দেওয়া হচ্ছিল।

তিনি আরও বলেন, “মিথ্যা অভিযোগে আমাকে হয়রানি করে টাকা আদায়ের চেষ্টা করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

ভুক্তভোগী শিক্ষার্থী মরিয়ম জানায়, “জসিম ও তার সহযোগী বাসায় এসে বলে একজন নেতা ডাকছে। নিচে নামার পর তারা আমার বাবাকে মারধর করে আমাদের জোর করে তুলে নেওয়ার চেষ্টা করে।”

এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, “অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারা সাংবাদিক পরিচয় ব্যবহার করে অন্য কোনো অপরাধে জড়িত কিনা, তাও তদন্ত করে দেখা হচ্ছে।”

স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত জসিম মিয়া দীর্ঘদিন ধরে ভুয়া সাংবাদিক ও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় নানা অপকর্মে জড়িত।

হোসেনপুরের নতুন বাজার এলাকায় ইয়াবাসহ আটক এক ব্যক্তি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৬:৪৩ অপরাহ্ণ
হোসেনপুরের নতুন বাজার এলাকায় ইয়াবাসহ আটক এক ব্যক্তি

 

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় পুলিশের অভিযানে ২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মাজহারুল ইসলাম (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) রাত আনুমানিক ১০টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে হোসেনপুর থানার নতুন বাজার এলাকায় ইউনাইটেড ডায়াগনস্টিক সেন্টারসংলগ্ন সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে ২৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

হোসেনপুর থানা সূত্রে জানা গেছে, রেকর্ডপত্র যাচাই করে দেখা গেছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। ওই মামলায় তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছিল।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হোসেনপুর থানায় নতুন করে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, মাদকদ্রব্যের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ভিপি সোহেলের সুস্থতা কামনায় গোপীনাথ জিউর আখড়ায় বিশেষ প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১০:১২ অপরাহ্ণ
ভিপি সোহেলের সুস্থতা কামনায় গোপীনাথ জিউর আখড়ায় বিশেষ প্রার্থনা

কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল) খানের রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকায় অবস্থিত শ্রী শ্রী গোপীনাথ জিউর আখড়ায় এ প্রার্থনা সভার আয়োজন করা হয়।

প্রার্থনা সভার শুরুতে শ্রী শ্রী গোপীনাথ জিউর উদ্দেশে বিশেষ পূজা-অর্চনা ও নামকীর্তন অনুষ্ঠিত হয়। পরে সমবেত ভক্তরা জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল) খানের দ্রুত রোগমুক্তি, সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ প্রার্থনায় অংশ নেন। এ সময় তাঁর ব্যক্তিগত ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ধারাবাহিক সাফল্যও কামনা করা হয়।

অনুষ্ঠানের আয়োজক শ্রী শ্রী গোপীনাথ ও গৌর-নিতাই জিউর আখড়া পরিচালনা কমিটির নেতারা জানান, খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল) খান দীর্ঘদিন ধরে মন্দিরের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছেন। এজন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁরা দ্রুত সুস্থতা ও দীর্ঘ জীবন কামনা করেন।

প্রার্থনা সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, মন্দিরের সেবক এবং বিপুলসংখ্যক ভক্ত উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। একই সঙ্গে জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল) খানের দ্রুত আরোগ্যের জন্য সকলের কাছে প্রার্থনার আহ্বান জানানো হয়।

ভক্তদের বিশ্বাস ও প্রার্থনার মধ্য দিয়ে তাঁর দ্রুত সুস্থ হয়ে জনসেবামূলক কর্মকাণ্ডে ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিতরা।

কিশোরগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৬:০১ অপরাহ্ণ
কিশোরগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

কিশোরগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ মডেল থানাধীন রশীদাবাদ ইউনিয়ন পরিষদসংলগ্ন ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—মো. জুয়েল মিয়া (৩৮) ও মো. গোলাপ (৪৬)। পুলিশ জানিয়েছে, তারা মাদক কারবারের সঙ্গে জড়িত।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে জুয়েল মিয়ার কাছ থেকে ৩০ পিস এবং গোলাপের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। জব্দ করা ইয়াবার মোট সংখ্যা ৫০ পিস।

এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

কিশোরগঞ্জ জেলা পুলিশ জানায়, মাদকদ্রব্যের বিস্তার রোধে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূলে জেলা পুলিশের অভিযান ও আইনগত কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।


Warning: Constant WP_USE_THEMES already defined in /home/dkishoreganj/public_html/index.php on line 41