মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৫ ১৪৩২
মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৫ ১৪৩২

নিকলীতে ২৫ দিন পর ভুট্টাক্ষেতে যুবকের কঙ্কাল উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

শেখ উবাইদুল হক সম্রাট প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৮:০৪ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
নিকলীতে ২৫ দিন পর ভুট্টাক্ষেতে যুবকের কঙ্কাল উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় পরকিয়া সম্পর্কের জেরে নিখোঁজের ২৫ দিন পর আবির (২৮) নামে এক যুবকের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রেমিকা কেয়া (১৮) ও তার স্বামী মাহমুদুল হাসান রিয়ান (২০)-কে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ডুবি গ্রামের হাংড়াইল হাওরের একটি ভুট্টাক্ষেত থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। নিহত আবির উপজেলার সিংপুর ইউনিয়নের ভাটিবড়াটিয়া গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে। তিনি স্থানীয় কৃষক রহিমুদ্দিনের বাড়িতে বার্ষিক চুক্তিতে কৃষি শ্রমিক হিসেবে কাজ করতেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, কেয়া রাজশাহী জেলার বাগমারা উপজেলার ভবানীগঞ্জ এলাকার আ. রশীদের মেয়ে। সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে কেয়া ও মাহমুদুল হাসান রিয়ানের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং গত ১৯ জানুয়ারি তারা বিয়ে করেন।

নিহত আবির ও মাহমুদুল হাসান ছিলেন ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশী। সেই সূত্রে আবির প্রায়ই মাহমুদুলের বাড়িতে যাতায়াত করতেন। একপর্যায়ে মাহমুদুলের স্ত্রী কেয়ার সঙ্গে আবিরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, যা এলাকায় জানাজানি হলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

গত ২ মার্চ মাহমুদুল হাসান স্ত্রীকে বাড়িতে রেখে চট্টগ্রামে তার বাবার কাছে যান। এ সময় আবির কেয়ার সঙ্গে তোলা ছবি মাহমুদুলের কাছে পাঠান। পরে ৯ মার্চ ভোরে মাহমুদুল বাড়িতে ফিরে আসেন। একই দিন বিকেল থেকে আবির নিখোঁজ হন এবং তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে ১৩ মার্চ নিকলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিখোঁজের প্রায় এক মাস পর স্থানীয়দের মাধ্যমে ভুট্টাক্ষেতে একটি কঙ্কাল পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে। কঙ্কালের পরনের কাপড় দেখে পরিবারের সদস্যরা সেটিকে আবিরের বলে শনাক্ত করেন।

নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, “এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। উদ্ধারকৃত কঙ্কাল ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত কেয়া ও তার স্বামীকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।”

সাবেক স্পিকার শিরীন শারমিনকে গ্রেপ্তার, মিন্টো রোডে জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৭:৪৬ পূর্বাহ্ণ
সাবেক স্পিকার শিরীন শারমিনকে গ্রেপ্তার, মিন্টো রোডে জিজ্ঞাসাবাদ

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী-কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান চলাকালীন সহিংসতার ঘটনায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ সড়কের নিজ বাসভবন থেকে তাঁকে হেফাজতে নেওয়া হয়।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। তবে ঠিক কোন মামলার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি। পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানানো হবে বলে জানিয়েছে ডিবি।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৭ আগস্ট রংপুর-এ স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় তাঁর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। নিহতের স্ত্রী দিলরুবা আক্তারের করা মামলায় শিরীন শারমিন চৌধুরী ছাড়াও সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি-সহ মোট ১৭ জনকে আসামি করা হয়। ওই মামলায় টিপু মুনশি ইতোমধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

রাজনৈতিক কর্মজীবনে ড. শিরীন শারমিন চৌধুরী দীর্ঘ সময় ধরে জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৩ সালের ৩০ এপ্রিল তিনি প্রথমবার স্পিকার নির্বাচিত হন এবং পরবর্তীতে টানা চারবার এই সাংবিধানিক পদে দায়িত্ব পালন করেন।

সর্বশেষ ২০২৪ সালের ৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে তিনি শপথ নেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ-এর মনোনয়নে রংপুর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসছিলেন।

৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ২ সেপ্টেম্বর তিনি স্পিকারের পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন।

৫ আগস্টের পর থেকে তিনি জনসম্মুখে খুব একটা না আসলেও তাঁর অবস্থান নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক কৌতূহল ছিল।

কটিয়াদীতে মার্কিন-ইসরাইল আগ্রাসন ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে কমিউনিস্ট পার্টির মিছিল

মাইনুল হক মেনু প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৮:০০ অপরাহ্ণ
কটিয়াদীতে মার্কিন-ইসরাইল আগ্রাসন ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে কমিউনিস্ট পার্টির মিছিল

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উদ্যোগে বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে দলটির নেতাকর্মীরা অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের কথিত গোপন বাণিজ্য চুক্তি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি। তারা এ চুক্তি বাতিলসহ সকল ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান জানান।

এছাড়া মধ্যপ্রাচ্যে মার্কিন-ইসরাইল আগ্রাসন, দখল ও গণহত্যার প্রতিবাদ, জাতীয় সংসদে জাতীয় সংগীতের অবমাননাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, জ্বালানি তেল, কৃষি উপকরণ ও নিত্যপণ্যের অবাধ সরবরাহ ও ন্যায্য মূল্য নিশ্চিত করা, জননিরাপত্তা ও সুশাসন প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।

বিক্ষোভ মিছিলটি কটিয়াদী বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা শাখার সভাপতি সেলিম উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা সভাপতি আব্দুর রহমান রুমি, জেলা সম্পাদকীয় কমিটির সদস্য সৈয়দ নজরুল ইসলাম, পাকুন্দিয়া উপজেলা সভাপতি মো. রেনু মিয়া এবং উপজেলা সাধারণ সম্পাদক মস্তফা কামাল নান্দুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতিতে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। তাই জনস্বার্থে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

কুলিয়ারচরে ফুয়েল কার্ড ছাড়া তেল বিক্রি বন্ধে মোবাইল কোর্টের অভিযান

আজিজুল ইসলাম প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৭:৫৯ অপরাহ্ণ
কুলিয়ারচরে ফুয়েল কার্ড ছাড়া তেল বিক্রি বন্ধে মোবাইল কোর্টের অভিযান

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় ফুয়েল কার্ড ছাড়া জ্বালানি তেল বিক্রি বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মেফতাহুল হাসান। অভিযানে সংশ্লিষ্ট ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।

জানা যায়, উপজেলার আলী আকবরী এলাকায় অবস্থিত নাহার ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় দেখা যায়, সরকারি নির্দেশনা অনুযায়ী নির্ধারিত ফুয়েল কার্ড ছাড়া জ্বালানি তেল সরবরাহের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হচ্ছে।

এ সময় যেসব গ্রাহক ফুয়েল কার্ড ছাড়া তেল নিতে এসেছিলেন, তাদের থামিয়ে সতর্ক করা হয়। প্রথমবার বিবেচনায় মানবিক দিক মাথায় রেখে কোনো জরিমানা না করে সচেতনতামূলক সতর্কবার্তা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মেফতাহুল হাসান জানান, জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা বজায় রাখা এবং সরকারি নীতিমালা বাস্তবায়নের লক্ষ্যে ফুয়েল কার্ড ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। তিনি আরও বলেন, ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে—ফুয়েল কার্ড ছাড়া কোনো যানবাহনে তেল সরবরাহ করা যাবে না।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে এই নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

এদিকে, এই অভিযানের ফলে স্থানীয় গ্রাহকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।