মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
[gtranslate]
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

“ক্রীড়া হবে সেতুবন্ধন”: কিশোরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত

নূর আহাম্মদ পলাশ প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১২:৫৭ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
“ক্রীড়া হবে সেতুবন্ধন”: কিশোরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত

“ক্রীড়া হবে সেতুবন্ধন, করবো বাধা দূরীকরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার সকালে কিশোরগঞ্জ সদর হাসপাতালের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লার সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমত, জেলা ক্রীড়া কর্মকর্তা মাহমুদা আক্তারসহ অন্যান্য কর্মকর্তারা। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক এবং সুধীজন উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ক্রীড়া শুধু শারীরিক সুস্থতার জন্যই নয়, বরং মানসিক বিকাশ, শৃঙ্খলা ও নেতৃত্বগুণ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে খেলাধুলার সঙ্গে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

সভায় আরও বলা হয়, নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে একটি সুস্থ, সচেতন ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তোলা সম্ভব।

ভিপি সোহেলের সুস্থতা কামনায় গোপীনাথ জিউর আখড়ায় বিশেষ প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১০:১২ অপরাহ্ণ
ভিপি সোহেলের সুস্থতা কামনায় গোপীনাথ জিউর আখড়ায় বিশেষ প্রার্থনা

কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল) খানের রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকায় অবস্থিত শ্রী শ্রী গোপীনাথ জিউর আখড়ায় এ প্রার্থনা সভার আয়োজন করা হয়।

প্রার্থনা সভার শুরুতে শ্রী শ্রী গোপীনাথ জিউর উদ্দেশে বিশেষ পূজা-অর্চনা ও নামকীর্তন অনুষ্ঠিত হয়। পরে সমবেত ভক্তরা জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল) খানের দ্রুত রোগমুক্তি, সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ প্রার্থনায় অংশ নেন। এ সময় তাঁর ব্যক্তিগত ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ধারাবাহিক সাফল্যও কামনা করা হয়।

অনুষ্ঠানের আয়োজক শ্রী শ্রী গোপীনাথ ও গৌর-নিতাই জিউর আখড়া পরিচালনা কমিটির নেতারা জানান, খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল) খান দীর্ঘদিন ধরে মন্দিরের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছেন। এজন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁরা দ্রুত সুস্থতা ও দীর্ঘ জীবন কামনা করেন।

প্রার্থনা সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, মন্দিরের সেবক এবং বিপুলসংখ্যক ভক্ত উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। একই সঙ্গে জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল) খানের দ্রুত আরোগ্যের জন্য সকলের কাছে প্রার্থনার আহ্বান জানানো হয়।

ভক্তদের বিশ্বাস ও প্রার্থনার মধ্য দিয়ে তাঁর দ্রুত সুস্থ হয়ে জনসেবামূলক কর্মকাণ্ডে ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিতরা।

কিশোরগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৬:০১ অপরাহ্ণ
কিশোরগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

কিশোরগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ মডেল থানাধীন রশীদাবাদ ইউনিয়ন পরিষদসংলগ্ন ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—মো. জুয়েল মিয়া (৩৮) ও মো. গোলাপ (৪৬)। পুলিশ জানিয়েছে, তারা মাদক কারবারের সঙ্গে জড়িত।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে জুয়েল মিয়ার কাছ থেকে ৩০ পিস এবং গোলাপের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। জব্দ করা ইয়াবার মোট সংখ্যা ৫০ পিস।

এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

কিশোরগঞ্জ জেলা পুলিশ জানায়, মাদকদ্রব্যের বিস্তার রোধে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূলে জেলা পুলিশের অভিযান ও আইনগত কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা দিলেন জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৬:০১ অপরাহ্ণ
জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা দিলেন জেলা প্রশাসক

প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬-এর জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীদের সম্মাননা দিয়েছে জেলা প্রশাসন। এ উপলক্ষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে বই ও নিমগাছের চারা তুলে দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন।

সোমবার (২৭ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার। এ সময় বিজয়ী শিক্ষার্থীদের পাশাপাশি তাঁদের অভিভাবকেরাও উপস্থিত ছিলেন।

সম্মাননা অনুষ্ঠানে জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, একটি বই শিশুর চিন্তা, কল্পনা ও জ্ঞানচর্চার নতুন দিগন্ত উন্মোচন করে। অন্যদিকে একটি গাছের চারা শিশুদের মধ্যে পরিবেশ সংরক্ষণ, প্রকৃতিপ্রেম এবং সবুজ বাংলাদেশ গড়ার দায়িত্ববোধ জাগ্রত করতে সহায়তা করে।

সম্মাননা পাওয়া শিক্ষার্থীরা হলেন—লোকসংগীত (পল্লীগীতি) বিভাগে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী কিশোরগঞ্জ সরকারি আদর্শ শিশু বিদ্যালয়ের শিক্ষার্থী অনয়া সরকার ঈশা, উপস্থিত বক্তৃতা বিভাগে প্রথম স্থান অর্জনকারী গাইটাল ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মাহির রাগীব, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জনকারী সরকারি আদর্শ শিশু বিদ্যালয়ের শিক্ষার্থী তাজকিয়া হোসেন ইমি এবং একই প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারী তমালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুস সাকিব।

অনুষ্ঠানে জেলা প্রশাসন শিক্ষার্থীদের এই অর্জনের জন্য অভিনন্দন জানায় এবং ভবিষ্যতেও সৃজনশীলতা, সাংস্কৃতিক চর্চা ও শিক্ষাক্ষেত্রে আরও বড় সাফল্য অর্জনের প্রত্যাশা ব্যক্ত করে।


Warning: Constant WP_USE_THEMES already defined in /home/dkishoreganj/public_html/index.php on line 41