নিকলীতে খাল দখলের অভিযোগ, প্রভাবশালীর বাড়ি নির্মাণে স্থানীয়দের প্রতিবাদ
কিশোরগঞ্জের নিকলীতে স্থানীয়দের বাধা উপেক্ষা করে প্রাচীন ও প্রশস্ত বেতিয়ার খাল মাটি দিয়ে ভরাট করে প্রভাবশালী প্রবাসী ও তার পরিবারের সদস্যদের দ্বারা বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে।
এই খাল রোদা নদী থেকে উৎপত্তি হয়ে রোদার পুড্ডা ও গোয়াল হাটির মধ্য দিয়ে জারইতলা হাওড়ে মিশেছে। খালটির দুই পাশে হাজারো মানুষের বসবাস। স্থানীয়রা জানান, কৃষি কাজ, মৎস্য আহরণ, পানি নিষ্কাশন এবং বর্ষা মৌসুমে নৌযাতায়তের একমাত্র পথ এই খাল। প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এই খালের ওপর এলজিইডি ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দুটি মাঝারি ধরনের পুল রয়েছে। এছাড়া খালের প্রবেশদ্বার অংশে প্রধান সড়ক ও জনপথের পুলটি নিকলী-কিশোরগঞ্জ সড়কের যোগাযোগের জন্য ব্যবহৃত হয়।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, খালের পাশের একটি ফসলী জমির মালিক হয়েছেন প্রবাসী এমরান ও তার পরিবার। তারা প্রাথমিকভাবে গ্রামের লোকদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে খাল ভরাট করা হবে না। তবে সম্প্রতি তারা ফসলী জমিতে বাড়ি নির্মাণের উদ্দেশ্যে রাতারাতি খালটি মাটি দিয়ে ভরাট শুরু করেন।
এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা বাধা প্রদান করলে এমরানের পরিবার তা উপেক্ষা করে কাজ চালিয়ে যায়। গ্রামের বাসিন্দারা অভিযোগ করেন, প্রভাবশালী অর্থ, পেশীশক্তি ও মিথ্যা চাঁদাবাজীর মাধ্যমে তারা নিজের স্বার্থে খালটি দখল করতে চাচ্ছেন।
গ্রামের পক্ষ থেকে সোমবার(৬ এপ্রিল) বিকেলে নিকলী উপজেলা নির্বাহী অফিসার রেহানা মজুমদার মুক্তি বরাবর লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার রেহানা মজুমদার মুক্তি জানান, তিনি অভিযোগ পেয়েছেন এবং দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।











Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array