সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩১ ১৪৩২
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩১ ১৪৩২

হিমেল হাওয়ায় ফাগুনের গান: বসন্ত উৎসবে রঙিন কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়

নূর আহাম্মদ পলাশ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৫:৪৫ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
হিমেল হাওয়ায় ফাগুনের গান: বসন্ত উৎসবে রঙিন কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়

“হিমেল হাওয়ায় ফাগুনের গান, বসন্ত এলো রাঙাতে প্রাণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে বসন্ত উৎসব ১৪৩২।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবটির আয়োজন করা হয়। শুরু থেকেই পুরো ক্যাম্পাস জুড়ে ছিল রঙিন সাজসজ্জা, শিক্ষার্থীদের উচ্ছ্বাস এবং উৎসবমুখর আবহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ, কিশোরগঞ্জের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা শামছুন নাহার মাকছুদা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মাসুদুল হাসান।

কিশোরগঞ্জের প্রাণকেন্দ্র ইশাখাঁ রোডে অবস্থিত ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানটিতে বসন্ত উৎসব উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়।

পরে অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তারা বলেন, পাঠ্যবইয়ের পাশাপাশি সংস্কৃতি চর্চা শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বসন্ত উৎসবের মতো আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা ও দেশীয় সংস্কৃতির প্রতি ভালোবাসা বাড়াতে সহায়ক।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক পর্ব। এতে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা নৃত্য, সংগীত, আবৃত্তিসহ নানা পরিবেশনায় অংশগ্রহণ করে। মনোমুগ্ধকর এসব পরিবেশনায় উপস্থিত দর্শনার্থীরা মুগ্ধ হন এবং বারবার করতালিতে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

দিনব্যাপী এ বসন্ত উৎসব আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে শেষ হয়, যা শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে দারুণ সাড়া ফেলে।

করিমগঞ্জে অবৈধ মজুদ ৮২০০ লিটার ভোজ্য তেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৮:৪১ পূর্বাহ্ণ
করিমগঞ্জে অবৈধ মজুদ ৮২০০ লিটার ভোজ্য তেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

কিশোরগঞ্জের করিমগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অবৈধভাবে মজুদ করে রাখা ৮ হাজার ২০০ লিটার ভোজ্য তেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে করিমগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন করিমগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন কবির। এতে কিশোরগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন মোহাম্মদ আসিফুর রহমান (বিএ-১১৭১৩), র‍্যাব-১৪-এর স্কোয়াড্রন লিডার মো. আলী নোমানসহ যৌথ বাহিনীর সদস্যরা অংশ নেন।

অভিযান চলাকালে করিমগঞ্জ বাজারের ‘মেসার্স নিশা স্টোর’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ ভোজ্য তেল অবৈধভাবে মজুদ করে রাখার প্রমাণ পাওয়া যায়। পরে সেখান থেকে ৮ হাজার ২০০ লিটার তেল জব্দ করা হয়।

এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনসহ সংশ্লিষ্ট বিধান লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটির মালিক চয়ন মিয়াকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর কিশোরগঞ্জ ক্যাম্প ও র‍্যাব-১৪-এর সদস্যরা অংশগ্রহণ করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন কবির জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি এবং অবৈধ মজুদদারি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


তাড়াইলে গৃহবধূর আত্মহত্যা, ঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৭:৩২ অপরাহ্ণ
তাড়াইলে গৃহবধূর আত্মহত্যা, ঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় টপি রানী পাল (২৬) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১২ এপ্রিল) রাত আনুমানিক ১টার দিকে উপজেলার নগরকুল এলাকায় নিজ বসতঘরের একটি কক্ষে দরজা ভেতর থেকে বন্ধ করে তিনি গলায় ফাঁস দেন। পরবর্তীতে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত টপি রানী পাল একই এলাকার তাপস চন্দ্র পালের স্ত্রী এবং হিমাংশু পালের মেয়ে।

ঘটনার সময় তার স্বামী বাড়িতে ছিলেন না। চাকরির সুবাদে তিনি শরীয়তপুরে অবস্থান করছিলেন। খবর পেয়ে পরবর্তীতে স্বামীসহ নিহতের বাবা-মা ঘটনাস্থলে পৌঁছান।

সংবাদ পেয়ে তাড়াইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও জানান, ঘটনার পর এলাকায় স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে।

পাকুন্দিয়ায় ছুরিকাঘাতে গুরুতর আহত ‘জুলাই যোদ্ধা’ পাপন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ
পাকুন্দিয়ায় ছুরিকাঘাতে গুরুতর আহত ‘জুলাই যোদ্ধা’ পাপন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বন্ধুকে থাপ্পর মারার প্রতিবাদ করায় পাপন (১৯) নামে এক তরুণকে ছুরিকাঘাতে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। তিনি স্থানীয়ভাবে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচিত।

শনিবার (১১ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলা সদর বাজারের পাকুন্দিয়া–মির্জাপুর সড়কে এ ঘটনা ঘটে। আহত পাপন পৌরসদরের লক্ষীয়া গ্রামের খোকন মিয়ার ছেলে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্বজনদের দাবি, তাঁর অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে পাপনের বন্ধু রাজনের সঙ্গে মোবাইল কেনাবেচা নিয়ে চর পাকুন্দিয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে পারভেজ ও মাসুম মিয়ার ছেলে ইমরানের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পারভেজ রাজনকে থাপ্পর মারেন। এর প্রতিবাদ করলে পাপনের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়।

এর জের ধরে রাত ৮টার দিকে পারভেজ ও ইমরানের নেতৃত্বে কয়েকজন যুবক পাপনের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে পারভেজ তাকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা পাপনকে উদ্ধার করে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে পৌর বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক শাহান শাহ বলেন, পারভেজ ও ইমরানসহ একটি চক্র দীর্ঘদিন ধরে এলাকায় মাদক, চুরি, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। সর্বশেষ তারা পাপনকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে পারভেজ ও ইমরান নামে দুই যুবকের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; তবে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।