কৃষক কার্ড বিতরণে অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী আসাদুজ্জামান
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের কোনো সুযোগ নেই।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুরে কৃষক কার্ড বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে সারাদেশের মাঝারি ও ক্ষুদ্র কৃষকদের মাঝে এই কৃষক কার্ড বিতরণ করা হবে। এখানে রাজনৈতিক বিবেচনা বা কোনো প্রকার অনিয়মের সুযোগ নেই।
তিনি আরও বলেন, সরকার শপথ নেওয়ার পর থেকে নির্বাচনী প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছে। ইতোমধ্যে কৃষকদের জন্য ১০ হাজার টাকা কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। পাশাপাশি কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে খাল খনন কর্মসূচিও বাস্তবায়ন করা হচ্ছে।
মন্ত্রী দাবি করেন, কৃষকদের ভাগ্য উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
এর আগে দুপুর দেড়টার দিকে শৈলকুপার আবাইপুর ইউনিয়নের কৃপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কৃষক কার্ড উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা পরিষদের প্রশাসক এম. এ. মজিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. কামরুজ্জামান এবং ১ হাজার ৬৭৯ জন উপকারভোগী কৃষক-কৃষাণীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
উপজেলার আবাইপুর ইউনিয়নের কৃপালপুর ব্লকের কৃষকরাই পাইলট প্রকল্পের আওতায় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন বলে জানা গেছে।










