করিমগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
তিনি সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় ঢাকার একটি হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল ৩টায় জাফরাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে স্থানীয় সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের মরদেহ জাতীয় পতাকায় আচ্ছাদিত করা হয়। পরে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল আমিন কবির শ্রদ্ধা জানান। এ সময় করিমগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল মান্নান দুলাল সিকদার, ইউপি চেয়ারম্যান আবু সাদাৎ মোহাম্মদ সায়েমসহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।









