রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

নয়ন সাধু হত্যা ও সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

সঞ্জিত চন্দ্র শীল প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৯:৫৫ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
নয়ন সাধু হত্যা ও সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

কক্সবাজারে মন্দিরের সেবায়েত নয়ন সাধুকে পুড়িয়ে হত্যার অভিযোগ এবং দেশব্যাপী সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট।

শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় কিশোরগঞ্জ জেলা শহরের কালিবাড়ি মোড়ে এ কর্মসূচি শুরু হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আখড়া বাজার পরম চত্বরে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নিলয় পাল আদরের সভাপতিত্বে এবং জেলা শাখার সাধারণ সম্পাদক উৎপল ভৌমিক অর্থের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ণ দত্ত প্রদীপ, জেলা বিএনপির সাবেক সহ-ধর্মবিষয়ক সম্পাদক জীবন চন্দ্র দাস এবং জেলা মহিলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক চন্দ্রা সরকার।

এছাড়াও বক্তব্য দেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা, তাদের মধ্যে ছিলেন শাওন রায় বিজয়, অ্যাডভোকেট শুভ আচার্য, জয় কুন্ডু, জয় বনিক, গৌরব চক্রবর্তী, নিলয় পণ্ডিত, দ্বীপ সরকার আকাশ, শান্ত সরকার, রজত সাহা, সূর্য ঘোষ জয় ও তুর্জয় প্রমুখ।

বক্তারা বলেন, স্বাধীন দেশে বারবার সংখ্যালঘুদের ওপর হামলা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। কক্সবাজারে নয়ন সাধুকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং এখনও তার হত্যাকারীরা গ্রেপ্তার হয়নি। একইসঙ্গে দেশের বিভিন্ন স্থানে মন্দিরে অগ্নিসংযোগ, প্রতিমা ভাঙচুর ও সংখ্যালঘুদের জমি দখলের ঘটনা ঘটছে বলে তারা অভিযোগ করেন।

মানববন্ধন থেকে বক্তারা নয়ন সাধু হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং সারাদেশে সংঘটিত সাম্প্রদায়িক হামলার বিচার দাবি করেন। তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নিলয় পাল আদর বলেন, “বিচারহীনতার সংস্কৃতির কারণেই বারবার সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে। আমরা আর কোনো নয়ন দাসকে এভাবে হারাতে চাই না। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

কর্মসূচি চলাকালে বিক্ষোভকারীরা ‘নয়ন হত্যার বিচার চাই’, ‘সাম্প্রদায়িক হামলা বন্ধ কর’ এবং ‘আমার মাটি, আমার মা—বাংলাদেশ ছাড়বো না’সহ বিভিন্ন স্লোগান দেন।

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল এলাকার নাগ পঞ্চমী মন্দিরের সেবায়েত নয়ন দাস নিখোঁজ হন। ২০ এপ্রিল তার পরিবার কক্সবাজার সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। পরবর্তীতে ২২ এপ্রিল বিকেলে খুরুশকুল মন্দির সংলগ্ন একটি দুর্গম পাহাড়ি এলাকা থেকে গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।

এ ঘটনায় সারাদেশের হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।

কুলিয়ারচরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ১২:৪৫ অপরাহ্ণ
কুলিয়ারচরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা কমিটির এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসিন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, তৃণমূল পর্যায় থেকে উদীয়মান ক্রীড়াবিদদের খুঁজে বের করে তাদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যতের দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ সময় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ সফলভাবে বাস্তবায়নের জন্য একটি কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

রাতের অভিযানে তাড়াইলে ধরা পড়ল অবৈধ ডিজেল চক্র

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ১১:১২ পূর্বাহ্ণ
রাতের অভিযানে তাড়াইলে ধরা পড়ল অবৈধ ডিজেল চক্র

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। এ সময় বিপুল পরিমাণ ডিজেল জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে জরিমানা করা হয়।

শনিবার (২৫ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার কাওয়ালী বাজার এলাকায় পরিচালিত এ অভিযানে ধরা পড়ে অবৈধ জ্বালানি ব্যবসার চিত্র।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ধলা ইউনিয়নের আজবপুর গ্রামের কেনু মিয়ার ছেলে মো. কামাল (৪০)-এর হেফাজত থেকে প্রায় ৩ হাজার ৮০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। অবৈধভাবে মজুত ও বিক্রির অভিযোগে তাকে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন তাড়াইল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আখতার। এ সময় তাড়াইল থানা পুলিশের একটি দল অভিযানকে সহযোগিতা করে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে ডিজেল মজুত করে বাজারে বিক্রি করছিল। এতে সরকার রাজস্ব হারাচ্ছিল এবং সাধারণ ভোক্তারাও প্রতারণার শিকার হচ্ছিলেন। হঠাৎ এ অভিযানের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, পেট্রোলিয়াম আইন, ২০১৬ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারার আওতায় এ ব্যবস্থা গ্রহণ করা হয়। জব্দকৃত ডিজেল পরবর্তী আইনানুগ প্রক্রিয়ায় নিষ্পত্তির জন্য সংরক্ষণ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হলে অবৈধ জ্বালানি ব্যবসা অনেকাংশে কমে আসবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে অবৈধ জ্বালানি ব্যবসার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রাজনৈতিক প্রভাব খাটিয়ে সালিশ-দরবারে নিষেধাজ্ঞা সাবেক শিক্ষামন্ত্রীর

হাবিবুর রহমান বিপ্লব প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৮:৫৮ অপরাহ্ণ
রাজনৈতিক প্রভাব খাটিয়ে সালিশ-দরবারে নিষেধাজ্ঞা সাবেক শিক্ষামন্ত্রীর

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক রাজনৈতিক পরিচয় ব্যবহার করে সালিশ-দরবারে প্রভাব খাটানো থেকে নেতাকর্মীদের বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

তার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়।

বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, গ্রাম্য সালিশ-দরবার কিংবা স্থানীয় বিরোধ নিষ্পত্তি কোনো রাজনৈতিক নেতাকর্মীর কাজ নয়। এসব কার্যক্রম পরিচালনার একমাত্র আইনগত ও নৈতিক অধিকার স্থানীয় সরকার প্রতিনিধিদের রয়েছে। তিনি করিমগঞ্জ ও তাড়াইল উপজেলার সর্বস্তরের জনসাধারণকে এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান।

এতে আরও বলা হয়, কেউ যেন রাজনৈতিক পরিচয় ব্যবহার করে প্রভাব খাটিয়ে গ্রাম্য সালিশ বা দরবারের নামে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও অনুরোধ করেন, সমাজে শৃঙ্খলা বজায় রাখতে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং স্থানীয় সরকার ব্যবস্থাকে যথাযথভাবে সম্মান জানানো প্রয়োজন।

গত ২২ এপ্রিল সংসদ সদস্য তার দাপ্তরিক প্যাডে এ জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেন।