মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

ভৈরবে অগ্নিসংযোগে পুড়ে ছাই হত্যা মামলার বাদীর বাবার বাড়ি

জয়নাল আবেদীন রিটন প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ৩:৩২ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
ভৈরবে অগ্নিসংযোগে পুড়ে ছাই হত্যা মামলার বাদীর বাবার বাড়ি

কিশোরগঞ্জের ভৈরবে শিশু তানভীর আহম্মেদ মুজাহিদ হত্যা মামলার বাদীর বাবার বাড়িতে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে দুটি বসতঘরসহ নগদ টাকা, আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার গভীর রাতে উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পূর্ব কান্দা গ্রামে এ ঘটনা ঘটে। আগুন লাগার পর স্থানীয়দের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে ঘরের সবকিছু পুড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে সকালে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।

তিনি বলেন, “ঘটনাটি মর্মান্তিক। তানভীর হত্যা মামলার আসামিরা যেখানেই থাকুক, তাদের আইনের আওতায় আনা হবে। অগ্নিসংযোগের ঘটনায় যারা জড়িত, তাদেরও ছাড় দেওয়া হবে না। প্রয়োজন হলে এ ঘটনায় পৃথক মামলা নেওয়া হবে।”

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল পারিবারিক কলহের জেরে তানভীরের মা তাকে নিয়ে নানার বাড়িতে চলে আসেন। পরদিন ওষুধ কেনার কথা বলে তানভীরকে তার দাদি রাবেয়া বেগম বাড়িতে নিয়ে যান। এরপর থেকেই সে নিখোঁজ ছিল।

পরে ২৩ এপ্রিল মানিকদী পূর্ব কান্দা এলাকার একটি হাওরের ডোবা থেকে তানভীরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তানভীরের মা বাদী হয়ে স্বামীসহ পরিবারের ছয় সদস্যকে আসামি করে ভৈরব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার বাদী তসলিমা বেগম অভিযোগ করেন, “গতরাত আড়াইটার দিকে আমার স্বামী মিরাজসহ কয়েকজন লোক আমাদের বাড়িতে আগুন দেয়। পালানোর সময় আমার ভাগনি তাদের দেখে ফেললে তাকে ধাক্কা দিয়ে ফেলে রেখে তারা পালিয়ে যায়। আমরা প্রাণে বেঁচে গেলেও আমাদের সবকিছু পুড়ে গেছে।”

ভৈরব থানার ওসি আতাউর রহমান আকন্দ বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে আগুন তখন স্থানীয়রা নিয়ন্ত্রণে আনেন। সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

কুলিয়ারচরে ভূমি প্রশাসনে নতুন দায়িত্বে বাবলী শবনাম

আজিজুল ইসলাম প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১২:৪৯ অপরাহ্ণ
কুলিয়ারচরে ভূমি প্রশাসনে নতুন দায়িত্বে বাবলী শবনাম

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মঙ্গলবার (২৮ এপ্রিল) যোগদান করেছেন বাবলী শবনাম। ৩৮তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তা নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণের পর ভূমি সেবা আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
জানা গেছে, বাবলী শবনামের পৈতৃক নিবাস রাজশাহী জেলায়। তিনি ৩৮তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হন। কুলিয়ারচরে যোগদানের আগে তিনি গোপালগঞ্জ জেলায় নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। সেখানে তার কর্মদক্ষতা ও সততা প্রশাসনিক মহলে প্রশংসিত হয়।
নতুন দায়িত্ব গ্রহণের পর বাবলী শবনাম বলেন, কুলিয়ারচরের সাধারণ মানুষের জন্য হয়রানিমুক্ত ও সহজলভ্য ভূমি সেবা নিশ্চিত করাই তার প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে তিনি সরকারি খাস জমি দখলমুক্ত রাখা, ই-নামজারিসহ ভূমি-সংক্রান্ত সেবা দ্রুততম সময়ে প্রদান এবং ভূমি অফিসে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, “সরকারি বিধি-বিধান মেনে সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে কাজ করে একটি জনবান্ধব ভূমি অফিস গড়ে তুলতে চাই।”
তার যোগদানের খবরে উপজেলার সুধীজন ও সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, তার মেধা ও কর্মদক্ষতার মাধ্যমে কুলিয়ারচর উপজেলা ভূমি অফিসের কার্যক্রমে আরও গতি ও স্বচ্ছতা আসবে।

ইটনায় কালবৈশাখীর তাণ্ডব: ১৬ গ্রাম বিদ্যুৎহীন, ভোগান্তিতে হাজারো মানুষ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৭:২৯ অপরাহ্ণ
ইটনায় কালবৈশাখীর তাণ্ডব: ১৬ গ্রাম বিদ্যুৎহীন, ভোগান্তিতে হাজারো মানুষ

সংগ্রহীত ছবি

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিদ্যুৎ সঞ্চালন লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার মৃগা ইউনিয়নের অন্তত ১৬টি গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২৬ এপ্রিল) গভীর রাতে হঠাৎ বয়ে যাওয়া প্রবল কালবৈশাখী ঝড়ে মৃগা ইউনিয়নের বিভিন্ন এলাকায় একাধিক বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে এবং অনেক স্থানে তার ছিঁড়ে যায়। ফলে রাত থেকেই পুরো এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। আকস্মিক এ প্রাকৃতিক দুর্যোগে পুরো ইউনিয়ন অন্ধকারে নিমজ্জিত হওয়ায় জনজীবনে দুর্ভোগ নেমে আসে।

বিদ্যুৎ না থাকায় রাতভর চরম ভোগান্তিতে কাটান স্থানীয় বাসিন্দারা। জরুরি সেবা ব্যাহত হওয়াসহ দৈনন্দিন কাজেও বিঘ্ন ঘটে।

সোমবার (২৭ এপ্রিল) সকালে ঘটনার খবর পেয়ে দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর। তিনি ক্ষতিগ্রস্ত গ্রামগুলো ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন। পরিদর্শন শেষে দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের বিষয়ে সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

ইউএনও মাখন চন্দ্র সূত্রধর জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। মানুষের ভোগান্তি কমাতে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছে।

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, খুঁটি ভেঙে পড়া এবং জলাবদ্ধ ও জলাশয়ঘেরা এলাকা হওয়ায় সরঞ্জাম পৌঁছাতে কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে ইতোমধ্যে বিদ্যুৎ বিভাগের কর্মীরা মেরামত কাজ শুরু করার জন্য ঘটনাস্থলে পৌঁছেছেন। সবকিছু অনুকূলে থাকলে দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপন করা সম্ভব হবে বলে আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।

কুলিয়ারচরে গভীর রাতেও মিলবে ওষুধ: প্রশাসনের ‘নাইট রোস্টার’ চালু

আজিজুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৭:২৪ অপরাহ্ণ
কুলিয়ারচরে গভীর রাতেও মিলবে ওষুধ: প্রশাসনের ‘নাইট রোস্টার’ চালু

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলাবাসীর দীর্ঘদিনের দুশ্চিন্তা—গভীর রাতে জরুরি ওষুধ না পাওয়ার সমস্যা—দূর করতে ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এখন থেকে প্রতি রাতে নির্দিষ্ট রোস্টার অনুযায়ী অন্তত একটি ফার্মেসি সারারাত খোলা থাকবে, ফলে জরুরি প্রয়োজনে আর ওষুধের জন্য হন্যে হয়ে ঘুরতে হবে না সাধারণ মানুষকে।

রোববার (২৬ এপ্রিল) রাত ১০টায় কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসিন খন্দকার আনুষ্ঠানিকভাবে ‘নাইট রোস্টার’ কার্যক্রমের উদ্বোধন করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতিদিন নির্ধারিত রোস্টার বা ক্যালেন্ডার অনুযায়ী একটি করে ফার্মেসি সারারাত খোলা থাকবে। জনসাধারণের সুবিধার্থে কোন দিন কোন ফার্মেসি খোলা থাকবে, তার তালিকা বাজারের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে টানানো হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ করা হয়েছে।

গভীর রাতে ফার্মেসি খোলা রাখার ক্ষেত্রে নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায় প্রতিটি নির্ধারিত ফার্মেসির জন্য একজন করে নিরাপত্তাকর্মী নিয়োগ দেওয়া হয়েছে। ওই নিরাপত্তাকর্মীর বেতনের আংশিক ব্যয় উপজেলা প্রশাসন বহন করবে। তিনি সারারাত ফার্মেসিতে অবস্থান করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও ইয়াসিন খন্দকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন শাহআলম এবং কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ।

এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও), উপজেলা প্রকৌশলী, স্থানীয় ওষুধ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের আশা, এ ‘নাইট রোস্টার’ কার্যক্রম চালু থাকলে জরুরি স্বাস্থ্যসেবায় ভোগান্তি অনেকটাই কমে আসবে।