তাড়াইলে শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু: ৪ মাস পর কবর থেকে লাশ উত্তোলন
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলার ধলা ইউনিয়নের তেউরিয়া গ্রামের বাসিন্দা নবম শ্রেণির শিক্ষার্থী মোছা. ছনিয়া আক্তার (১৫)-এর লাশ প্রায় চার মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আখতারের উপস্থিতিতে কবর থেকে লাশটি উত্তোলন করা হয়। এ সময় নিহতের বাবা তারু খান উপস্থিত ছিলেন। পরে লাশটি ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের মর্গে পাঠানো হয়।
এর আগে, গত বছরের ৩১ ডিসেম্বর নিজ বাড়ি থেকে ছনিয়া আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটিকে প্রথমে আত্মহত্যা হিসেবে ধারণা করা হলেও পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ তোলা হয়।
নিহতের বাবা তারু খান গত ১৭ ফেব্রুয়ারি আদালতে সাতজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়; পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।
তাড়াইল থানার তদন্ত কর্মকর্তা শেখর রঞ্জন পাল জানান, মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। এখনো আসামিদের বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি না হওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে তারা আত্মগোপনে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনার উদ্ঘাটন ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।













