নিকলীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি
স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের নিকলীতে বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ জুন) বিকেল ৩টায় উপজেলার ছাতিরচর ইউনিয়নের করচবন ও বেড়িবাঁধ এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। কিশোরগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে এবং ছাতিরচর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যবস্থাপনায় কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিকলী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. বদরুল মোমেন মিঠু। সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিম।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খালেদ সাইফুল্লাহ সোহেল খান বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বিশেষ করে হাওরাঞ্চলের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার জন্য পরিকল্পিতভাবে গাছ লাগানো প্রয়োজন।
তিনি আরও বলেন, ছাতিরচরের মতো হাওরবেষ্টিত এলাকায় করচবন ও বেড়িবাঁধ শুধু স্থানীয় জনগণের জীবন-জীবিকা ও যোগাযোগ ব্যবস্থার জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব স্থাপনার সুরক্ষা নিশ্চিত করতে বৃক্ষরোপণ কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।
অনুষ্ঠানে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে রাজনৈতিক ও সামাজিক উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে ছাতিরচর ইউনিয়ন বিএনপি, উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং পরিবেশ সচেতন নাগরিকরাও উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ছাতিরচর করচবন ও বেড়িবাঁধ এলাকায় বিভিন্ন প্রজাতির চারাগাছ রোপণ করেন। পরে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
সংশ্লিষ্টদের মতে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচি শুধু তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনই নয়, বরং পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখবে।













