পাকুন্দিয়ায় বজ্রপাতের বিকট শব্দে তিন নারী অসুস্থ, একজন হাসপাতালে
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতের ঘটনায় তিন নারী আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) বিকেলে উপজেলার মির্জাপুর ও বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন উপজেলার চরফরাদী ইউনিয়নের মির্জাপুর গ্রামের মাসুদ মিয়ার স্ত্রী সাবিনা (৩২), এগারসিন্দুর ইউনিয়নের বটতলা এলাকার হৃদয় মিয়ার স্ত্রী জিনিয়া (২৪) এবং হাবিকুলের স্ত্রী স্বপ্না (৪০)।
স্বজন ও হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে তিনজনই নিজ নিজ বাড়ির বারান্দায় বসে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে তার সঙ্গে তীব্র বজ্রপাত হয়। বজ্রপাতের বিকট শব্দে তারা অসুস্থ হয়ে পড়েন এবং জ্ঞান হারান।
পরে স্বজনরা দ্রুত তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাবিনা ও স্বপ্নাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। তবে জিনিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বায়জিত মাহমুদ জানান, বজ্রপাতের বিকট শব্দ ও এর প্রভাবে তিন নারী আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং একজনকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।
এদিকে বর্ষা মৌসুমে বজ্রপাতের ঝুঁকি বাড়ায় আবহাওয়া খারাপ থাকলে খোলা জায়গা ও অরক্ষিত স্থানে অবস্থান না করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।










