কটিয়াদীতে র্যাবের অভিযানে ১৮ কেজি গাঁজাসহ ৩ জন আটক
কিশোরগঞ্জের কটিয়াদীতে র্যাবের এক অভিযানে ১৮ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব-১৪এর একটি দল শনিবার (২৫ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে কটিয়াদী থানার ফায়ার সার্ভিস সংলগ্ন কটিয়াদী-মঠখলাগামী সড়কে এ অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করা হয়। এ সময় চালকসহ যাত্রীবেশে থাকা তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। আটকরা হলেন—মো. শাহজাহান মিয়া (৩৬), মোক্তার হোসেন (২৩) এবং মো. রিয়ান সওদাগর (২০)। তাদের সবার বাড়ি কিশোরগঞ্জ জেলায়।
র্যাব জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা তাদের কাছে অবৈধ মাদকদ্রব্য গাঁজা থাকার কথা স্বীকার করেন। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিএনজির পেছনে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশকে মাদকমুক্ত করতে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।










