পিডিবি কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, বাজিতপুরে মানববন্ধন
কিশোরগঞ্জের বাজিতপুরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)-এর এক নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, গ্রাহক হয়রানি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে তার অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন ক্ষুব্ধ গ্রাহকরা।
মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলার সরারচর বিদ্যুৎ অফিসের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিল্প ও আবাসিক গ্রাহক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন সরারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আলেম মোহাম্মদ আলম। এ সময় আরও বক্তব্য দেন ব্যবসায়ী ও শিল্প গ্রাহক শাহজাহান কবির, শিল্প গ্রাহক আরিফ খান জয় এবং আবাসিক গ্রাহক শামিম আহমেদ ইয়াসিন।
বক্তারা অভিযোগ করেন, সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী শাহ আলম কমল শিল্প গ্রাহকদের সঙ্গে অসদাচরণ করেন এবং অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগ এনে মোটা অঙ্কের অর্থ দাবি করেন। দাবি অনুযায়ী অর্থ প্রদান না করলে অযথা জরিমানা আরোপ এবং মামলার ভয়ভীতি প্রদর্শন করা হয় বলেও অভিযোগ করা হয়। প্রতিবাদ করলে গ্রাহকদের হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন বক্তারা।
এছাড়া শিল্প প্রিপেইড মিটার সংযোগ ও পুরোনো মিটার পরিবর্তনের নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও ওঠে। গ্রাহকদের দাবি, অনেক ক্ষেত্রে মিটার পরিবর্তনের কাজ সম্পন্ন না হওয়ায় তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
মানববন্ধনে আরও অভিযোগ করা হয়, অফিসের কিছু অসাধু কর্মচারীর মাধ্যমে বিভিন্ন অটোরিকশা গ্যারেজে অবৈধ বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে, যার ফলে সরকারের রাজস্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বক্তারা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত কর্মকর্তার বদলি এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।














Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array