স্পেনে ট্রেন দুর্ঘটনা: তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
স্পেনে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৮ জন নিহত হওয়ার পর তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। বুধবার (২৮ অক্টোবর) মধ্য স্পেনের কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন শতাধিক মানুষ।
দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, ‘পুরো স্পেন শোকাহত।’ একই বছরে স্পেনের মতো একটি দেশে এ ধরনের দুটি ভয়াবহ দুর্ঘটনা ঘটার বিষয়টি মেনে নেওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি।
মাদ্রিদ থেকে দক্ষিণাঞ্চলীয় শহর সেভিলের মধ্যে চলাচলকারী সরকারি সংস্থা রেনফের একটি ট্রেনের সঙ্গে বেসরকারি সংস্থা ইরিওর আরেকটি ট্রেনের সংঘর্ষ হয়। রেললাইনে থেমে থাকা ইরিওর ট্রেনটির পেছনে ধাক্কা দেয় রেনফের ট্রেনটি। স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় দুটি ট্রেনে প্রায় ৫৪০ জন যাত্রী ছিলেন।
আঞ্চলিক জরুরি সেবাদানকারী সংস্থার হালনাগাদ তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পর কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলের বিভিন্ন হাসপাতালে অন্তত ১০৭ জনকে ভর্তি করা হয়। স্পেনের সংবাদমাধ্যম এল পাইস জানিয়েছে, তাঁদের মধ্যে ১৮ জনের অবস্থা আশঙ্কাজনক।
ভয়াবহ এ দুর্ঘটনার পর সরকারের পদত্যাগের দাবিতে রাজধানী মাদ্রিদে বিক্ষোভ হয়েছে। স্পেনের সরকারি সম্প্রচারমাধ্যম টিভিই জানিয়েছে, কট্টর ডানপন্থী গোষ্ঠীগুলোর আয়োজনে পরিবহন মন্ত্রণালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভে প্রায় ১ হাজার ৫০০ মানুষ অংশ নেন।
একপর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে।
স্পেনের প্রতি সংহতি জানিয়ে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় কমিশনের সদর দপ্তরের বাইরে ইউরোপীয় ইউনিয়নের পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। স্পেনে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার পর এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে ইউরোপীয় কমিশন।
দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বুধবারের জন্য নির্ধারিত স্পেনের ফুটবল কাপের ২০টিরও বেশি ম্যাচ স্থগিত করেছে দেশটির ফুটবল ফেডারেশন। ২০১৩ সালের পর ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে এটিকে সবচেয়ে প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে।










Disqus comments are not configured yet.