মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
[gtranslate]
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

পাঠ্যবই ছাপায় অগ্রগতি ৫৮ শতাংশ, পিছিয়ে মাধ্যমিক

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
পাঠ্যবই ছাপায় অগ্রগতি ৫৮ শতাংশ, পিছিয়ে মাধ্যমিক

শিক্ষাবর্ষ শুরুর আগে প্রায় চার কোটি শিক্ষার্থীর হাতে নতুন পাঠ্যবই পৌঁছে দিতে চায় সরকার। এ লক্ষ্যে আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রাক-প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের সব পাঠ্যবই উপজেলা পর্যায়ে সরবরাহের লক্ষ্য নির্ধারণ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। তবে মুদ্রণকাজে অগ্রগতি থাকলেও অষ্টম এবং নবম-দশম শ্রেণির বই ছাপায় পিছিয়ে রয়েছে বেশ কয়েকটি ছাপাখানা।

এনসিটিবির ২৮ অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী, ইবতেদায়ি ও মাধ্যমিক স্তর মিলিয়ে বই ছাপার অগ্রগতি ৫৭ দশমিক ৬৬ শতাংশ। অন্যদিকে, প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরে গড়ে ৯২ দশমিক ৯৪ শতাংশ বই ছাপা হয়েছে।

এবার ১১৩টি মুদ্রণ প্রতিষ্ঠান ৬২৩টি লটে বই ছাপার কাজ পেয়েছে। প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ি, দাখিল, ভোকেশনাল ও কারিগরি এবং মাধ্যমিক স্তরে মোট ৩০ কোটি ৭৭ লাখ ৯৮ হাজার ১০১টি বই ছাপানোর পরিকল্পনা রয়েছে। গত বছরের তুলনায় এবার এক মাস আগে মুদ্রণকাজ শুরু হয়েছে।

এনসিটিবির প্রতিবেদন অনুযায়ী, প্রাক-প্রাথমিক স্তরের ৫৭ লাখ ৩০ হাজার ৬৪০টি বইয়ের মধ্যে ৫৬ লাখ ২৮ হাজার ১৫৩টি ছাপা হয়েছে। এ স্তরে মুদ্রণ অগ্রগতি ৯৮ দশমিক ২১ শতাংশ।

প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণির ৭ কোটি ৬০ লাখ ৯৭ হাজার ৯৬টি বইয়ের মধ্যে ছাপা হয়েছে ৬ কোটি ৬৬ লাখ ২৯ হাজার ১৭৩টি। এ ক্ষেত্রে অগ্রগতি ৮৭ দশমিক ৬৭ শতাংশ।

ইবতেদায়ি স্তরের প্রথম থেকে পঞ্চম শ্রেণির ৪ কোটি ১৬ লাখ ৩৯ হাজার ৫৭৪টি বইয়ের মধ্যে ছাপা হয়েছে ২ কোটি ৬৭ লাখ ১০ হাজার ৭৮৪টি। এ স্তরে মুদ্রণ অগ্রগতি ৬৪ দশমিক ১৫ শতাংশ।

অন্যদিকে, মাধ্যমিকের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ১৭ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার ১৮টি বইয়ের মধ্যে ছাপা হয়েছে ৯ কোটি ১৮ লাখ ১৭ হাজার ৫৬টি। এ স্তরে মুদ্রণ অগ্রগতি ৫১ দশমিক ১৮ শতাংশ।

এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা জানান, অষ্টম এবং নবম-দশম শ্রেণির বই ছাপার গতি তুলনামূলক কম। কয়েকটি লটে পুনরায় দরপত্র আহ্বান করায় এ পরিস্থিতি তৈরি হয়েছে।

তিনি জানান, কাজের গতি কম থাকায় ৩২টি ছাপাখানাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। প্রয়োজনে পিছিয়ে থাকা ছাপাখানার কাজ বাতিল করে অন্য প্রতিষ্ঠানকে দেওয়া হবে।

বইয়ের মান নিশ্চিত করতে এনসিটিবি ও শিক্ষা মন্ত্রণালয়ের সমন্বয়ে ৫৩টি মনিটরিং টিম কাজ করছে। নিম্নমানের বই ও ফর্মা বাতিল করা হচ্ছে। এনসিটিবির তথ্যমতে, বিভিন্ন ছাপাখানার ৯ লাখ ফর্মা ও ১২ হাজার নিম্নমানের বই বাতিল করা হয়েছে।

এনসিটিবির সদস্য (পাঠ্যপুস্তক) অধ্যাপক মোহাম্মদ আবু নাসের টুকু জানান, নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী বই সরবরাহের কাজ চলছে। প্রাথমিক স্তরের বইয়ের মুদ্রণকাজ চলতি মাসের মধ্যে ৯৮ থেকে ৯৯ শতাংশ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। মাধ্যমিক স্তরের বই ৩০ নভেম্বরের মধ্যে ৯৫ শতাংশের বেশি সরবরাহের লক্ষ্য রয়েছে।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, উপজেলা পর্যায়ে নিম্নমানের বই সরবরাহ বরদাশত করা হবে না। নির্ধারিত সময়ে মানসম্মত বই সরবরাহে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

জলবায়ু পরিবর্তনে নতুন ঝুঁকির মুখে বিশ্ব, সতর্ক করল জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ণ
জলবায়ু পরিবর্তনে নতুন ঝুঁকির মুখে বিশ্ব, সতর্ক করল জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক চরম আবহাওয়ার কারণে বিশ্ব এক নতুন ও মারাত্মক ঝুঁকিপূর্ণ বাস্তবতায় প্রবেশ করেছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ পরিস্থিতি মোকাবিলায় বিশ্বনেতাদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ সমবেত বিশ্বনেতাদের উদ্দেশে গুতেরেস বলেন, বিশ্ব এখন চরম জলবায়ু পরিস্থিতির যুগে প্রবেশ করেছে। এ অবস্থায় গ্রিনহাউস গ্যাসের নির্গমন দ্রুত কমানো এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসার মতো জরুরি পদক্ষেপ নিতে হবে।

মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের পাশাপাশি প্রশান্ত মহাসাগরে শক্তিশালী ‘এল নিনো’র প্রভাবে বিশ্বজুড়ে তাপমাত্রা দ্রুত বাড়ছে। জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) নতুন প্রতিবেদন অনুযায়ী, রেকর্ড থাকা সময়ের মধ্যে গত ১২ বছরের প্রতিটি বছরই সবচেয়ে উষ্ণ বছরগুলোর তালিকায় রয়েছে। এ প্রবণতা এখনো অব্যাহত।

ডব্লিউএমওর প্রধান সেলেস্তে সাওলো সতর্ক করে বলেছেন, বর্তমানে শক্তিশালী এল নিনোর প্রভাবে আগামী বছর পর্যন্ত আরও ভয়াবহ তাপপ্রবাহ ও চরম আবহাওয়া দেখা দিতে পারে। এমনকি ২০২৭ সালেও বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির নতুন রেকর্ড হতে পারে।

চলতি বছরের প্রথম নয় মাসে বৈশ্বিক গড় তাপমাত্রা প্রাক্‌-শিল্পায়ন যুগের তুলনায় ১ দশমিক ৪৭ ডিগ্রি সেলসিয়াসের বেশি বেড়েছে। অতিরিক্ত তাপমাত্রার কারণে বিশ্বের মিঠাপানির মজুত কমছে, দ্রুত গলছে হিমবাহ এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা নতুন রেকর্ডে পৌঁছেছে।

তবে এই পরিস্থিতির মধ্যে আশার দিক হলো, বিশ্বজুড়ে আগাম সতর্কীকরণ ব্যবস্থার বিস্তার। প্রাকৃতিক দুর্যোগের আগাম বার্তা দেওয়ার মতো আধুনিক ব্যবস্থা রয়েছে—এমন দেশের সংখ্যা ২০১৫ সালের ৫৫টি থেকে বেড়ে বর্তমানে ১৩৬টিতে দাঁড়িয়েছে।

জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া এবং নতুন বিপর্যয় এড়াতে আগাম সতর্কীকরণ প্রযুক্তি ও তথ্য সংগ্রহের কাজে আরও বেশি অর্থ বিনিয়োগের আহ্বান জানিয়েছে ডব্লিউএমও। সংস্থাটির মতে, সময় থাকতে বিশ্বব্যাপী যৌথ পদক্ষেপ না নিলে ভবিষ্যতের আবহাওয়া পরিস্থিতি মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

ভৈরবে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

জয়নাল আবেদীন রিটন প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ণ
ভৈরবে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

কিশোরগঞ্জের ভৈরবে ১ হাজার ৯২৫ পিস ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয় (ঢাকা)। ৯ নভেম্বর মধ্যরাতে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ডের দুর্জয় মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন সিলেটের জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের শেরুলবাগ (মাজর গ্রাম) এলাকার মৃত আবদুর রহিমের ছেলে মো. সানুহর আলী (৩৭) ও তাঁর স্ত্রী মারজানা বেগম (৩০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয় (ঢাকা)-এর পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলমের নেতৃত্বে অধিদপ্তরের একটি অভিযানিক দল ৯ নভেম্বর মধ্যরাতে ভৈরব বাসস্ট্যান্ডের দুর্জয় মোড় এলাকায় অবস্থান নেয়। এ সময় সিলেট থেকে কিশোরগঞ্জগামী ‘ইউনাইটেড’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১২-৪১৫৯) সেখানে পৌঁছালে গোয়েন্দা দল বাসটির গতিরোধ করে। পরে বাসের ভেতরে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন ওই দম্পতিকে আটক করা হয়।

এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে তাঁদের তল্লাশি করে একটি সিনথেটিক ব্যাগে বিশেষভাবে পলিথিনে মোড়ানো ১ হাজার ৯২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক কারবারে ব্যবহারের অভিযোগে তাঁদের কাছ থেকে দুটি স্মার্টফোন জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

তুরস্কে কপ-৩১ ঘিরে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ণ
তুরস্কে কপ-৩১ ঘিরে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ও সফরসঙ্গীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, বিএনপি ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব এস এম জাহাঙ্গীর এমপি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত এই সফরে প্রধানমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। আগামী ১১ ও ১২ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় সম্মেলনটি অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন। সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. সোহাগ আউয়াল, প্রেস সচিব সালেহ শিবলী, উপপ্রেস সচিব হাসান শিপলুসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তি।

সফরকালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। পাশাপাশি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে।

নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী সোমবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি বলেন, এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

তিনি আশা প্রকাশ করেন, এসব বৈঠক বাংলাদেশের অর্থনৈতিক ও ভূরাজনৈতিক স্বার্থ এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি করবে। তবে বহুপক্ষীয় সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত বৈঠকগুলোতে সুনির্দিষ্ট কোনো প্রকল্প বা চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা কম বলেও উল্লেখ করেন তিনি।

সফর শেষে আগামী শুক্রবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।