বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
[gtranslate]
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরছেন তারেক রহমান

জাপানে চার দিনের সরকারি সফর শেষে আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ বিমানের একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইটে টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর অবতরণের কথা রয়েছে।

এই সফরে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সফরকালে কৃষি, অবকাঠামো উন্নয়ন, সাইবার নিরাপত্তা, তথ্যপ্রযুক্তি ও শিল্প খাতের মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের শীর্ষ নেতাদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেন। সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক। এতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং কৌশলগত অংশীদারত্ব জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া প্রধানমন্ত্রী জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পাশাপাশি জাপানি বিনিয়োগকারী ও শীর্ষ ব্যবসায়ী নেতাদের অংশগ্রহণে আয়োজিত ‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট’-এ অংশ নিয়ে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা ও সুযোগ তুলে ধরেন তিনি।

সফরের শেষ পর্যায়ে টোকিওতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে নাগরিক সংবর্ধনায়ও যোগ দেন প্রধানমন্ত্রী।

নির্বাচনে এগিয়ে নেতানিয়াহু, ক্ষমতায় ফেরা নিয়ে সংশয়

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১২:১৫ অপরাহ্ণ
নির্বাচনে এগিয়ে নেতানিয়াহু, ক্ষমতায় ফেরা নিয়ে সংশয়

ইসরায়েলের নির্বাচনে প্রত্যাশার চেয়ে বেশি সমর্থন পেয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এতে তাঁকে ক্ষমতা থেকে সরানোর বিরোধীদের প্রচেষ্টা কঠিন হয়ে পড়েছে। তবে তাঁর নেতৃত্বাধীন ডানপন্থী জোট সংসদে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, বুধবার পর্যন্ত প্রায় ৮৬ শতাংশ ভোট গণনা হয়েছে। দেশটির তিনটি প্রধান সম্প্রচারমাধ্যমের পূর্বাভাস বলছে, নেতানিয়াহুর ডানপন্থী, কট্টর ডানপন্থী ও অতি-রক্ষণশীল ধর্মীয় দলগুলোর জোট ১২০ আসনের সংসদে ৫৩টি আসন পেতে পারে। অন্যদিকে গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেতে পারে ৪৮টি আসন। আরব ইসরায়েলিদের প্রতিনিধিত্বকারী দলগুলো ১৯টি আসন পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ভোট গণনা শেষ না হওয়ায় চূড়ান্ত ফলাফলে পরিবর্তন আসতে পারে।

নতুন সরকার গঠনের জন্য দলগুলোর মধ্যে আলোচনা চলাকালে নেতানিয়াহু অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। আগামী বছর নতুন নির্বাচন না হওয়া পর্যন্তও তাঁকে এ দায়িত্বে থাকতে হতে পারে।

বিরোধী নেতা গাদি আইজেনকট স্বীকার করেছেন, নেতানিয়াহু অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে তাঁর আশঙ্কা, রাজনৈতিক সুবিধা নিতে নেতানিয়াহু নিরাপত্তার বিষয়টি ব্যবহার করতে পারেন। আইজেনকট নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তা ও সরকারি কর্মচারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তাঁর বক্তব্য, নেতানিয়াহুর হাতে জনগণের নতুন কোনো ম্যান্ডেট নেই।

ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউটের গবেষক গাই লুরি বলেন, আইন অনুযায়ী অন্তর্বর্তী সরকারের ক্ষমতা নিয়মিত সরকারের মতোই। তবে এ ধরনের সরকারকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সংযত থাকতে হয় এবং কিছু বিষয়ে তাদের স্বাধীনতা সীমিত থাকে।

বুধবার গভীর রাতে নিজের দল লিকুদের সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন নেতানিয়াহু। তিনি ইসরায়েলে একটি শক্তিশালী ডানপন্থী জাতীয় সরকার গঠনের আহ্বান জানান এবং দেশটির সামরিক সাফল্যের কথা তুলে ধরেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিলে ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান চালানোর ইঙ্গিত দেন তিনি।

নেতানিয়াহু বলেন, ইরানের হুমকি চিরতরে দূর করতে দুই দেশের সামনে ইতিহাসের একটি বিশেষ সুযোগ এসেছে। এর আগে ট্রাম্পও ইসরায়েলি ভোটারদের নেতানিয়াহুকে ক্ষমতায় রাখার আহ্বান জানিয়েছিলেন। নির্বাচনের ফল নিয়ে প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, নেতানিয়াহু খুব ভালো করেছেন। তাঁর দাবি, নেতানিয়াহুর এই ফল পেতে তাঁর সমর্থনও ভূমিকা রেখেছে।

সংসদে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার বিষয়টি ইসরায়েলের আর্থিক বাজারেও প্রভাব ফেলেছে। মার্কিন ডলারের বিপরীতে দেশটির মুদ্রা শেকেলের দাম প্রায় ১ দশমিক ৬ শতাংশ কমে প্রতি ডলারে ৩ দশমিক ১০ শেকেলে দাঁড়িয়েছে। তেল আবিবের প্রধান শেয়ারবাজার সূচকগুলোও ৩ শতাংশের বেশি কমেছে।

নির্বাচনের ফল ইঙ্গিত দিচ্ছে, ইসরায়েলের ইহুদি ভোটারদের মধ্যে ডানপন্থী রাজনীতির সমর্থন বেড়েছে। দেশটির প্রায় সব ইহুদি রাজনৈতিক দলই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করে। অথচ ১৯৯০-এর দশক থেকে আন্তর্জাতিক শান্তি প্রচেষ্টার অন্যতম প্রধান লক্ষ্য ছিল স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা।

এবারের নির্বাচনে ভোট পড়েছে ৭৭ দশমিক ৭ শতাংশ, যা গত দুই দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ। ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরায়েলিদের মধ্যেও ভোট দেওয়ার হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দেশটির মোট জনসংখ্যার এক-পঞ্চমাংশের বেশি এই জনগোষ্ঠীর মানুষ।

নেতানিয়াহুর সরকারের নীতির প্রতিবাদ জানাতে অনেক আরব ভোটার ভোট দিয়েছেন। তাঁদের অভিযোগ, সরকারের কয়েকজন নেতা আরবদের বিরুদ্ধে বর্ণবাদী মনোভাব প্রকাশ করেছেন। আরব দলগুলোর জোট জয়েন্ট লিস্টের কার্যালয়ে বুথফেরত জরিপের ফল প্রকাশের পর সমর্থকেরা উল্লাস করেন। জোটটির প্রার্থী ফাতেন গাত্তাস বলেন, ‘আমরা দখলদারত্ব ও বর্ণবাদ প্রত্যাখ্যান করি। আমরা এখানেই থাকব।’

এর আগে একটি ছোট আরব দলের সমর্থন নিয়ে গঠিত জোট নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে পেরেছিল। এবার আইজেনকটের জোট প্রত্যাশার চেয়ে কম আসন পাওয়ায় সরকার গঠনের জন্য জয়েন্ট লিস্টের সমর্থন প্রয়োজন হতে পারে। তবে ইসরায়েলের অধিকাংশ ইহুদি রাজনৈতিক নেতা আরব দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক জোট গঠন এড়িয়ে চলেছেন। ফলে সরকার গঠনের আলোচনা আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন যোদ্ধাদের হামলার পর এটিই ছিল ইসরায়েলের প্রথম নির্বাচন। ওই হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। এরপর ইসরায়েল গাজা, লেবানন ও ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গাজায় যুদ্ধে ৭৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এদিকে নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তিনি অভিযোগগুলোকে অযৌক্তিক বলে দাবি করেছেন। এ ছাড়া ইসরায়েলেও তাঁর বিরুদ্ধে দুর্নীতির মামলা রয়েছে। নেতানিয়াহু এসব অভিযোগকে প্রভাবশালী মহলের ষড়যন্ত্র বলে উড়িয়ে দিয়েছেন।

লাল কার্ডের পর এবার দুই ম্যাচ নিষিদ্ধ নেইমার

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১২:০৮ অপরাহ্ণ
লাল কার্ডের পর এবার দুই ম্যাচ নিষিদ্ধ নেইমার

মাঠে প্রতিপক্ষের সঙ্গে বিবাদের সময় মুখ ঢেকে কথা বলার ঘটনায় এবার আরও বড় শাস্তি পেলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। এ ঘটনায় তাঁকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে ব্রাজিলের ক্রীড়া বিচারবিষয়ক সর্বোচ্চ আদালত (এসটিজেডি)। বুধবার এ শাস্তির ঘোষণা দেওয়া হয়।

শনিবার ব্রাজিলিয়ান সিরি আ-তে বাহিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে নেইমারের দল সান্তোস। ওই ম্যাচে বাহিয়ার মিডফিল্ডার রদ্রিগো নেস্তরের সঙ্গে বিবাদে জড়িয়ে লাল কার্ড দেখেন নেইমার। এ সময় মুখ ঢেকে কথা বলার কারণে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় আদালত।

ভিনিসিয়ুস জুনিয়রকে ঘিরে আলোচনায় আসা নিয়ম অনুযায়ী, মাঠে প্রতিপক্ষের সঙ্গে বিতর্কের সময় মুখ ঢেকে কথা বলা নিষিদ্ধ। এই নিয়ম ভঙ্গের দায়ে নেইমারকে দোষী সাব্যস্ত করেছে এসটিজেডি।

আদালত আরও জানিয়েছে, লাল কার্ড দেখার পর প্রতিপক্ষের বেঞ্চের দিকে ছুটে যান নেইমার। সেখানে প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে আবারও বিবাদে জড়ানোর চেষ্টা করেন তিনি। পরে সতীর্থরা তাঁকে থামান।

এই শাস্তির ফলে সান্তোসের পরবর্তী তিনটি ম্যাচে খেলতে পারবেন না ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। তিনটি হলুদ কার্ড দেখায় পালমেইরাসের বিপক্ষে আগে থেকেই নিষিদ্ধ ছিলেন তিনি। মুখ ঢেকে কথা বলার ঘটনায় পাওয়া দুই ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হবে পরের দুই ম্যাচে।

তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন নেইমার ও সান্তোস। সর্বশেষ নিষেধাজ্ঞার কারণে নভেম্বরের শেষের আগে তাঁর মাঠে ফেরার সম্ভাবনা নেই।

ইউনূসের বিরুদ্ধে প্রজন্ম নষ্টের অভিযোগ ফজলুর রহমানের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ণ
ইউনূসের বিরুদ্ধে প্রজন্ম নষ্টের অভিযোগ ফজলুর রহমানের

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তিন-চারটি প্রজন্ম নষ্ট করে দিয়েছেন বলে অভিযোগ করেছেন বীর মুক্তিযোদ্ধা ও কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলুর রহমান। সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে তাঁকে এ মন্তব্য করতে শোনা যায়।

ভিডিওতে ফজলুর রহমান বলেন, ‘যাঁকে আমরা বাংলার মহান সন্তান মনে করেছিলাম, তিনিই সবকিছুর সর্বনাশ করে দিয়েছেন। একটা ছেলেকেও কেউ বিশ্বাস করে না। মানুষ থুথু দেয়, ঘৃণা করে।’

তিনি আরও বলেন, ‘এমন ঘৃণা করে, এটা অকল্পনীয়। পুলিশ ছাড়া কোথাও গেলে গণপিটুনি এমনভাবে খাবে যে তারা কুকুরের সঙ্গে রাস্তায় পড়ে থাকবে। কেউ টেনেও তুলবে না।’

ড. মুহাম্মদ ইউনূসের ভূমিকা নিয়ে সমালোচনা করতে গিয়ে এসব মন্তব্য করেন সংসদ সদস্য ফজলুর রহমান।