একাদশে ভর্তির শেষ ধাপে আবেদনের সুযোগ যেসব শিক্ষার্থীর
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদনের তৃতীয় ও শেষ ধাপের কার্যক্রম আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৮টায় শেষ হচ্ছে। গতকাল সোমবার থেকে এ ধাপের আবেদন শুরু হয়েছে। এ ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে আগামী শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৮টায়।
আগে আবেদন না করা, আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত না হওয়া কিংবা নির্ধারিত সময়ে ভর্তি নিশ্চায়ন করতে না পারা শিক্ষার্থীরা এ ধাপে আবেদনের সুযোগ পাচ্ছেন। এ ছাড়া ভুল কোটা নির্ধারণের কারণে নির্বাচিত কলেজে ভর্তি হতে না পারা শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।
গত ১৭ অক্টোবর বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামানের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সময়সূচি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে তৃতীয় ধাপই সর্বশেষ ধাপ হিসেবে বিবেচিত হবে।
তাই শিক্ষার্থীদের সতর্কতার সঙ্গে কলেজের পছন্দক্রম নির্ধারণ এবং নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি-সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
তৃতীয় ধাপে আবেদন করতে শিক্ষার্থীদের নির্ধারিত ভর্তি ওয়েবসাইটে প্রবেশ করে নির্দেশনা অনুসরণ করতে হবে। আবেদনের সময় কলেজের আসনসংখ্যা বিবেচনায় সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান পছন্দক্রমে রাখতে হবে।
দ্বিতীয় ধাপে আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত না হওয়া শিক্ষার্থীদের তৃতীয় ধাপে আবেদনের জন্য ২২০ টাকা অনলাইন আবেদন ফি দিতে হবে না। তাঁদের ভর্তি ওয়েবসাইটে লগইন করে কলেজ নির্বাচন বা পছন্দক্রম সম্পাদন করতে হবে।
সময়সূচি অনুযায়ী, তৃতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশের পর ৩১ অক্টোবর রাত ৮টা পর্যন্ত ভর্তি নিশ্চায়ন করা যাবে। মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১ নভেম্বর রাত ৮টায়। আর নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম চলবে ২ ও ৩ নভেম্বর।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগে নির্বাচন নিশ্চায়ন করা কোনো শিক্ষার্থী তৃতীয় ধাপে আবেদন করতে চাইলে আজ মঙ্গলবার বিকেল ৪টার মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে উপস্থিত হয়ে আগের নিশ্চায়ন বাতিল করতে হবে। এ ক্ষেত্রে সরকারি ছুটির দিন কার্যকর হবে না।
কোটায় আবেদনকারীদের নিজ নিজ যোগ্যতা অনুযায়ী সঠিক কোটা নির্বাচন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন নিশ্চায়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে। এ ছাড়া ভুল তথ্য দিয়ে আবেদন করা কিংবা নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে ব্যর্থ হলে পরবর্তী জটিলতার দায় বোর্ড কর্তৃপক্ষ নেবে না বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।










Disqus comments are not configured yet.