ইরাবের নতুন কমিটি গঠন, সদস্যদের কল্যাণে হচ্ছে তহবিল
ঢাকায় জাতীয় গণমাধ্যমে কর্মরত শিক্ষাবিষয়ক প্রতিবেদকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) ২০২৬-২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মীর মোহাম্মদ জসিম। যৌথভাবে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নিউএজের জ্যেষ্ঠ প্রতিবেদক সোলাইমান সালমান ও আগামী সময়ের উপপ্রধান প্রতিবেদক নূর মোহাম্মদ।
দুই বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটিতে তাঁরা এক বছর করে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।
গতকাল শুক্রবার ঢাকার অদূরে একটি রিসোর্টে সংগঠনটির সাধারণ সভায় নতুন কমিটি নির্বাচিত হয়।
কমিটির অন্য পদে নির্বাচিত হয়েছেন সহসভাপতি মতিউর রহমান (নয়াদিগন্ত), যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ হাসান কাজল (খবরের কাগজ), কোষাধ্যক্ষ নাজিউর রহমান সোহেল (বাংলাদেশ সংবাদ সংস্থা), সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির (দৈনিক যুগান্তর) এবং দপ্তর ও প্রচার সম্পাদক হাসান আদিব (জাগো নিউজ)।
এ ছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন পিয়াস সরকার (দৈনিক মানবজমিন) ও ফরহাদ বিন নূর (স্টার নিউজ)।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ইউএনবির বিশেষ প্রতিনিধি ও বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সভাপতি মাসউদুল হক। নির্বাচন কমিশনের অন্য সদস্য ছিলেন ইরাবের সাবেক সভাপতি সাব্বির নেওয়াজ ও নিজামুল হক।
এর আগে বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন ইরাবের বিদায়ী কমিটির সভাপতি ও ইনকিলাবের প্রধান প্রতিবেদক ফারুক হোসাইন। সভায় সদস্যদের কল্যাণে ‘কল্যাণ ফান্ড’ গঠনের সিদ্ধান্ত অনুমোদন করা হয়।













Disqus comments are not configured yet.