শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
[gtranslate]
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

এনআইডি সংশোধনের অপেক্ষায় ১ লাখ ২৮ হাজার আবেদন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১:১৩ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
এনআইডি সংশোধনের অপেক্ষায় ১ লাখ ২৮ হাজার আবেদন

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য সংশোধনে জমা পড়া ৬৫ লাখ ৭০ হাজার ৮৪২টি আবেদনের মধ্যে ৬৪ লাখ ৪২ হাজার ৮৩২টি নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত ১৮ অক্টোবর পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী, এখনো অপেক্ষমাণ রয়েছে ১ লাখ ২৮ হাজার ১০টি আবেদন। এ ছাড়া বিভিন্ন কারণে বাতিল হয়েছে ১৩ লাখ ৫৫ হাজার ১৫৭টি আবেদন।

ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের তথ্য বিশ্লেষণে দেখা যায়, এনআইডি সংশোধন কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও আবেদন নিষ্পত্তি, অযৌক্তিক আবেদন বাছাই এবং জালিয়াতি প্রতিরোধে বিশেষ গুরুত্ব দিচ্ছে কমিশন। আবেদন নিষ্পত্তিতে সময়সীমা নির্ধারণ, মাঠপর্যায়ে কর্মকর্তাদের ক্ষমতা বৃদ্ধি এবং ঊর্ধ্বতন পর্যায়ে নিয়মিত তদারকির মাধ্যমে কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ইসি কর্মকর্তারা বলছেন, ২০২৪ সাল পর্যন্ত জমা পড়া এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি করা হয়েছে। ২০২৫ সালের আবেদনগুলোর নিষ্পত্তিও প্রায় শেষ পর্যায়ে। তবে প্রতি মাসে গড়ে ৮০ থেকে ৯০ হাজার নতুন আবেদন জমা পড়ায় কিছু আবেদন অপেক্ষমাণ থাকছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে সংশোধনের অযোগ্য আবেদন এবং একই বিষয়ে বিভিন্ন ক্যাটাগরিতে পুনরায় আবেদন করার প্রবণতা।

ইসির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ‘ঘ’ ক্যাটাগরিতে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে ৬৮ হাজার ২৬৯টি আবেদন। এ ছাড়া ২০২৫ সালের একই ক্যাটাগরিতে অপেক্ষমাণ আবেদন রয়েছে ৯৮৩টি। সব মিলিয়ে এ ক্যাটাগরিতে নিষ্পত্তির অপেক্ষায় থাকা আবেদনের সংখ্যা ৬৯ হাজার ২৫২টি।

অঞ্চলভিত্তিক হিসাবে ঢাকা অঞ্চলে ১০ হাজার ৬১৫টি, ফরিদপুরে ৫ হাজার ১৪০টি, খুলনায় ৫ হাজার ৮৭১টি, ময়মনসিংহে ৮ হাজার ৩৩২টি এবং রংপুরে ৪ হাজার ৪৭৭টি আবেদন অপেক্ষমাণ রয়েছে। এ ছাড়া সিলেটে ৬ হাজার ৪৬৯টি, রাজশাহীতে ৬ হাজার ৮৭৫টি, বরিশালে ৪ হাজার ২২৬টি, চট্টগ্রামে ৬ হাজার ৬৮৮টি এবং কুমিল্লায় ১০ হাজার ৫৫৯টি আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

পরিসংখ্যানে দেখা যায়, ঢাকা ও কুমিল্লা অঞ্চলে অপেক্ষমাণ আবেদনের সংখ্যা তুলনামূলক বেশি। ফলে দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে অঞ্চলভিত্তিক তদারকি ও কার্যকর ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে

এনআইডি সংশোধন কার্যক্রমে গতি আনতে আবেদন নিষ্পত্তির জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে ইসি। পাশাপাশি উপজেলা ও জেলা পর্যায়ে নিষ্পত্তির সুযোগ বাড়ানো হয়েছে। সিনিয়র ম্যানেজমেন্ট ও সংশ্লিষ্ট পরিচালকেরা নিয়মিতভাবে কার্যক্রম পর্যবেক্ষণ করছেন।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আবেদন নিষ্পত্তির মূল লক্ষ্য নির্ভুলভাবে কাজ করা। এমনভাবে ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে, যেন পরবর্তী সময়ে সংশোধনের প্রয়োজন না পড়ে।

তিনি বলেন, অতীতে অযৌক্তিক আবেদনগুলো সব ক্ষেত্রে যথাযথভাবে যাচাই করা হয়নি। এখন যুক্তিসংগত নয়—এমন আবেদন বাতিল করা হচ্ছে এবং প্রতিটি আবেদন নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। গত বছর বিশেষ কর্মসূচির মাধ্যমে বিপুলসংখ্যক আবেদন নিষ্পত্তি করা হয়েছে বলেও জানান তিনি।

ইসি সচিবের ভাষ্য, সংশোধনের আবেদনগুলোর মধ্যে এমন অনেক আবেদন রয়েছে, যেগুলোর ক্ষেত্রে আর সংশোধনের প্রয়োজন নেই। আবার বিদেশে অবস্থানরত ভোটারদের কিছু আবেদনে স্থানীয় প্রতিনিধিদের মাধ্যমে দেওয়া তথ্যে অসংগতি পাওয়া যায়। এসব বিষয় যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

এনআইডিতে জন্মতারিখ সংশোধনের ক্ষেত্রে অনলাইনে যাচাইযোগ্য শিক্ষাসনদকে গুরুত্ব দিয়ে নজরদারি জোরদার করেছে নির্বাচন কমিশন।

সম্প্রতি এ বিষয়ে সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে চিঠি দিয়েছে ইসি। গত ১৩ আগস্ট জারি করা পরিপত্র অনুযায়ী, অনলাইনে যাচাইযোগ্য জেএসসি, মাধ্যমিক বা সমমানের শিক্ষাসনদের ভিত্তিতে জন্মতারিখ সংশোধনের আবেদন ‘ক’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা নিষ্পত্তি করতে পারবেন। তবে এ ক্ষেত্রে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদ প্রযোজ্য নয়।

নির্দেশনায় বলা হয়েছে, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা অধীনস্থ কর্মকর্তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। পাশাপাশি দৈবচয়নের ভিত্তিতে প্রতি মাসে প্রত্যেক নিষ্পত্তিকারী কর্মকর্তার অন্তত তিনটি আবেদন যাচাই করে প্রতিবেদন পাঠাতে হবে।

গত ১৩ থেকে ৩১ আগস্ট পর্যন্ত সময়ের প্রতিবেদন ২১ সেপ্টেম্বরের মধ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে প্রতি মাসের প্রতিবেদন পরের মাসের প্রথম সপ্তাহের মধ্যে পাঠাতে বলা হয়েছে। এর মাধ্যমে জন্মতারিখ সংশোধনের সিদ্ধান্তের যথার্থতা ও কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করতে চায় কমিশন।

এনআইডি সংশোধনের অপেক্ষমাণ আবেদন ও বাতিলের কারণ ব্যাখ্যা করে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলাম বলেন, অনেক আবেদন রয়েছে, যেগুলো সংশোধনযোগ্য নয়। বয়স সংশোধনের ক্ষেত্রে কখনো দেখা যায়, বাবা ও সন্তানের বয়সের ব্যবধান মাত্র ১০ বছর। আবার কোনো কোনো ক্ষেত্রে সংশোধনের পর দেখা যায়, সংশ্লিষ্ট ব্যক্তির ভোটার হওয়ার সময় বয়স ১৮ বছরের কম ছিল। এ ধরনের অসংগতি থাকলে আবেদন বাতিল করা হয়।

সাইফুল ইসলাম বলেন, কোনো আবেদন একটি ক্যাটাগরিতে বাতিল হওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তি অন্য ক্যাটাগরিতে আবার আবেদন করেন। এতে একই ধরনের আবেদনের পুনরাবৃত্তি ঘটে এবং অপেক্ষমাণ আবেদনের সংখ্যা বেশি বলে মনে হতে পারে।

তিনি আরও জানান, অপেক্ষমাণ আবেদন নিষ্পত্তির জন্য নিয়মিত বৈঠক করা হচ্ছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে চিঠি পাঠানো হচ্ছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সেবার মানসিকতা ও দায়িত্ববোধের পাশাপাশি নিয়মিত তদারকিও নিষ্পত্তির অগ্রগতিতে ভূমিকা রেখেছে।

এনআইডি-সংক্রান্ত জালিয়াতি প্রতিরোধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে নির্বাচন কমিশন। জালিয়াতির অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইন প্রয়োগকারী সংস্থার কাছে সোপর্দ করা হচ্ছে। কমিশনের কোনো কর্মকর্তা বা কর্মচারী জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, জালিয়াতির বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে গণমাধ্যমে প্রচার চালানো হচ্ছে। তবে শুধু অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে জালিয়াতির ঘটনা ঘটার আগেই তা প্রতিরোধের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে একটি প্রযুক্তিগত ব্যবস্থা চালুর সম্ভাবনাও যাচাই করা হচ্ছে।

ইসি সচিবের আশা, প্রযুক্তিনির্ভর ব্যবস্থা চালু করা গেলে এনআইডি-সংক্রান্ত জালিয়াতির ঘটনা আরও কমানো সম্ভব হবে।

এদিকে, প্রতারক চক্রের প্রলোভনে পা না দিতে সাধারণ মানুষকে সতর্ক করছে এনআইডি বিভাগ। এ বিষয়ে হেল্পডেস্ক থেকেও পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পরিচালক মো. সাইফুল ইসলাম।

প্রতি মাসে ৮০ থেকে ৯০ হাজার নতুন আবেদন জমা পড়ার বাস্তবতায় শুধু নিষ্পত্তির গতি বাড়িয়ে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। নিবন্ধনের সময় তথ্য যাচাই জোরদার করা, আবেদনকারীদের সঠিক তথ্য দেওয়ার বিষয়ে সচেতন করা এবং সংশোধনের প্রতিটি ধাপে জবাবদিহি নিশ্চিত করাই দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তির পর নির্বাচন কমিশনের সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো অবশিষ্ট আবেদন দ্রুত নিষ্পত্তি করা এবং ভবিষ্যতে সংশোধনের প্রয়োজন কমিয়ে নির্ভুল ও নির্ভরযোগ্য জাতীয় পরিচয় নিবন্ধন ব্যবস্থা গড়ে তোলা।

ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ২:২২ অপরাহ্ণ
ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর কাছে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (২৪ অক্টোবর) এ ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি করেছে হাওয়াইভিত্তিক প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র।

কেন্দ্রটি সতর্ক করে জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে উপকূলীয় এলাকায় বিপজ্জনক সুনামির ঢেউ আঘাত হানতে পারে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, সমন্বিত বিশ্ব সময় (ইউটিসি) অনুযায়ী শনিবার রাত ২টা ৩১ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভানুয়াতুর সোলা শহর থেকে প্রায় ২০০ কিলোমিটার পশ্চিমে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ইউটিসি অনুযায়ী রাত ৩টা ১ মিনিটে ভানুয়াতুর এসপিরিতু সান্তো দ্বীপে সুনামির প্রথম ঢেউ পৌঁছাতে পারে। তবে ঢেউ পৌঁছানোর প্রকৃত সময় ভিন্ন হতে পারে। এ ছাড়া প্রথম ঢেউটিই সবচেয়ে বড় হবে, এমন নিশ্চয়তা নেই।

কেন্দ্রটি আরও জানিয়েছে, সুনামির প্রভাব উপকূলের গঠন, পানির গভীরতা এবং জোয়ার-ভাটার ওপর নির্ভর করবে।

এদিকে, ইউএসজিএস প্রাথমিকভাবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভূমিকম্পটির মাত্রা নির্ধারণ করেছে। পরবর্তী বিশ্লেষণে ভূমিকম্পের মাত্রা ও অন্যান্য পরিমাপসংক্রান্ত তথ্যে পরিবর্তন আসতে পারে।

স্পেনের মর্যাদাপূর্ণ ক্রীড়া পুরস্কার পেলেন লিওনেল মেসি

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ২:১৭ অপরাহ্ণ
স্পেনের মর্যাদাপূর্ণ ক্রীড়া পুরস্কার পেলেন লিওনেল মেসি

বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ার এবং সুবিধাবঞ্চিত শিশুদের স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে স্পেনের সম্মানজনক ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস’ পেয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি। অনেকের কাছে ‘স্প্যানিশ নোবেল পুরস্কার’ হিসেবে পরিচিত এই সম্মাননা শুক্রবার (২৩ অক্টোবর) গ্রহণ করেন তিনি।

স্পেনের উত্তরাঞ্চলীয় আস্তুরিয়াস অঞ্চলের রাজধানী ওভিয়েদোতে পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে মেসি পৌঁছালে ব্যাগপাইপ ও ঢোলের বাদ্য বাজিয়ে তাঁকে স্বাগত জানানো হয়। আর্জেন্টিনার জার্সি পরা কয়েক ডজন সমর্থক এ সময় উচ্ছ্বাস প্রকাশ করেন এবং স্লোগানে স্লোগানে প্রিয় তারকার নাম উচ্চারণ করেন।

স্পেনের সিংহাসনের উত্তরাধিকারী রাজকন্যা লিওনর মেসির হাতে পুরস্কার তুলে দেন। রাজকন্যার নাম অনুসারেই এ পুরস্কারের নামকরণ করা হয়েছে। অনুষ্ঠানে মেসিকে একটি পার্চমেন্ট স্ক্রলও দেওয়া হয়।

মেসির ফুটবলশৈলী ও দলীয় মানসিকতার প্রশংসা করে রাজকন্যা লিওনর বলেন, অসাধারণ কৃতিত্বকে প্রতিদিনের ঘটনায় পরিণত করেছেন এই আর্জেন্টাইন তারকা। খেলার পরিস্থিতি দ্রুত বুঝে নিয়ে সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে কার্যকর সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা তাঁকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। একই সঙ্গে ব্যক্তিগত অহংকারের চেয়ে দলীয় চেতনাকে সব সময় প্রাধান্য দিয়েছেন তিনি।

গত জুনে মেসিকে এ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। সে সময় বিচারকমণ্ডলী তাঁকে সর্বকালের অন্যতম সফল ফুটবলার হিসেবে উল্লেখ করেন। মাঠের সাফল্যের পাশাপাশি শিশুদের স্বাস্থ্যসেবা ও শিক্ষার সুযোগ বাড়াতে তাঁর সামাজিক উদ্যোগগুলোরও প্রশংসা করা হয়।

১৯৮১ সালে প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার চালু হয়। শিল্প, বিজ্ঞান ও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিবছর এ সম্মাননা দেওয়া হয়। পুরস্কারের সঙ্গে রয়েছে ৫০ হাজার ইউরো অর্থমূল্য, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০ লাখ টাকা। মানবিক সহাবস্থান, সংহতি ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে ভূমিকা রাখা ব্যক্তিদের সম্মানিত করাও এ পুরস্কারের অন্যতম লক্ষ্য।

এবারের অনুষ্ঠানে মেসির পাশাপাশি আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তি পুরস্কার গ্রহণ করেন। তাঁদের মধ্যে রয়েছেন ব্রিটিশ লেখক জুলিয়ান বার্নস, যুক্তরাষ্ট্রের নভোচারী ক্রিস্টিনা কোচ এবং পাঙ্ক সংগীতশিল্পী প্যাটি স্মিথ।

এর আগে ক্রীড়া বিভাগে এ পুরস্কার পেয়েছেন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস ও রাফায়েল নাদাল। এ তালিকায় রয়েছেন ম্যারাথনে রেকর্ডধারী এলিউদ কিপচোগে এবং যুক্তরাষ্ট্রের স্কিয়ার লিন্ডসে ভন।

পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, উচ্ছেদ আতঙ্কে ফিলিস্তিনিরা

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ২:১১ অপরাহ্ণ
পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, উচ্ছেদ আতঙ্কে ফিলিস্তিনিরা

দখলকৃত পশ্চিম তীরের একটি চেকপয়েন্টে দুই ফিলিস্তিনি বন্দুকধারীর হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর হেবরন এলাকার একটি আবাসিক এলাকায় অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। সেখানে ভবন ধ্বংসের পাশাপাশি বাসিন্দাদের জোরপূর্বক সরিয়ে নেওয়া হচ্ছে।

শুক্রবার (২৩ অক্টোবর) ইসরায়েলি সেনা নিহত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এ অভিযান শুরু হয়।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলার পর প্রথমবারের মতো ইসরায়েলে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৭ অক্টোবরের ভোটের আগে এ হামলার ঘটনা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে কঠোর অবস্থানের কথা বলে আসছেন তিনি।

হামলার পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, তারা হেবরন শহরকে সম্পূর্ণ অবরুদ্ধ করছে। নেতানিয়াহু শুক্রবার থেকে পুরো পশ্চিম তীর বন্ধ করে দেওয়ার নির্দেশও দিয়েছিলেন। তবে কয়েক ঘণ্টা পর তিনি অবস্থান কিছুটা পরিবর্তন করে হেবরন ও হালহুল শহরের চারপাশে নিরাপত্তাবেষ্টনী তৈরির কথা জানান, যা প্রয়োজনে অন্য এলাকাতেও সম্প্রসারণ করা হতে পারে।

নেতানিয়াহু আরও বলেন, হামলার এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হবে এবং এলাকাটির চেহারা পুরোপুরি বদলে দেওয়া হবে। ২০২৫ সালের শুরুতে জেনিন, তুলকারেম, নুর শামস ও আল-ফারআ শরণার্থীশিবিরে একই ধরনের অভিযান চালানো হয়েছিল। এতে হাজার হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত হন এবং বিস্তীর্ণ এলাকা জনশূন্য হয়ে পড়ে।

ইসরায়েলি সামরিক বাহিনী ও ইসরায়েলি নিরাপত্তা সংস্থা (আইএসএ) এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, হেবরন এলাকায় কয়েক দিনব্যাপী সন্ত্রাসবিরোধী অভিযান শুরু হয়েছে। বিবৃতিতে বলা হয়, সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ, অস্ত্র ও সন্ত্রাসী অবকাঠামো শনাক্ত এবং সেগুলো ধ্বংস করতে পুরো এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। অভিযানটি মূলত হামলাকারীদের কার্যক্রম পরিচালনার এলাকার মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

আইডিএফ ও আইএসএ জানিয়েছে, এলাকার বাসিন্দারা তিনটি নির্ধারিত পথ দিয়ে বের হতে পারবেন। এ সময় তাঁদের জিজ্ঞাসাবাদ ও নিরাপত্তা তল্লাশির মুখোমুখি হতে হবে। সন্দেহজনক আচরণ বা পরিচয় পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের আরও জিজ্ঞাসাবাদের জন্য নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করা হবে।

যৌথ বিবৃতিতে আরও বলা হয়, অভিযানের অংশ হিসেবে সন্দেহভাজনদের বাড়ির মানচিত্র তৈরি, হেবরন ও হালহুলে নিরাপত্তাবেষ্টনী আরোপ, সড়কে প্রতিবন্ধক স্থাপন এবং বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত স্থাপনাগুলোও ভেঙে ফেলা হচ্ছে।

ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার পরিকল্পনার নিন্দা জানিয়েছে ইসরায়েলি মানবাধিকার সংস্থা ‘বিতসেলেম’। সংস্থাটির নির্বাহী পরিচালক ইউলি নোভাক বলেন, হেবরনের একটি ফিলিস্তিনি আবাসিক এলাকা খালি করা এবং পশ্চিম তীরের উত্তরাঞ্চলের শরণার্থীশিবিরগুলোতে চালানো গণ-বাস্তুচ্যুতি ও ধ্বংসযজ্ঞের পুনরাবৃত্তির ইচ্ছা প্রকাশ করেছেন নেতানিয়াহু ও ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।

শুক্রবার বিকেলেই হেবরনের ফারশ আল-হাওয়া এলাকায় ভবন ধ্বংসের কাজ শুরু করে ইসরায়েলি বাহিনী। সিএনএনের পাওয়া একটি ভিডিওতে দেখা যায়, এক ইসরায়েলি সেনা আবাসন কমপ্লেক্সের বাসিন্দাদের বলছেন, তাঁদের সরে যাওয়ার জন্য পাঁচ মিনিট সময় দেওয়া হয়েছে।

নেতানিয়াহু বলেন, হেবরনের যে এলাকা থেকে হামলাকারীরা এসেছিল, সেখানে বাসিন্দাদের সরিয়ে বাড়ি বাড়ি তল্লাশি চালানো হবে। সেখানে পাওয়া অস্ত্র সরিয়ে নেওয়া এবং সন্ত্রাসী অবকাঠামো শনাক্ত করে ধ্বংস করা হবে।

এদিকে, হামলার সঙ্গে জড়িত অন্যদের খুঁজতে এলাকায় তল্লাশি অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। আইডিএফ জানিয়েছে, শুক্রবার সকালে দুই বন্দুকধারীকে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলের ভিডিওতে ফিলিস্তিনি বন্দুকধারী ও ইসরায়েলি বাহিনীর মধ্যে কয়েক মিনিট ধরে তীব্র গোলাগুলির দৃশ্য দেখা গেছে। রয়টার্সের একটি ভিডিওতে এক ইসরায়েলি উদ্ধারকর্মীকে বলতে শোনা যায়, গোলাগুলি অন্তত ২০ মিনিট ধরে চলেছিল এবং আহতদের সরিয়ে নিতে উদ্ধারকারীদের বেগ পেতে হচ্ছিল।

আইডিএফ আরও জানায়, হামলাকারীদের ব্যবহৃত একটি গাড়ি উদ্ধার করা হয়েছে, যাতে বিপুল পরিমাণ গোলাবারুদ ছিল। পরিস্থিতি পর্যালোচনার পর আইডিএফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির ঘটনাটিকে ভয়াবহ সন্ত্রাসী হামলা হিসেবে বর্ণনা করেন। তাঁর দাবি, সেনাদের দ্রুত পদক্ষেপে আরও বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। গাড়িতে থাকা গোলাবারুদ আরও বড় পরিসরে হামলা চালানোর উদ্দেশ্যে রাখা হয়েছিল বলেও তিনি জানান।

জামির বলেন, সন্দেহভাজনদের গ্রেপ্তারে অভিযান বাড়ানো এবং এলাকায় গোয়েন্দা তৎপরতা জোরদার করা হবে। নেতানিয়াহুও এক বিবৃতিতে হামলার জন্য দায়ীদের খুঁজে বের করার অঙ্গীকার করেন। তবে হামাস হামলার প্রশংসা করে বিবৃতি দিলেও এর দায় স্বীকার করেনি।