রোনালদোর গোল নিয়ে বিতর্ক, ১০০০ গোলের মাইলফলক থেকে দূরে ১৮
১৬ বছর আগে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে রিয়াল মাদ্রিদের হয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর নেওয়া এক ফ্রি-কিকের কথা যেন নতুন করে মনে করিয়ে দিল সৌদি প্রো লিগ। সেবার রোনালদোর শট পেপের পিঠে লেগে জালে জড়ায়। অফিশিয়ালি গোলটি পেপের নামে নথিভুক্ত হলেও রিয়াল মাদ্রিদ ও পেপে সেটিকে রোনালদোর গোল বলেই দাবি করেছিলেন।
দেড় দশক পর প্রায় একই ধরনের গোল ঘিরে আবারও বিতর্কের কেন্দ্রে পর্তুগিজ মহাতারকা।
সৌদি প্রো লিগে আল ফয়সলির বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে আল নাসর। ম্যাচের ৪৯ মিনিটে জোয়াও ফেলিক্সের ফ্রি-কিক থেকে আসা বলে লাফিয়ে হেড করার চেষ্টা করেন রোনালদো। বলটি আল ফয়সলির ডিফেন্ডার আন্দ্রেই জিরোত্তোর গায়ে লেগে জালে জড়ায়। গোলের পর নিজের চেনা ভঙ্গিতে ‘সিউ’ উদযাপনে মেতে ওঠেন রোনালদো।
তবে গোলটির কৃতিত্ব কার, তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। নির্ভরযোগ্য ফুটবল পরিসংখ্যান সংস্থা ‘অপটা’ তাদের নথিতে গোলটিকে ডিফেন্ডার জিরোত্তোর আত্মঘাতী গোল হিসেবে লিপিবদ্ধ করেছে। সংস্থাটির মতে, রোনালদোর মাথায় বলের স্পষ্ট কোনো স্পর্শ লাগেনি।
অন্যদিকে, সৌদি প্রো লিগ কর্তৃপক্ষ গোলটি রোনালদোর নামেই আনুষ্ঠানিকভাবে হিসাব করছে। তাদের স্বীকৃতি অনুযায়ী, এই গোলের পর রোনালদোর পেশাদার ক্যারিয়ারের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৮২-তে। ঐতিহাসিক ১ হাজার গোলের মাইলফলক ছুঁতে তাঁর প্রয়োজন আর মাত্র ১৮টি গোল।
সামাজিক যোগাযোগমাধ্যমে গোলটির ভিডিও ছড়িয়ে পড়ার পর ফুটবলপ্রেমীরাও দুই ভাগে বিভক্ত হয়েছেন। ভক্তদের একাংশের দাবি, ডিফেন্ডারের গায়ে লাগার ঠিক আগমুহূর্তে রোনালদোর মাথায় বলের হালকা স্পর্শ লেগেছিল। পরে জিরোত্তোর গায়ে লেগে বলের দিক পরিবর্তন হয়।
ফলে গোলটি রোনালদোর নামে থাকবে, নাকি আত্মঘাতী গোল হিসেবে বিবেচিত হবে—তা নিয়েই তৈরি হয়েছে আলোচনা।













Disqus comments are not configured yet.