পাকুন্দিয়ায় হোসেন্দী ইউপির চেয়ারম্যান প্রার্থী হতে চান সুরুজ মিয়া
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে মোহাম্মদ সুরুজ মিয়াকে প্রার্থী হিসেবে দেখতে চান স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁর প্রতি সমর্থন জানিয়ে শনিবার রাতে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার হোসেন্দী ইউনিয়নের চরপাড়া-আতকাপাড়া চৌরাস্তা এলাকায় এ সভা হয়। এতে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মো. লুৎফুর রহমান মাস্টারের সভাপতিত্বে এবং জেলা ছাত্রদলের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মো. ইজাজুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন হোসেন্দী ইউনিয়ন পরিষদের সদস্য রুস্তম আলী ও স্বপন মেম্বার।
এ সময় উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি মাসুদ, হোসেন্দী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. এমদাদুল হক সোহেল, সাধারণ সম্পাদক বিল্লাল মিয়া, মৎস্যদলের সভাপতি নজরুল ইসলাম, চরপাড়া ওয়ার্ড বিএনপির সভাপতি ওয়াদুদ মিয়া এবং আতকাপাড়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মস্তুসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় বক্তারা বলেন, মোহাম্মদ সুরুজ মিয়া দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। তাঁর শিক্ষা, যোগ্যতা, ব্যক্তিত্ব ও সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক বিবেচনায় তাঁকে হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে দেখতে চান তাঁরা। সুরুজ মিয়া নির্বাচিত হলে দল-মতনির্বিশেষে এলাকার মানুষের কল্যাণে কাজ করবেন বলেও আশা প্রকাশ করেন বক্তারা।
চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে মোহাম্মদ সুরুজ মিয়া বলেন, ‘আমি সব সময় আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। আগামী দিনেও আপনাদের পাশে থাকতে চাই। আপনাদের সহযোগিতা ও ভালোবাসা নিয়ে একসঙ্গে পথ চলতে চাই। গত ১৭ বছরে দলের কোনো আন্দোলন-সংগ্রামে আমি এক মুহূর্তের জন্যও পিছিয়ে থাকিনি। দলের প্রতি আমার আস্থা ও বিশ্বাস রয়েছে।’
দলীয় সমর্থন পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, দল সঠিকভাবে যাচাই-বাছাই করে প্রার্থীর জনপ্রিয়তা বিবেচনা করলে তিনি হোসেন্দী ইউনিয়নে দলীয় সমর্থন পাবেন বলে আশা করেন।
সুরুজ মিয়া আরও বলেন, শুধু দলীয় সমর্থন পেলেই হবে না, জনগণের সমর্থনও প্রয়োজন। জনগণের ভালোবাসা ও সহযোগিতা ছাড়া নির্বাচনে সফল হওয়া সম্ভব নয়। অতীতে যেভাবে দলের, এলাকার মানুষের ও দেশের জন্য কাজ করেছেন, ভবিষ্যতেও সেভাবে কাজ করে যেতে চান তিনি।
তিনি বলেন, ‘আপনারা যদি আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেন, তাহলে আপনাদের দেওয়া আমানতের মর্যাদা রক্ষা এবং প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব। আপনাদের সঙ্গে নিয়ে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে চাই। আপনারা পাশে থাকলে ও সহযোগিতা করলে ইনশাআল্লাহ নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হওয়ার চেষ্টা করব।’
সভায় উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় ব্যক্তিরা সুরুজ মিয়ার প্রতি সমর্থন জানিয়ে তাঁকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চান বলে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন হোসেন্দী ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ সুরুজ মিয়া। আন্দোলনের কর্মসূচিতে অংশ নিতে গিয়ে রাজধানী ঢাকায় পুলিশের হাতে আটক হন তিনি। পরে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মুক্তি পান বলে জানা গেছে।
দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত সুরুজ মিয়া দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও সক্রিয় ভূমিকা পালন করেছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশের মধ্য দিয়ে হোসেন্দী ইউনিয়নের স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনায় এসেছেন তিনি।













Disqus comments are not configured yet.