মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
[gtranslate]
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

জাতীয় কারাতে প্রতিযোগিতায় স্বর্ণ জিতলেন গুরুদয়াল কলেজের ক্যাডেট মারিয়া

রেজুওয়ানুল হক পূর্ণ প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৫:১৯ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
জাতীয় কারাতে প্রতিযোগিতায় স্বর্ণ জিতলেন গুরুদয়াল কলেজের ক্যাডেট মারিয়া

জাতীয় পর্যায়ের কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতে চ্যাম্পিয়ন হয়েছেন কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের বিএনসিসি প্লাটুনের ক্যাডেট মোছা. মারিয়া আক্তার। ২য় জুনিয়র ন্যাশনাল কারাতে চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ এ সাফল্য অর্জন করেন তিনি। তাঁর এই অর্জনে গুরুদয়াল সরকারি কলেজ পরিবারে আনন্দ ও গর্বের আবহ তৈরি হয়েছে।

গত ২২ থেকে ২৪ অক্টোবর রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন পর্যায়ের প্রতিযোগীদের অংশগ্রহণে আয়োজিত জাতীয় পর্যায়ের এ আসরে স্বর্ণপদক জয়ের মধ্য দিয়ে মারিয়া নিজের ক্রীড়ানৈপুণ্য, অধ্যবসায় ও দৃঢ় মনোবলের পরিচয় দিয়েছেন।

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি।

প্রতিযোগিতা শেষে কলেজে ফিরলে ক্যাডেট মোছা. মারিয়া আক্তারকে উষ্ণ অভ্যর্থনা জানান গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. সিদ্দিকুল্লাহ এবং কলেজের বিএনসিসি প্লাটুনের প্লাটুন কমান্ডার (পিইউও) মো. মতিউর রহমান। তাঁদের এ অভ্যর্থনা মারিয়ার অর্জনের প্রতি প্রতিষ্ঠানের স্বীকৃতি ও উৎসাহের বহিঃপ্রকাশ।

মারিয়ার এ সাফল্য গুরুদয়াল সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের জন্য গৌরবের। তাঁর এই অর্জন কলেজের সুনাম বৃদ্ধির পাশাপাশি বিএনসিসির অন্যান্য ক্যাডেটকে ক্রীড়াক্ষেত্রে উৎকর্ষ সাধন এবং জাতীয় পর্যায়ে সাফল্য অর্জনে অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

গুরুদয়াল সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের পক্ষ থেকে ক্যাডেট মোছা. মারিয়া আক্তারকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে তাঁর ভবিষ্যৎ জীবনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়েছে।

পাকুন্দিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৬:৫৭ অপরাহ্ণ
পাকুন্দিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদক সেবনের দায়ে শাহীন আলম বাবু (৩০) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার তারাকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপম দাস পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাঁকে এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত শাহীন আলম বাবু উপজেলার তারাকান্দি মধ্যপাড়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। তিনি একসময় চা বিক্রি ও মোবাইল ফোন মেরামতের কাজ করতেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, শাহীন আলম বাবু দীর্ঘদিন ধরে মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে পাকুন্দিয়া থানার সহকারী পুলিশ পরিদর্শক কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল তাঁর বাড়িতে অভিযান চালায়। এ সময় তাঁকে বসতঘরে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় তাঁর কাছ থেকে মাদক সেবনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম, কয়েকটি দেশীয় অস্ত্র ও একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপম দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ ধারায় তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন (পিপিএম) বলেন, দণ্ডপ্রাপ্ত শাহীন আলম বাবুকে পুলিশি পাহারায় কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপম দাস বলেন, মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হচ্ছে। এ ছাড়া স্কুল-কলেজের সামনে ও বাজার এলাকায় বখাটেদের উৎপাত এবং ইভ টিজিংয়ের বিরুদ্ধেও অভিযান চালানো হচ্ছে।

কটিয়াদীতে কৃষিজমির গর্তের পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৬:২৪ অপরাহ্ণ
কটিয়াদীতে কৃষিজমির গর্তের পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাড়ির পাশের কৃষিজমির গর্তে জমে থাকা পানিতে ডুবে হুমাইসা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে পৌর এলাকার কামারকোনা মহল্লায় এ ঘটনা ঘটে। পরে শিশুটিকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হুমাইসা নরসিংদী সদর উপজেলার রকি মিয়ার মেয়ে। তার মা-বাবা ঢাকায় চাকরি করেন। পরিবারের বাড়ি নরসিংদীতে হলেও হুমাইসা ছোটবেলা থেকেই কটিয়াদী পৌর এলাকার কামারকোনা মহল্লায় তার নানাবাড়িতে থাকত।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ঘর থেকে বের হয়ে সবার অজান্তে বাইরে চলে যায় হুমাইসা। পরে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের কৃষিজমির একটি গর্তে জমে থাকা পানিতে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান তাঁরা।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা সৈয়দ শাহরিয়ার শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কিশোরগঞ্জে দুই পক্ষের কর্মসূচি, চাঁদাবাজিতে ‘জিরো টলারেন্স’ বার্তা

নূর আহাম্মদ পলাশ প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৪:০১ অপরাহ্ণ
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কিশোরগঞ্জে দুই পক্ষের কর্মসূচি, চাঁদাবাজিতে ‘জিরো টলারেন্স’ বার্তা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে পৃথক কর্মসূচি পালন করেছে জেলা যুবদলের দুই পক্ষ। মঙ্গলবার (২৭ অক্টোবর) শহরের বিভিন্ন স্থানে আনন্দ র‍্যালি ও সমাবেশের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। পৃথক কর্মসূচিতে নেতারা সংগঠনের কার্যক্রম, রাষ্ট্র গঠনে যুবদলের ভূমিকা এবং চাঁদাবাজি ও টেন্ডারবাজির বিরুদ্ধে বক্তব্য দেন।

জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মোশতাক আহমেদ শাহীনের নেতৃত্বে একটি আনন্দ র‍্যালি পুরাতন স্টেডিয়াম থেকে শুরু হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি রুহুল হোসাইন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খালেদ সাইফুল্লাহ সোহেল খান বলেন, “বাংলাদেশ যুবদল অত্যন্ত শক্তিশালী একটি সংগঠন এবং বিগত সব সংগ্রামে এটি অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, শহীদ জিয়ার আদর্শ ধারণ করে দল পরিচালনা করুন।”

চাঁদাবাজি ও টেন্ডারবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “দলের কারও বিরুদ্ধে চাঁদাবাজি বা টেন্ডারবাজির অভিযোগ পাওয়া গেলে তারেক রহমানের এই দলে তাদের কোনো স্থান হবে না।”

এ কর্মসূচিতে জেলা যুবদলের সহসভাপতি জাহাঙ্গীর হোসেন, ফয়েজ উল্লাহ আল মামুন ও মাজেদুল হক বাবু; যুগ্ম সাধারণ সম্পাদক রিজুয়ানুল আলম জোসেফ ও জাহাঙ্গীর হোসেন; সহদপ্তর সম্পাদক শফিকুল ইসলাম সুমন; এহসানুর মুবাশ্বির মারুফ; সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মাসুম বিল্লাহ; জেলা যুবদলের সদস্য মহরম মিয়া; জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভীন এবং সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমনের আয়োজনে আরেকটি আনন্দ র‍্যালি বের করা হয়। রথখোলা থেকে শুরু হওয়া র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আখড়া বাজার ব্রিজসংলগ্ন নজরুল চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম। বক্তব্যে তিনি বলেন, “বিগত সময়ে যুবদলের কার্যক্রম যেমন প্রশংসিত ছিল, আমি আশা করি আগামী দিনেও রাষ্ট্র গঠনে তারা অগ্রণী ভূমিকা পালন করবে।”

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী ইসরাইল মিয়া। এ ছাড়া জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই পক্ষের পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে শহরের বিভিন্ন সড়ক ও সমাবেশস্থলে নেতাকর্মীদের স্লোগান শোনা যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, উভয় পক্ষের কর্মসূচিই শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। তবে জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ শারীরিক অসুস্থতার কারণে কোনো কর্মসূচিতে অংশ নেননি।

দলীয় নেতাকর্মীদের পৃথক কর্মসূচি জেলা যুবদলের অভ্যন্তরীণ বিভাজনের ইঙ্গিত দিচ্ছে বলে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।