পাকুন্দিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদক সেবনের দায়ে শাহীন আলম বাবু (৩০) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার তারাকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপম দাস পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাঁকে এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত শাহীন আলম বাবু উপজেলার তারাকান্দি মধ্যপাড়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। তিনি একসময় চা বিক্রি ও মোবাইল ফোন মেরামতের কাজ করতেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, শাহীন আলম বাবু দীর্ঘদিন ধরে মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে পাকুন্দিয়া থানার সহকারী পুলিশ পরিদর্শক কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল তাঁর বাড়িতে অভিযান চালায়। এ সময় তাঁকে বসতঘরে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় তাঁর কাছ থেকে মাদক সেবনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম, কয়েকটি দেশীয় অস্ত্র ও একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপম দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ ধারায় তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন (পিপিএম) বলেন, দণ্ডপ্রাপ্ত শাহীন আলম বাবুকে পুলিশি পাহারায় কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপম দাস বলেন, মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হচ্ছে। এ ছাড়া স্কুল-কলেজের সামনে ও বাজার এলাকায় বখাটেদের উৎপাত এবং ইভ টিজিংয়ের বিরুদ্ধেও অভিযান চালানো হচ্ছে।














Disqus comments are not configured yet.